০৫:০৫ পি.এম
বিশ্বকাপে অন্যতম ফেবারিট হিসেবে ধরা হচ্ছে ইউরোপের দেশ স্পেনকে। তাদের গ্রুপে ইতিমধ্যে চ্যাম্পিয়ন হয়েছে দলটি। কিন্তু শীর্ষস্থান নিশ্চিতের দিন একটি শঙ্কাও দেখা দিয়েছে একবারের চ্যাম্পিয়নদের জন্য। দলটি হারাতে পারে তাদের আক্রমণভাগের তারকা ইয়েরেমি পিনোকে।
উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলের জয় পাওয়া ম্যাচের শেষ দিকে এক ভয়াবহ ট্যাকলে আহত হন দলের ফরোয়ার্ড ইয়েরেমি পিনো। প্রাথমিক ধারণা হচ্ছে, তার কলারবোন (কাঁধের হাড়) ভেঙে গেছে।
ম্যাচ শেষে স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে জানান, ‘মনে হচ্ছে ইয়েরেমির কলারবোন ভেঙে গেছে। আগামীকাল তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হবে। পরে চোটের প্রকৃত অবস্থা জানা যাবে।’ খেলার সময় আগেই নির্ধারিত সব বদলি ব্যবহার করে ফেলেছিল স্পেন। তাই পিনো চোট নিয়েই শেষ পর্যন্ত মাঠে থেকে খেলা সম্পন্ন করেন।
আরও পড়ুন: ১৬ বছর আগের ঘটনায় জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানায় ফাঁসলেন রাখি সাওয়ান্ত
নিজের খেলোয়াড়ের সাহসিকতার প্রশংসা করে দে লা ফুয়েন্তে বলেন, ‘ইয়েরেমি অনেক কষ্ট সহ্য করেছে। সম্ভবত কলারবোন ভাঙা অবস্থাতেই ম্যাচের শেষ পর্যন্ত খেলেছে। এটা সত্যিই বীরত্বপূর্ণ একটি প্রচেষ্টা। তার এই আত্মত্যাগের জন্য আমি এবং পুরো দল তার প্রতি কৃতজ্ঞ।’
ম্যাচের ৬৫তম মিনিটে আলেক্স বায়েনার বদলি হিসেবে মাঠে নামেন ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। উল্লেখ্য, বায়েনার করা একমাত্র গোলেই উরুগুয়েকে হারিয়ে স্পেন জয় নিশ্চিত করে।
ইংলিশ ক্লাব ক্রিস্টাল প্যালেসের হয়ে খেলা পিনো স্পেনের জার্সিতে এখন পর্যন্ত ২৫টি ম্যাচ খেলেছেন এবং করেছেন চারটি গোল। চলমান বিশ্বকাপে কেপ ভার্ডের বিপক্ষে গোলশূন্য ড্র হওয়া প্রথম ম্যাচ ছাড়া বাকি সব ম্যাচেই তাকে খেলিয়েছেন কোচ দে লা ফুয়েন্তে।
গ্রুপ ‘এইচ’-এর শীর্ষ দল হিসেবে স্পেন দ্বিতীয় রাউন্ডে উঠেছে এবং এখন অপেক্ষা করছে শেষ ষোলোর প্রতিপক্ষের। তাদের প্রতিপক্ষ হবে গ্রুপ ‘জে’-এর রানার্সআপ দল, যেখানে অস্ট্রিয়া ও আলজেরিয়া দ্বিতীয় স্থান দখলের লড়াইয়ে রয়েছে।
আরও পড়ুন: হুইপ দুলুর আকস্মিক হাসপাতাল পরিদর্শন, অনুপস্থিত চিকিৎসকদের শোকজের নির্দেশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন