০৫:০৭ পি.এম
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত একটি রেস্টুরেন্টে দেড় থেকে দুই বছর বয়সী পাকিস্তানি শিশু নাফিসা ভুল বশত: ফেলে গিয়েছে। প্রশাসন শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করেছে। শিশুটিকে নিয়ে পরিবারটি পুনরায় কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়।
শনিবার (২৭ জুন) বিকেল ৩টার দিকে মোস্তাফাপুর এলাকায় জাইতুন রেস্টুরেন্টে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায় শিশুটিকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন। এ সময় উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ইউএনও সুজন চন্দ্র রায় জানান, প্রথমে ধারণা করা হয়েছিল শিশুটির পরিবার ভারতের কাশ্মির থেকে এসেছে। তবে শিশুটিকে নিতে আসা স্বজনদের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া যায়, তারা পাকিস্তানের নাগরিক। পরিবারটি পাকিস্তান থেকে বাংলাদেশে বেড়াতে এসেছে। তারা শনিবার সকালে দুটি গাড়িতে করে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছিল।
আরও পড়ুন: দ্রুত সময়ে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক দৃশ্যমান হবে: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
তিনি আরও জানান, সকালে জাইতুন রেস্টুরেন্টে নাস্তা শেষে পরিবারটি যাত্রা শুরু করে। এক গাড়িতে ছিলেন শিশুটির বাবা-মা, আর অন্য গাড়িতে ছিলেন দাদা-দাদুসহ অন্যান্য স্বজন। বাবামার ধারণা ছিল নাফিসা দাদা-দাদুর গাড়িতে উঠেছে, আর দাদা-দাদুর ধারণা ছিল সে বাবা-মায়ের গাড়িতে রয়েছে। এই ভুল বোঝাবুঝির কারণে শিশুটি রেস্টুরেন্টেই থেকে যায়।
পরবর্তীতে চট্টগ্রামের কর্ণফুলী টানেল এলাকায় পৌঁছে শিশুটিকে না পেয়ে পরিবারটি বিষয়টি বুঝতে পারে। তারা দ্রুত কুমিল্লার দিকে ফিরে আসে। অন্যদিকে, রেস্টুরেন্ট কর্তৃপক্ষ শিশুটিকে দেখে সদর দক্ষিণ মডেল থানার পুলিশকে খবর দেয়। উপজেলা সমাজসেবা অফিস পরিবারের সঙ্গে যোগাযোগ করে শিশুটির অবস্থান নিশ্চিত করে।
জাইতুন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী লুৎফুর রহমান রিপন বলেন, পরিবারটি চলে যাওয়ার পর তারা শিশুটিকে রেস্টুরেন্টে একা দেখতে পান এবং দ্রুত পুলিশকে বিষয়টি জানানো হয়।
সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, রেস্টুরেন্ট কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে সমাজসেবা অফিসের সহায়তায় পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনানুগ প্রক্রিয়ায় শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: নারী শিল্পীদের উপস্থিতি নিয়ে আপত্তির কারণে সুনামগঞ্জে বাউল গানের আসর বন্ধ
শিশুকে ফিরে পেয়ে পরিবারের সদস্যরা স্বস্তি প্রকাশ করেন এবং তারা পুনরায় কক্সবাজারের উদ্দেশে যাত্রা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন