ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

দিশার সঙ্গে বিরোধের পর তাহসিফ টঙ্গীর মাঠে হেরোইন খুঁজতে যান


দিশার সঙ্গে বিরোধের পর তাহসিফ টঙ্গীর মাঠে হেরোইন খুঁজতে যান

প্রেমিকা জেরিকা তাসনীম দিশার সঙ্গে বিরোধের পর হেরোইন সেবনের উদ্দেশ্যে টঙ্গীর মাজার বস্তিসংলগ্ন মাঠে গিয়েছিলেন বিমান বাহিনীর চাকরিচ্যুত ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি তাহসিফ। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালাতে গিয়ে নদীতে পড়ে তাহসিফের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে তাহসিফ মাদক সেবন করেছিলেন কি না কিংবা তার শরীরে কোনো বিষ প্রয়োগ করা হয়েছিল কি না তা নিশ্চিত হতে নিহতের লাশের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাহসিফের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত তার জুনিয়র বন্ধু এবং চার দিনের রিমান্ডে থাকা আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপের দেওয়া তথ্য যাচাই করছে টঙ্গী নৌ পুলিশ।

তদন্ত কর্মকর্তারা দিশার অতীত জীবন খুঁজে দেখছে। তার সাথে অন্য কোনো যুবকের সম্পর্ক রয়েছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। একইভাবে তাহসিফের সঙ্গে ঠিক কি ধরনের সম্পর্ক ছিলো দিশার সেটিও তদন্ত করা হচ্ছে। এর আগে তাহসিফের বাবা দাবি করেছিলেন, রিমান্ডে থাকা দিশা তার বাসার কাছাকাছি বসবাস করেন। মেয়েটি তার ছেলেকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। এমনকি তাহসিফের বাসায়ও এসেছিলো। যা তাহসিফ তার বোনকে বলেছিলো। এদিকে দ্বীপ ও তাহসিফ একসাথে ওই রাতে ঘোরাঘুরি করলেও তাহসিফকে রেখে সে কিভাবে একা বাসায় গেলো, আবার বাসায় গিয়ে দিশার সাথে তার টেলিফোনের কি কথা হয়েছে তাও তদন্ত করে দেখা হচ্ছে।

রিমান্ডে পুলিশের জিজ্ঞাসাবাদে দ্বীপ দাবি করছে, তিনি তাহসিফকে নদীতে পড়ে যেতে দেখেননি। অপরদিকে সিসিটিভি ফুটেজেও দেখা গেছে, রাত ১টা ২০ মিনিটের দিকে দীপ মাঠ থেকে একা বের হয়ে আসেন। এর ১৫ মিনিট পর রাত ১টা ৩৫ মিনিটে তাহসিফ তাঁর মাকে ভয়েস মেসেজ পাঠিয়ে বলেন, ‘রওনা হয়েছি।’ ফলে তাহসিফ ঠিক কীভাবে নদীতে পড়ে মারা গেলেন, তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে।

আরও পড়ুন: সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ে সুপারিশ

নৌ পুলিশের তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, দীপের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রিমান্ডে থাকা দিশাকে নিয়ে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাহসিফের সঙ্গে দিশার পরিচয় কীভাবে, তাদের মধ্যে কী ধরনের সম্পর্ক ছিল, ঘটনার দিন বারে কী ঘটেছিল এবং তাহসিফের সঙ্গে তার কী কথোপকথন হয়েছিল—এসব বিষয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। দীপের বক্তব্যের সঙ্গে দিশার বক্তব্য মিলিয়ে দেখা হচ্ছে। দীপের ভাষ্য অনুযায়ী, তাহসিফের বান্ধবী দিশা কিছুদিন আগে অন্য এক যুবকের বাসায় ইয়াবা সেবন করতে গিয়েছিলেন। সেখানে ওই যুবকের সঙ্গে তার শারীরিক সম্পর্কও হয়। বিষয়টি জানতে পেরে তাহসিফ ২৭ অক্টোবর দিশাকে ফোন করে দেখা করতে বলেন। পরে তাকে নিয়ে উত্তরা সোনারগাঁ জনপথ সড়কে নেস্ট বারে যান।

বারে গিয়ে তাহসিফ কর্তৃপক্ষকে স্যাড সং বাজাতে বলেন। এরপর ওয়েটাররা তাদের মদ পরিবেশন করেন। প্রায় দেড় ঘণ্টা তারা মদ পান করেন। ওই সময় দীপও তাদের সঙ্গে ছিলেন। মদ্যপানের একপর্যায়ে অন্য এক যুবকের সঙ্গে দিশার ইয়াবা সেবন ও রাত কাটানোর বিষয় নিয়ে প্রশ্ন করতে থাকেন তাহসিফ। এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে তাহসিফ দিশাকে বলেন, ‘তুমি তো ইয়াবা খেয়েছ, আমি এর চেয়েও বড় কিছু খাব। আমি হেরোইন খাব।’ এরপর তারা তিনজনই বার থেকে বের হয়ে যান। বার থেকে বেরিয়ে তাহসিফ নিজের মোটরসাইকেলে দিশাকে উত্তরার ১৮ নম্বর সেক্টরে তার বাসায় পৌঁছে দেন। দীপও নিজের মোটরসাইকেলে সেখানে যান। তাদের বাসা সামনাসামনি। দীপের দাবি, শুধু ওই দিনই নয়, তারা প্রায়ই বিভিন্ন বার ও রেস্তোরাঁয় যেতেন।

দিশাও তাহসিফের সঙ্গে যেতেন। দিশাকে বাসায় নামিয়ে দিয়ে তাহসিফ ও দীপ নিজ নিজ মোটরসাইকেলে টঙ্গীর মাজার বস্তিসংলগ্ন মাঠের উদ্দেশে রওনা হন। সেখানে পৌঁছে বস্তির কাছের একটি দোকানের সামনে মোটরসাইকেল রেখে গলি দিয়ে মাঠে যান তারা। দ্বীপের দাবি, মাঠে তখন আরও অনেক লোকজন ছিলেন। তাদের বেশির ভাগই স্থানীয় মাদকসেবী ও কারবারি। সেখানে গিয়ে তাহসিফ উচ্চস্বরে হেরোইন চেয়ে বলেন, ‘কার কার কাছে হেরোইন আছে, নিয়ে আসো। যত টাকা লাগে আমি দেব।’ পরে কয়েকজন মাদক কারবারির কাছ থেকে হেরোইন কিনে সিগারেটের প্যাকেটের রাংতার কাগজে হেরোইন রেখে আগুন দিয়ে হিট দেয়ার পর তিনি হেরোইন সেবন করেন। দ্বীপের দাবি, বারে মদ্যপানের পর মাঠে গিয়ে মাদক সেবন করায় তাহসিফ ওই রাতে নিজের ওপর অনেকটাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন।

মাঠে তাহসিফ যখন মাদক সেবন করছিলেন, তখন পুলিশের একটি টহল দল সেখানে আসে। পুলিশের উপস্থিতি টের পেয়ে স্থানীয় মাদক কারবারিরা পালিয়ে যান। দ্বীপও দৌড়ে নদীর পাড়ের দিকে চলে যান। পরে নদীর ২৯ নম্বর পিলারের পেছনে লুকিয়ে থাকেন তিনি। দুই থেকে তিন মিনিট পর দুই পুলিশ সদস্য তাকে ঘিরে ধরেন। নাম-পরিচয় ও ঠিকানা জানতে চাইলে দীপ নিজের পরিচয় দিয়ে মোহাম্মদপুরের বাসার ঠিকানা জানান। তিনি ক্যাপ্টেন তাহসিফের বন্ধু এবং একটি কাজে সেখানে এসেছেন। পুলিশ সদস্যরা তাকে বাসায় চলে যেতে বললেও তাদের পেছনে না গিয়ে বস্তির একটি সরু রাস্তা দিয়ে ভেতরে ঢুকে যান দীপ। সেখানে রাস্তা চিনতে না পেরে এক মাদকসেবীর সহায়তায় মূল সড়কে আসেন। পরে মাঠের দিকে ফিরে নিজের মোটরসাইকেল নিয়ে বের হন। এরপর তাহসিফের ফোনে একাধিকবার কল করলেও প্রতিবারই ফোন বন্ধ পান। পরে মোহাম্মদপুরের বাসায় ফিরে ঘুমিয়ে পড়েন। তবে তাহসিফকে নদীতে পড়ে যেতে দেখেননি বলে দাবি করেছেন তিনি।

আরও পড়ুন: ‘পতিত সরকারের দোসররা শ্রমিক আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টি করছে’

ঘটনার রাতের টঙ্গী মাজার বস্তির একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তাহসিফ ও দীপ মোটরসাইকেল পার্ক করে একটি গলি দিয়ে তুরাগ তীরের মাঠের দিকে যাচ্ছেন। ওই সময় তিন নারী তাদের যেতে নিষেধ করেন। তারা বলেন, ‘এই, তোমরা চলে যাও।’ তখন তাহসিফ ইংরেজিতে দ্বীপকে বলেন, ‘বেশি কথা বলো না, হাঁটো।’ তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তা জানান, দীপকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তার বক্তব্য যাচাই-বাছাই করা হয়েছে। বারে গিয়েও তথ্য যাচাই করা হয়েছে। এ ছাড়া তাদের মোবাইল ফোন বিশ্লেষণ করা হয়েছে।

এদিকে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, দ্বীপ ও দিশা রিমান্ডে রয়েছেন। তাদের এ বিষয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। দ্বীপের বক্তব্য ও পারিপার্শ্বিক বিষয় বিবেচনায় প্রাথমিক তদন্তে মৃত্যুটিকে হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে না। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর ফিরোজ উদ্দিন জানান, তাহসিফ মাদক সেবন করেছিলেন কি না কিংবা তার শরীরে কোনো বিষ প্রয়োগ করা হয়েছিল কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদনে জানা যেতে পারে। এ জন্য তার শরীরের রক্ত, পাকস্থলী, কিডনিসহ বিভিন্ন অঙ্গের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ভিসেরা ও রক্তের নমুনাও পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দ্বীপের ফোন পেয়ে বাসা থেকে বের হন বিমান বাহিনীর চাকরিচ্যুত ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি। এরপর বিভিন্ন এলাকা ঘুরে গভীর রাতে তাকে সঙ্গে নিয়ে টঙ্গীর মাজার বস্তিতে যান তিনি। ওই রাত থেকেই নিখোঁজ ছিলেন তাহসিফ। পরদিন বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয়দের মাধ্যমে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে মাজার বস্তি থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে রাজধানীর উত্তরখানের তুরাগ নদের রাজবাড়ী ঘাট থেকে তার লাশ উদ্ধার করেন টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা। এঘটনায় নিহতের বাবা বাদি হয়ে একটি মামলা করেছেন।

আরও পড়ুন: রূপগঞ্জে পোশাক কারখানায় কম্প্রেসার বিস্ফোরণে ৪ জন দগ্ধ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টঙ্গীর এরশাদনগরে দুই যুবককে হত্যাচেষ্টার অভিযোগ, হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন টঙ্গী

আন্তর্জাতিক ডেস্ক

ফারুক হোসেন গাজীপুর প্রতিনিধি

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

১২:১৯ এম


টঙ্গীর এরশাদনগরে দুই যুবককে হত্যাচেষ্টার অভিযোগ, হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  টঙ্গী

 

গাজীপুরের টঙ্গীর এরশাদনগরে ৪৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী রিফাত দেওয়ান ও তাঁর বন্ধু জুম্মনকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে টিভি আনোয়ার ও তাঁর ভাগিনা মঞ্জুরের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।

সোমবার (২ নভেম্বর ২০২৬) বিকেল ৪টায় আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, টিভি আনোয়ার ও তাঁর ভাগিনা মঞ্জুরের নির্দেশে একদল সশস্ত্র ব্যক্তি কিছুদিন আগে রিফাত দেওয়ান ও তাঁর বন্ধু জুম্মনের ওপর পরিকল্পিতভাবে হামলা চালায়। তাঁদের দাবি, হামলার উদ্দেশ্য ছিল দুই যুবককে হত্যা করা।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, হামলাকারীরা রিফাত ও জুম্মনকে ধারালো অস্ত্রসহ বিভিন্নভাবে মারধর করে গুরুতর জখম করে। বর্তমানে তাঁরা শারীরিকভাবে অসুস্থ অবস্থায় নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানানো হয়।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী, বিএনপির নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, এ ধরনের সহিংস ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সংবাদ সম্মেলন থেকে হামলার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তান সফর শেষে আজ ঢাকায় আসছেন লিউ হাইশিং

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২০ এম


পাকিস্তান সফর শেষে আজ ঢাকায় আসছেন লিউ হাইশিং

বাংলাদেশ সফরের পূর্বে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সফর করেছেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং। সেখানে তিনি পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

আজ মঙ্গলবার, পাকিস্তান সফর শেষে তিনি ঢাকায় আসছেন। দক্ষিণ এশিয়ায় চীনের রাজনৈতিক ও কূটনৈতিক যোগাযোগ সম্প্রসারণের ধারাবাহিকতায় এই সফরটি অনুষ্ঠিত হচ্ছে। তিন দিনের এই সফরে বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও উন্নয়ন সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরির বিষয়টি গুরুত্ব পেতে পারে।

ঢাকায় লিউ হাইশিংয়ের সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি আগামীকাল বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিতব্য ‘চায়না-বাংলাদেশ পলিটিক্যাল পার্টিজ প্লাস’ শীর্ষক রাউন্ডটেবিল বৈঠক। দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হতে যাওয়া এই আয়োজনে দুই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যোগাযোগ, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা বিনিময় এবং উন্নয়ন সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। একই অনুষ্ঠানে উদ্বোধন করা হবে বাংলাদেশ-চায়না সেন্টার ফর পার্টি অ্যান্ড স্টেট গভর্ন্যান্স স্টাডিজ।

এই সফরের মাধ্যমে বাংলাদেশের জন্য চীনের বিশাল অর্থনীতি, প্রযুক্তিগত সক্ষমতা ও বিনিয়োগের সুযোগ কাজে লাগানোর নতুন ক্ষেত্র তৈরি হতে পারে। বিশেষ করে দেশের শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন, জ্বালানি, কৃষি, প্রযুক্তি ও রপ্তানি খাতে চীনের সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা রয়েছে। চীনা বিনিয়োগের মাধ্যমে দেশে নতুন শিল্পকারখানা স্থাপন, প্রযুক্তি হস্তান্তর এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগও তৈরি হতে পারে।

বাংলাদেশের তৈরি পোশাক, চামড়া, ওষুধ ও কৃষিপণ্যের জন্য চীনের বিশাল বাজার সম্প্রসারণের বিষয়টিও গুরুত্বপূর্ণ। নবায়নযোগ্য জ্বালানি, বিদ্যুৎ, পরিবহন ও শিল্পপ্রযুক্তিতে চীনের অভিজ্ঞতা বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনায় কাজে লাগানো সম্ভব। তবে এসব সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে বিনিয়োগের পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর, স্থানীয় কর্মসংস্থান এবং বাংলাদেশের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে কার্যকর উদ্যোগ প্রয়োজন।

সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে লিউ হাইশিংয়ের বৈঠকের কথা রয়েছে। এসব আলোচনায় দুই দেশের বিদ্যমান সহযোগিতার পাশাপাশি নতুন অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারত্বের বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।

কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, দক্ষিণ এশিয়ায় চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নতুন সম্ভাবনা কাজে লাগানোর ক্ষেত্রে লিউ হাইশিংয়ের এই সফর গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করতে পারে। রাজনৈতিক যোগাযোগকে বাস্তব অর্থনৈতিক সহযোগিতায় রূপ দেওয়া গেলে বিনিয়োগ, শিল্পায়ন, প্রযুক্তি ও কর্মসংস্থানে বাংলাদেশ দীর্ঘমেয়াদি সুফল পেতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ, পুলিশ তদন্ত শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২০ এম


রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ, পুলিশ তদন্ত শুরু

রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটানোর ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণের ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শেরেবাংলা নগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি কার্যক্রম শুরু করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে আগারগাঁও স্টেশনের নিচে হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরণটি ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, বিস্ফোরণের শব্দ শোনার পরপরই ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে সেখানে ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে।

কে বা কারা এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে, তা শনাক্ত করতে পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ ও তদন্ত কার্যক্রম শুরু করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৩ এম


খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা, ২ নভেম্বর, ২০২৬ : খুলনা বিভাগে ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের নবযোগদানকৃত শিক্ষানবিশ সহকারী কমিশনারদের জন্য একটি ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে এই কর্মসূচির আয়োজন করা হয়, যেখানে নবযোগদানকৃত কর্মকর্তাদের সিটি কর্পোরেশনের গঠন ও কার্যাবলী, প্রশাসনিক এবং সেবামূলক কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান করা হয়। কেসিসি কর্তৃক আয়োজিত এই ওরিয়েন্টেশন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

প্রধান অতিথি বক্তৃতায় প্রশাসক আগত কর্মকর্তাদের স্বাগত জানিয়ে বলেন, সিটি কর্পোরেশন একটি সেবা ও উন্নয়নমূলক প্রতিষ্ঠান। এই স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানটি খুলনা মহানগরী এলাকার উন্নয়ন ও সেবা প্রদানের ক্ষেত্রে অন্যতম প্রধান সংস্থা।

তিনি প্রতিষ্ঠানের বহুবিধ কার্যক্রমের বিবরণ তুলে ধরে বলেন, বর্জ্য ব্যবস্থাপনা এবং নগরীর সামগ্রিক পরিবেশ পরিচ্ছন্ন রাখা এ প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। প্রধানমন্ত্রী প্রাথমিক পর্যায়ে যে কাজগুলি নির্দিষ্ট করে দিয়েছিলেন, তার মধ্যে জলাবদ্ধতা দূর করা, পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা, সবুজ শহর গড়ে তোলা এবং মানুষের চাহিদা অনুযায়ী তাদেরকে সেবা দেওয়া অন্তর্ভুক্ত। প্রশাসক বলেন, "আমরা সেই কাজগুলোকে নিয়েই অকান্ত পরিশ্রম করে যাচ্ছি।"

তিনি আগত কর্মকর্তাদের উদ্দেশে বলেন, "এই দেশ আমাদের সকলের।" গতানুগতিক ধারা থেকে বেরিয়ে রাষ্ট্রীয় আইন ও ধর্মীয় অনুশাসন মেনে প্রাণপ্রিয় এই দেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। প্রশাসক নবীন কর্মকর্তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, "একটা সুন্দর ব্যবস্থাপনার প্রধান শর্ত হচ্ছে সুন্দর ব্যবহার।" তিনি আশা প্রকাশ করেন যে, আগত কর্মকর্তারা কর্মজীবনের শুরুতেই সুন্দর ব্যবহারের মাধ্যমে জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করবেন।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই ওরিয়েন্টেশন কর্মসূচিতে কেসিসি’র সচিব মো. রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, বাজেট কাম একাউন্টস অফিসার মো. মনিরুজ্জামান, বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. আবু সাঈদ বক্তৃতা করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ভেটেরিনারি অফিসার ড. পেরু গোপাল বিশ্বাস।

এছাড়া, ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩৮ জন কর্মকর্তাকে সহকারী কমিশনার (শিক্ষানবিশ) হিসেবে পরবর্তী পদায়নের জন্য খুলনা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

ওরিয়েন্টেশন কর্মসূচিতে আগত কর্মকর্তাদের পাওয়ার পয়েন্ট ও ভিডিও চিত্রের মাধ্যমে কেসিসি’র সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%