ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান


পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নওগাঁর পোরশায় জাতীয় আদিবাসী পরিষদ পোরশা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার নিতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এ সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১(পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান। সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি, রাজশাহীর সভাপতি গনেশ মার্ডী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়।অনুষ্ঠানে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা দেবাশীষ প্রামাণিক দেবু, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট বাবুল রবিদাস, কোষাধ্যক্ষ সুধীর তিকী, সদস্য সুশেন কুমার শ্যানদুয়ার, অ্যাডভোকেট সাব্বির চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাদেকুল ইসলাম (সাদেক), সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার জাহান চৌধুরী (লাবু) এবং পোরশা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোতাহার হোসেন সুফি শাহ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রূপচান লাকড়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক প্রদীপ লাকড়া।সম্মেলনে জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা কমিটির সভাপতি আমিন কুজুর, সাধারণ সম্পাদক দিপংকর লাকড়া, রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক মুকুল বিশ্বাস, রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক ছোটন সরদার, পত্নীতলা উপজেলা শাখার সভাপতি সুবোধ উরাওসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সম্মেলনে জাতীয় আদিবাসী পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, আদিবাসী জনগোষ্ঠীর বিভিন্ন দাবি-দাওয়া, অধিকার ও সামাজিক উন্নয়নসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় বাল্যবিবাহ ও মাদক থেকে তাদের দূরে রাখতে পরিবার ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।তিনি উপস্থিত অভিভাবকদের বাল্যবিবাহ না দেওয়ার এবং কোনো সন্তানকে মাদকদ্রব্যের সঙ্গে জড়িত হতে না দেওয়ার বিষয়ে শপথ করান। কোনো এলাকায় বাল্যবিবাহের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানায় জানানোর জন্য তিনি আহ্বান জানান।অনুষ্ঠানে সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান তাঁর নিজস্ব তহবিল থেকে জাতীয় আদিবাসী পরিষদের আয়োজনে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। একই সঙ্গে তিনি দুর্গাপূজার জন্য ২ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন।তিনি বলেন, সমাজের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।পরে সম্মেলন শেষে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী গান, নৃত্যসহ নানা পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্গাপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


দুর্গাপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

রাজশাহীর দুর্গাপুরে তিন মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ আরিফ আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে এসআরবি।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর সোয়া ৩টার দিকে জংলীপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আরিফ আলী উপজেলার ঝালুকা গ্রামের মোঃ মুনছুর রহমানের ছেলে।

শুক্রবার বিকালে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহীর সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

সিআরবি জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পারিবারিক আদালত আইন, ২০১৩-এর ১৭(৫) ধারায় তিন মাসের সাজা রয়েছে।

শুক্রবার বিকালে তাকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইথিওপিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করেছে ইরিত্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১০ পি.এম


ইথিওপিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করেছে ইরিত্রিয়া

আফ্রিকায় চলমান তীব্র সামরিক উত্তেজনার মধ্যে ইরিত্রিয়া প্রতিবেশী দেশ ইথিওপিয়ার সঙ্গে সকল ধরনের কূটনৈতিক সম্পর্ক সম্পূর্ণরূপে ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। ইথিওপিয়া সরকার আদ্দিস আবাবায় নিযুক্ত ইরিত্রিয়ার রাষ্ট্রদূতসহ ১০ জন কূটনীতিককে বহিষ্কার করার পাশাপাশি রাজধানী আসমারায় তাদের দূতাবাস বন্ধ করার সিদ্ধান্তের পর এই পাল্টা পদক্ষেপ গ্রহণ করেছে ইরিত্রিয়া।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ইরিত্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানায়, ইথিওপিয়ার একতরফা ও শত্রুতামূলক আচরণের প্রতিক্রিয়া হিসেবে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বিকল্প তাদের কাছে আর ছিল না।

বহিস্কার ও পাল্টাপাল্টি অভিযোগ

সংকটের সূচনা ঘটে যখন ইথিওপিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ১০ জন এরিট্রীয় কূটনীতিককে 'পারসোনা নন গ্রাটা' (অবাঞ্ছিত ব্যক্তি) ঘোষণা করে এবং ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দেয়। ইথিওপিয়ার দাবি, এসব কূটনীতিক দেশের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি সৃষ্টি করছিলেন।

অন্যদিকে, ইরিত্রিয়া সরকার ইথিওপিয়ার এই পদক্ষেপকে উসকানিমূলক হিসেবে আখ্যায়িত করেছে। আসমারার অভিযোগ, লোহিত সাগরে সরাসরি প্রবেশাধিকার পাওয়ার উচ্চাকাঙ্ক্ষা থেকে ইথিওপিয়াই মূলত অঞ্চলে সংঘাত ছড়িয়ে দিচ্ছে এবং ইরিত্রিয়ার অভ্যন্তরীণ বিরোধীদের অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা করছে।

মিসরীয় কূটনীতিককেও বহিষ্কার

এই সংকটের প্রভাব কেবল ইথিওপিয়া ও ইরিত্রিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। টিগ্রায় অঞ্চলের বিদ্রোহীদের সমর্থনের অভিযোগে ইথিওপিয়া সরকার একজন উচ্চপদস্থ মিসরীয় কূটনীতিককেও দেশত্যাগের নির্দেশ দিয়েছে। এর প্রতিক্রিয়ায় মিসরও কায়রোতে অবস্থানরত ইথিওপীয় দূতাবাসের এক কাউন্সিলরকে ৪৮ ঘণ্টার মধ্যে বহিষ্কার করেছে।

আফ্রিকায় নতুন যুদ্ধের আশঙ্কা

ইথিওপিয়ার কেন্দ্রীয় বাহিনী এবং টিগ্রায় পিপলস লিবারেশন ফ্রন্ট (TPLF)-সহ বিরোধী সশস্ত্র জোটের মধ্যে চলমান লড়াই দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। ইথিওপিয়ার আফার অঞ্চলের প্রধান প্রশাসকের দাবি, এরিট্রীয় সেনারা সীমান্ত অতিক্রম করে বিদ্রোহী জোটে যোগ দিয়ে ইথিওপীয় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে।

২০২০-২০২২ সালের গৃহযুদ্ধের পর এটি এই অঞ্চলের সবচেয়ে বড় সামরিক উত্তেজনা। দীর্ঘদিনের ভূ-রাজনৈতিক বিরোধ এবং লোহিত সাগরের বাণিজ্য পথ নিয়ে টানাটানির কারণে পুরো শিং আফ্রিকা (Horn of Africa) অঞ্চলে একটি নতুন ও দীর্ঘমেয়াদী যুদ্ধের আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মার্কিন প্রতিনিধি পরিষদসহ আন্তর্জাতিক সম্প্রদায় উভয় পক্ষকেই অবিলম্বে শান্তি আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইইউ যুক্তরাষ্ট্রের ডিজেল রপ্তানি বন্ধের হুমকি প্রত্যাখ্যান করেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১১ পি.এম


ইইউ যুক্তরাষ্ট্রের ডিজেল রপ্তানি বন্ধের হুমকি প্রত্যাখ্যান করেছে

বিশ্বজুড়ে সৃষ্ট জ্বালানি সংকটের প্রেক্ষাপটে ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের মধ্যে তীব্র টানাপোড়েন দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউরোপ যদি তাদের জরুরি জ্বালানি মজুদ (ডিজেল স্টক) থেকে বাজারে সরবরাহ বাড়াতে ব্যর্থ হয়, তবে ডিজেল রপ্তানি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এই হুমকিকে ইউরোপীয় ইউনিয়ন 'সম্পূর্ণ প্রত্যাখ্যান' করেছে।

ইউরোপীয় কমিশনের মুখপাত্র আন্না-কাইসা ইতকোনেন এই বিষয়ে ইইউর কঠোর অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, “ডিজেল রপ্তানি বন্ধ করার এই হুমকি কোনো পক্ষকেই সুফল দেবে না। এমন সিদ্ধান্ত একটি নির্ভরযোগ্য সহযোগী হিসেবে যুক্তরাষ্ট্রের ওপর আমাদের যে আস্থা রয়েছে, তা মারাত্মকভাবে ক্ষুণ্ণ করবে।”

সংকট মোকাবিলায় ইউরোপীয় কমিশন জরুরি প্রস্তুতি নিচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, ইইউ’র 'অয়েল কোঅর্ডিনেশন গ্রুপ'-এর পরবর্তী বৈঠক আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে এই মিটিং আগেই ডেকে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

যুক্তরাষ্ট্রের চাপ ও প্রেক্ষাপট:

ইরান সংকটের ফলে বিশ্ববাজারে এবং যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এই জ্বালানি সংকট নিয়ন্ত্রণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জানান, ইউরোপ যদি ডিজেলের উর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে তাদের আপদকালীন স্টক থেকে জ্বালানি সরবরাহ না করে, তবে যুক্তরাষ্ট্রের ডিজেল রপ্তানি সীমিত বা বন্ধের কথা ভাবা হতে পারে। এরপর যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ইউরোপীয় মিত্রদের অবিলম্বে জরুরি জ্বালানি মজুদ ব্যবহারে চাপ সৃষ্টি করেন।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাত ও ইউক্রেন যুদ্ধের প্রভাবে ইতিমধ্যেই ইউরোপের বাজার অস্থির হয়ে উঠেছে। এ অবস্থায় আটলান্টিকের দুই পাড়ের শক্তিশালী মিত্রদের মধ্যে এই জ্বালানি সংঘাত বিশ্ব অর্থনীতি ও তেলের বাজারে আরও বড় ধরনের অস্থিরতার সৃষ্টি করতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১২ পি.এম


তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী

ঢাকা, ২ অক্টোবর, ২০২৬ : সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী উল্লেখ করেছেন, তরুণ প্রজন্মকে উগ্রবাদ, সাম্প্রদায়িকতা এবং বিভিন্ন ধরনের সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

মন্ত্রী আরও বলেন, অপসংস্কৃতির প্রভাব থেকে সমাজকে মুক্ত রাখার জন্য সুস্থ সংস্কৃতিচর্চা একটি কার্যকর হাতিয়ার হিসেবে কাজ করবে। এই লক্ষ্যকে সামনে রেখে সংস্কৃতি মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করার পাশাপাশি নানা উদ্যোগ গ্রহণ করেছে।

আজ মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, গ্রামবাংলার হাজার বছরের ঐতিহ্যবাহী হাডুডু, কাবাডি, দাঁড়িয়াবান্ধা, নৌকাবাইচসহ দেশীয় খেলাধুলা ও লোকঐতিহ্য আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। সংস্কৃতি মন্ত্রণালয় এসব ঐতিহ্যবাহী খেলাধুলাকে আরও জনপ্রিয় ও বিস্তৃত করার জন্য কাজ করে যাচ্ছে।

তিনি নদীমাতৃক বাংলাদেশের মানুষের জীবন ও সংস্কৃতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ঐতিহ্যবাহী খেলাগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

মন্ত্রী আরও বলেন, পুলিশ কেবল জনগণের বন্ধু ও নিরাপত্তার রক্ষক নয়, বরং সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে বাংলাদেশ পুলিশ একটি অগ্রণী ভূমিকা পালন করছে।

তিনি বলেন, জনগণের সঙ্গে পুলিশের নিবিড় সম্পর্ক আরও সুদৃঢ় করতে কমিউনিটি পুলিশিংয়ের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের সময়োপযোগী ও জনসম্পৃক্ত আয়োজনের জন্য বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানান তিনি।

মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন-৫) অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, জেলা পরিষদের প্রশাসক ও মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ এবং মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান খিজিল।

এর আগে সংস্কৃতি মন্ত্রী ভাষা শহীদদের স্মরণে মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে নির্মাণাধীন শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%