০৩:০৪ পি.এম
বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জন্য হুইলচেয়ার, ছাত্রীদের জন্য বাইসাইকেল এবং শিক্ষার্থীদের জন্য ফলদ, ঔষধি ও বনজ বৃক্ষ বিতরণ করা হয়েছে। এ ছাড়া ‘নতুন কুঁড়ি’ চ্যাম্পিয়নদের মধ্যে স্কুলব্যাগও বিতরণ করা হয়েছে। এসব সামগ্রী বিতরণ করা হয়েছে সরকারের জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে।
বুধবার (২৬ আগস্ট) বেলা ১১টায় শিবগঞ্জ উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এলজিআরডি (স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়) প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এসব সামগ্রী বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার একটি মানবিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, রাষ্ট্রের উন্নয়নের সুফল যেন সমাজের প্রান্তিক মানুষ, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও শিক্ষার্থীরা সমানভাবে পায়, সরকার সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।
আরও পড়ুন: পূর্বধলায় মেয়েকে অপহরণের অভিযোগ, প্রতিবাদে বাবা-চাচার সংবাদ সম্মেলন
তিনি আরও বলেন, একজন শিক্ষার্থীর হাতে একটি বাইসাইকেল তুলে দেওয়া শুধুমাত্র একটি বাহন দেওয়া নয়; বরং এটি তার শিক্ষাজীবনকে আরও সহজ ও গতিশীল করার একটি উদ্যোগ। একইভাবে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের হাতে হুইলচেয়ার তুলে দেওয়া তাদের চলাচলের স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করার একটি মানবিক দায়িত্ব।
মীর শাহে আলম বলেন, সরকার শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। তাই তাদের পড়াশোনার পাশাপাশি পরিবেশের প্রতি দায়িত্বশীল করে গড়ে তুলতে হবে।
তিনি আরো বলেন, সরকার উন্নয়নের পাশাপাশি মানুষের জীবনমানের উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সমাজের কোনো মানুষ যেন নিজেকে অবহেলিত মনে না করেন, সে জন্য রাষ্ট্রের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বরিশালে হাজী বিরিয়ানিতে গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহারের ও প্রতারণার অভিযোগ,খাবারের পরিমাণ ও মাংসের মান নিয়ে প্রশ্ন
পরে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের হাতে ছাত্রীদের জন্য স্যানিটারি ন্যাপকিন তুলে দেন প্রতিমন্ত্রী। একইসঙ্গে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন