১২:৩২ এম
আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা হলে উত্তরা থেকেই প্রতিরোধ শুরু হবে, এই মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, 'যারা পালিয়ে যায় তারা আর ফেরত আসে না।' সাহস থাকলে পালিয়ে না গিয়ে বিচারের মুখোমুখি হতে পারতো।
জুলাই গণ-অভ্যুত্থানে ঢাকা উত্তরের জনতার বীরত্ব ও আত্মত্যাগের স্মরণে রবিবার (১৯ জুলাই) উত্তরার মীর মুগ্ধ মঞ্চে 'রক্তাক্ত জুলাই' শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তরের আয়োজনের মধ্যে অনুষ্ঠানে উত্তরার শহীদ পরিবারের সদস্য ও জুলাইয়ের আহত আন্দোলনকারীরা উপস্থিত ছিলেন। তারা এ সময় জুলাইয়ের আকাঙ্ক্ষা ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় ক্ষোভ প্রকাশ করেন।
নাহিদ ইসলাম আরও বলেন, উত্তরা গণ-অভ্যুত্থানের অন্যতম প্রধান হটস্পট ছিল। প্রতিরোধের প্রধান দুর্গ ছিল এই উত্তরা। ছত্রিশ জুলাই উত্তরা থেকে গণভবনমুখী ঐতিহাসিক যাত্রা শুরু হয়েছিল। একদিকে উত্তরা ও একদিকে যাত্রাবাড়ী থেকে মার্চ ফর গণভবন শুরু হয়। যার মধ্য দিয়ে হাসিনা পালাতে বাধ্য হয়। তিনি বলেন, 'আমরা উত্তরাকে কখনো ভুলে যাব না।'
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার কাছে টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ নারী ইমার্জিং দল
নাহিদ ইসলাম উল্লেখ করেন, 'দুই বছর আগের এ দিনে আমাকে গুম করা হয়। বহু মানুষকে সেদিন গুম করে হাসিনার বাহিনী। দুই বছর পরে আমাদের একটাই চাওয়া- স্বৈরাচার এবং দোসরদের বিচার। স্বৈরাচারের বিচার না হলে আবারো স্বৈরাচার তৈরি হবে। যাতে স্বৈরাচার তৈরি না হয় এজন্য আমরা বিচার চাই।'
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিএনপি বাধা হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, 'এ দেশের পরিবর্তনের পক্ষে বাধা হয়ে দাঁড়িয়েছে বিএনপি। বিএনপি এখন একত্রিশ দফা ভুলে গেছে। তারা নোট অব ডিসেন্ট-এর জুলাই সনদের কথা বলছে। নোট অব ডিসেন্ট প্রতারণা বাদ দিয়ে গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করুন। সংবিধান সংশোধনের আগে বিএনপির সংশোধন হতে হবে।'
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেছেন, 'স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রতিবেশী বদলানো যায় না। যে প্রতিবেশী আমার পরিবারের সদস্যদের খুন করে, সে প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক রাখা যায় না।'
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এনসিপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন শহীদ জাবির ইব্রাহিমের মা এমপি রোকেয়া বেগম, জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল, জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারসহ শহীদ পরিবারের সদস্য ও জুলাইয়ের আহত যোদ্ধারা।
আরও পড়ুন: গণতন্ত্র শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি: রিজভী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন