০৩:০৮ পি.এম
দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার বোয়ালদাড় স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাস করে। সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিতে চায় দলটি।
ডা. জাহিদ হোসেন বলেন, বিএনপি কখনো একা চলার রাজনীতিতে বিশ্বাস করে না। জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়াই দলের মূল লক্ষ্য।
আরও পড়ুন: পূর্ণিমা রাতে ব্রহ্মপুত্রের তীরে লালনের সুরে মুখরিত ময়মনসিংহ
তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ে বিএনপিকে শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে। প্রতিটি পাড়া-মহল্লা ও গ্রামে সাংগঠনিক কার্যক্রম বাড়ানোর পাশাপাশি জনসম্পৃক্ততা বৃদ্ধি করতে হবে। নেতা-কর্মীদের সততা, শৃঙ্খলা ও জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনের আহ্বান জানান তিনি।
সমাজের অসহায়, দরিদ্র, অসুস্থ ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, প্রয়োজনের সময় মানুষের পাশে দাঁড়ানো নেতা-কর্মীদের নৈতিক দায়িত্ব। চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, উন্নত পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। নিজের সন্তানদের পাশাপাশি প্রতিবেশী ও সমাজের অন্য শিশুদের শিক্ষার বিষয়েও সবাইকে সচেতন হতে হবে।
মতবিনিময় সভায় দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আতিকুর রহমান রাজা মাস্টার, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, সহসভাপতি শাহীনুর ইসলাম মণ্ডলসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: কটিয়াদী ও মনোহরদীতে আড়িয়লখাঁ নদে অবৈধ জালের বাঁধ, মৎস্য সম্পদ হুমকির মুখে
সভা শেষে ডা. জাহিদ হোসেন সুন্দর, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন