ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান


বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য বিদায়ী চেয়ারম্যান আবদুর রহমান খান বাংলাদেশে বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন।

সরকারি প্রজ্ঞাপন জারি হলে তিনি বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

বর্তমানে, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সাবেক জ্যেষ্ঠ সচিব শরীফা খান বাংলাদেশে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক পদে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট একজন সূত্র জানিয়েছে যে, ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় আবদুর রহমান খানের নিয়োগ সংক্রান্ত ফাইলের অনুমোদন দিয়েছে।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় সাঁতার কাটতে গিয়ে হাঙরের আক্রমণে ৬৫ বছরের নারীর মৃত্যু

বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদে সদস্য দেশগুলোর প্রতিনিধিত্ব করেন। তিনি ঋণ, অনুদান, উন্নয়ন প্রকল্প, নীতিগত সিদ্ধান্ত এবং বিভিন্ন আর্থিক কার্যক্রম সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অংশ নেন।

অন্যদিকে, বিকল্প নির্বাহী পরিচালক নির্বাহী পরিচালকের অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন করেন এবং পরিচালনা পর্ষদের কার্যক্রমে সহায়তা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় সড়ক দুর্ঘটনার জেরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

১১:৫২ পি.এম


কুমিল্লায় সড়ক দুর্ঘটনার জেরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

কুমিল্লার চান্দিনা উপজেলায় একটি সড়ক দুর্ঘটনার ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এর ফলে ঢাকাগামী যাত্রী ও দূরপাল্লার পরিবহনের যাত্রীরা চরম দুর্ভোগের সম্মুখীন হন।

বুধবার দুপুর পৌনে তিনটার দিকে উপজেলার নূরীতলা এলাকায় একটি লরি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে পাশের পুকুরে পড়ে যায়। এই দুর্ঘটনায় সিএনজির চালকসহ দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন।

দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত লরিটি উদ্ধার করতে প্রায় এক ঘণ্টা সময় লেগেছে। এই সময় ঢাকামুখী লেন বন্ধ থাকার কারণে যানজট দ্রুত তীব্র আকার ধারণ করে। এমনকি একপর্যায়ে বুড়িচং উপজেলার ময়নামতি পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের বিশাল সারি তৈরি হয়।

যানজটে আটকে পড়া সততা পরিবহনের যাত্রী শরীফুল ইসলাম জানান, তিনি চান্দিনা বাসস্টেশন থেকে রাত ৮টার দিকে মাধাইয়া স্টেশনের উদ্দেশে রওনা দিলেও হাড়িখোলা পর্যন্ত এক কিলোমিটার পথ অতিক্রম করতে এক ঘণ্টারও বেশি সময় লেগেছে। তিনি আরও অভিযোগ করেন যে, বিপরীত দিক থেকে আসা যানবাহন নিয়ম ভেঙে এক লেন ব্যবহার করায় যানজটের পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

রাত ১০টা পর্যন্ত ধীরে ধীরে ঢাকামুখী যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির শিকদার জানান, দুর্ঘটনাকবলিত লরি উদ্ধার করতে প্রায় এক ঘণ্টা সময় লেগেছে। তিনি বলেন, এই সময় ঢাকামুখী লেন বন্ধ থাকায় যানজটের সৃষ্টি হয়েছে। বর্তমানে যানবাহন চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

১১:৫৬ পি.এম


সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব

প্রেস কাউন্সিলকে অধিকতর শক্তিশালী, কার্যকর ও গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য আইন সংশোধনের প্রস্তাব করা হয়েছে, এমনটাই জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি বলছেন, এই সংশোধনীতে সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থার প্রস্তাব করা হবে।

বুধবার জাতীয় সংসদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি উল্লেখ করেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা পেশাদারিত্ব, জবাবহিদিতা ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিতকরণের ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ। মোবাইল জার্নালিজমের নামেই অনুমোদনহীন, অপেশাদার বা অনৈতিক কার্যক্রম সরকার সমর্থন করে না। এই কারণে ১৯৭৪ সালের প্রেস কাউন্সিল আইনকে যুগোপযোগী করে প্রেস কাউন্সিলকে শক্তিশালী করার উদ্দেশ্যে আইন সংশোধনের প্রস্তাব করা হয়েছে।

এই সংশোধনীতে সাংবাদিকদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা, মিথ্যা, হয়রানিমূলক এবং নীতি-নৈতিকতা বিরোধী সংবাদ প্রকাশের ক্ষেত্রে আর্থিক জরিমানা আরোপ করার প্রস্তাব অন্তর্ভুক্ত থাকবে।

সংরক্ষিত নারী আসনের সদস্য সেলিনা সুলতানার এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী উল্লেখ করেছেন, পরিবর্তিত প্রযুক্তিগত পরিবেশ, ডিজিটাল সম্প্রচার ব্যবস্থার উন্নয়ন, অনলাইন ও ওটিটি প্ল্যাটফর্মের সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য বিধানের লক্ষ্যে ইলেকট্রনিক মিডিয়ায় বিজ্ঞাপন প্রচারসংক্রান্ত নীতিমালা পর্যালোচনা, প্রয়োজনীয় সংশোধন, পরিমার্জন ও পরিবর্ধনের বিষয়টি সরকার যথাযথভাবে বিবেচনায় নিয়েছে।

সংরক্ষিত আসনের সদস্য আরিফা সুলতানার প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জহির উদ্দিন বলেন, পডকাস্ট, ব্লগিং এবং ইনফ্লুয়েন্সারভিত্তিক ডিজিটাল কনটেন্টের বিষয়বস্তু, প্রচার ও প্রকাশের ক্ষেত্রে প্রচলিত আইন, বিধিবিধান এবং নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ডিজিটাল মাধ্যমের দ্রুত বিকাশ, প্রযুক্তিগত পরিবর্তন এবং মতপ্রকাশের স্বাধীনতা ও জনস্বার্থের মধ্যে ভারসাম্য বজায় রেখে একটি যুগোপযোগী নীতিগত কাঠামো প্রণয়নের বিষয়টি সরকার পর্যালোচনা করছে।

যশোর-৬ আসনের সংসদ সদস্য মো. মোক্তার আলীর প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, বাংলাদেশে মোট ৩ হাজার ৩৩৮টি নিবন্ধিত পত্রিকা রয়েছে। এর মধ্যে দৈনিক পত্রিকা ১ হাজার ৪৩৬টি, সাপ্তাহিক পত্রিকা ১ হাজার ২৩১টি, মাসিক পত্রিকা ৪৫২টি, পাক্ষিক পত্রিকা ২১৫টি এবং অর্ধসাপ্তাহিক, দ্বিমাসিক, ত্রৈমাসিক, ষাণ্মাসিক ও বার্ষিক পত্রিকার সংখ্যা ৫৪।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুক্তি বাতিল ট্রাম্পের, টার্গেট ইরানী নেতৃত্ব! ন্যাটো যুদ্ধে জড়ালে জড়াবে চীন-রাশিয়াও?

আন্তর্জাতিক ডেস্ক

এম এ সাঈদ

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

১১:৫৭ পি.এম


চুক্তি বাতিল ট্রাম্পের, টার্গেট ইরানী নেতৃত্ব! ন্যাটো যুদ্ধে জড়ালে জড়াবে চীন-রাশিয়াও?

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা সাময়িকভাবে স্তিমিত হলেও যুদ্ধের আগুন যে পুরোপুরি নিভে গেছে, এমনটি মনে করার কোনো সুযোগ নেই। বরং সাম্প্রতিক কূটনৈতিক বক্তব্য, পাল্টাপাল্টি হুঁশিয়ারি, তুরস্কের ন্যাটোর বৈঠকে ইরানের সাথে করা ডোনাল্ড ট্রাম্প কর্তৃক চুক্তি প্রত্যাখ্যান, যুক্তরাষ্ট্রের পক্ষে ন্যাটো প্রধানের বার্তা এবং নতুন করে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তনের ইঙ্গিত এ অঞ্চলে আরেকটি অস্থির সময়ের পূর্বাভাস দিচ্ছে। এ বাস্তবতায় ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা সময়ের দাবি।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের লক্ষণ ইতিমধ্যে স্পষ্ট হয়েছে। যাতে আশংকা তৈরি হয়েছে যেকোনো সময় যুদ্ধ দেশগুলোর মধ্যে ভয়াবহ যুদ্ধ বেঁধে যেতে পারে। কারণ হামলা না করার শর্তে উভয় দেশই সম্মত হওয়ার পরেও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষকৃত্য অনুষ্ঠানের মাঝেই ইরানে হামলা ও মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ৮৫টি লক্ষ্যবস্তুতে ইরানের ভয়াবহ পাল্টা হামলাই প্রমাণ করে উভয় পক্ষই আর যুদ্ধবিরতি মানছে না।

ইরানের সাম্প্রতিক অভিজ্ঞতা বলছে, আধুনিক যুদ্ধ শুধু সীমান্তে হয় না; এটি পরিচালিত হয় গোয়েন্দা অভিযান, লক্ষ্যভিত্তিক হামলা, সাইবার আক্রমণ এবং নেতৃত্বকে অস্থিতিশীল করার বহুমাত্রিক কৌশলের মাধ্যমে। ফলে ইরানের শীর্ষ নেতৃবৃন্দ ও সামরিক কর্মকর্তাদের প্রকাশ্য কর্মসূচি, বড় জনসমাবেশে অংশগ্রহণ কিংবা নিরাপত্তাহীন চলাফেরা এ মুহূর্তে ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।

ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য ও অবস্থান পরিবর্তনের ইঙ্গিত অনেক পর্যবেক্ষকের মধ্যেই নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি ও সমঝোতা নিয়ে ওয়াশিংটনের অবস্থান আদৌ কতটা স্থায়ী—সেই প্রশ্ন আবার সামনে এসেছে। অনেক বিশ্লেষকের মতে, মার্কিন অভ্যন্তরীণ রাজনীতি, শক্তিশালী ইসরাইলপন্থী লবির প্রভাব এবং আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য রক্ষার কৌশল যুক্তরাষ্ট্রকে পুনরায় সংঘাতের দিকে ঠেলে দিতে পারে।

কিন্তু এখানে একটি বাস্তবতা অস্বীকার করার সুযোগ নেই—ইরান আগের ইরান নয়। গত কয়েক বছরে দেশটি তার ক্ষেপণাস্ত্র সক্ষমতা, ড্রোন প্রযুক্তি এবং আঞ্চলিক কৌশলগত প্রভাব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। ফলে ইরানের বিরুদ্ধে যেকোনো বৃহৎ সামরিক অভিযান আর একতরফা বা স্বল্পমেয়াদি হবে বলে ধরে নেওয়া কঠিন। বরং এর প্রতিক্রিয়া সমগ্র মধ্যপ্রাচ্যকে নতুন অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে।

যদি আবার কোনো নতুন সংঘাত শুরু হয়, তবে তার প্রভাব শুধু তেহরান, তেল আবিব বা ওয়াশিংটনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বৈশ্বিক জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য পথ, সামুদ্রিক নিরাপত্তা এবং বৃহৎ শক্তিগুলোর ভূ-রাজনৈতিক অবস্থানও সরাসরি এর দ্বারা প্রভাবিত হবে। বিশেষ করে এমন একটি পরিস্থিতি সৃষ্টি হলে, যেখানে আঞ্চলিক সংঘাত বৃহৎ শক্তিগুলোর কৌশলগত স্বার্থকে সরাসরি স্পর্শ করবে, তখন আন্তর্জাতিক অঙ্গনে আরও জটিল ও বিপজ্জনক সমীকরণ তৈরি হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

সেক্ষেত্রে তুরস্কে ন্যাটো প্রধানের ইরান বিরোধী বক্তব্যের ইঙ্গিত যদি যুক্তরাষ্ট্রের যুদ্ধের সমর্থনে হয় এবং বাস্তবে ন্যাটো যদি মধ্যপ্রাচ্যের যুদ্ধে কোনভাবে জড়িয়ে পড়ে তাহলে  মধ্যপ্রাচ্যে নিজেদের স্বার্থ থাকায় সেই স্বার্থ রক্ষার্থে এবং যুক্তরাষ্ট্রের একক বিশ্ব পরাশক্তির কর্তৃত্ব ধ্বংস করতে অপর বিশাল পরমাণু শক্তিধর পরাশক্তি চীন এবং রাশিয়া এবং উত্তর কোরিয়া কিম্বা তাদের মিত্র শক্তিগুলো যৌথভাবে প্রকাশ্যে যুদ্ধের ময়দানে জড়িয়ে পড়লেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। আর সেটিই হতে পারে বিশ্ব ধ্বংসের তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা।

ইতিহাস বারবার প্রমাণ করেছে, ভুল হিসাব-নিকাশ, অতিরিক্ত আত্মবিশ্বাস কিংবা প্রতিপক্ষের সক্ষমতাকে অবমূল্যায়ন বড় বড় শক্তিকেও বিপদের মুখে ফেলেছে। মধ্যপ্রাচ্যের বর্তমান বাস্তবতাও সেই শিক্ষার বাইরে নয়। তাই যুদ্ধের ভাষার চেয়ে কূটনীতির ভাষা, সামরিক প্রদর্শনের চেয়ে রাজনৈতিক প্রজ্ঞা এবং আবেগের চেয়ে দূরদর্শিতাই আজ অধিক প্রয়োজন।

বিশ্ব এমন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, যখন একটি আঞ্চলিক যুদ্ধ মুহূর্তেই বৈশ্বিক সংকটে রূপ নিতে পারে শুরু হতে পারে বিশ্ব শক্তির লড়াই। তাই মধ্যপ্রাচ্যের প্রতিটি নতুন উত্তেজনা কেবল একটি অঞ্চলের সমস্যা নয়; এটি সমগ্র মানবসভ্যতার জন্য উদ্বেগের বিষয়। কারণ আরেকটি বড় যুদ্ধ যদি সত্যিই শুরু হয় আর কোনভাবে ডোনাল্ড ট্রাম্প যদি ন্যাটোকে ইরান যুদ্ধে টানতে পারেন, তবে মার্কিন বিরোধী চীন, রাশিয়া, উঃ কোরিয়া ও তাদের মিত্রশক্তি ইরানের পক্ষে না হলেও নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হলে তার আগুনে শুধু কয়েকটি রাষ্ট্রের সীমানাই নয়, পুড়ে যেতে পারে বহু দশকের অর্জিত বৈশ্বিক স্থিতিশীলতা ও মানবিক অগ্রগতির ইতিহাস - যা মানব সভ্যতা ধ্বংসের জন্য যথেষ্ট।
লেখকঃ সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ফিফা বিশ্বকাপ ২০২৬

বিশ্বকাপে অনন্য ইতিহাসের সামনে স্পেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

১২:০৩ এম


বিশ্বকাপে অনন্য ইতিহাসের সামনে স্পেন

চলতি ফিফা বিশ্বকাপে দুর্দান্ত গতিতে থাকা স্পেনের সামনে এখন ইতিহাস গড়ার সুযোগ এসেছে। টুর্নামেন্টে এ পর্যন্ত একটি গোলও হজম না করা লা রোহারা এমন একটি কীর্তির দ্বারপ্রান্তে রয়েছে, যা বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে কোনো দলই এভাবে সম্পন্ন করতে পারেনি।

শেষ ষোলোর ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর নেতৃত্বে পর্তুগালকে ১-০ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে লুইস দে লা ফুয়েন্তের দল। সেই জয়ের সময়ও তাদের রক্ষণভাগ ছিল অক্ষত। ফলে, গ্রুপ পর্বের তিনটি ম্যাচ এবং নকআউটের দু'টি ম্যাচে মিলিয়ে পাঁচটি ম্যাচ খেলেও স্পেন এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি।

চলতি আসরে অংশ নেওয়া অন্যান্য সব দল অন্তত একবার হলেও গোল খেয়েছে, কিন্তু একমাত্র ব্যতিক্রম হিসেবে স্পেন এই নজির স্থাপন করেছে। গোলরক্ষক উনাই সিমনের চমত্কার পারফরম্যান্স এবং সংগঠিত ও সুদৃঢ় রক্ষণভাগ প্রতিপক্ষের সব আক্রমণকে সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে।

বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত কোন দল চ্যাম্পিয়ন বা রানার্স-আপ হওয়ার পরও পুরো টুর্নামেন্টে একটিও গোল না খাওয়ার নজির স্থাপন করতে পারেনি। তাই যদি স্পেন কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালেও ক্লিন শিট বজায় রাখতে পারে, তাহলে সেটি হবে বিশ্বকাপের ইতিহাসে একটি অনন্য রেকর্ড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%