ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

বিজিডিসিএলের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৫৭ হাজার ৫০০ টাকা জরিমানা


বিজিডিসিএলের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৫৭ হাজার ৫০০ টাকা জরিমানা

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ অবৈধ গ্যাস সংযোগ ও অনুমোদনের অতিরিক্ত চুলা ব্যবহারের বিরুদ্ধে একটি অভিযান পরিচালনা করেছে। অভিযানের ফলস্বরূপ, অর্ধলক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং অবৈধ রাইজার অপসারণ করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে কুমিল্লার চাঁপাপুরে অবস্থিত বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) কর্তৃপক্ষ একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করে।

বিজিডিসিএল কর্তৃপক্ষ জানায়, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সদর এলাকায় গত মঙ্গলবার মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ গ্যাস সংযোগ, আবাসিক সংযোগে বাণিজ্যিক ব্যবহার এবং অনুমোদনের অতিরিক্ত চুলা ব্যবহারের অভিযোগে পাঁচ ব্যক্তিকে মোট ৫৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এ সময় ১০টি আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং পাঁচটি অবৈধ রাইজার স্থায়ীভাবে অপসারণ করা হয়।

আরও পড়ুন: জনশক্তি রপ্তানি খাতের সংকট উত্তরণে বায়রা গণতান্ত্রিক জোটের ঐক্যের ডাক

অভিযান সূত্রে জানা গেছে, এদিন মোট পাঁচটি স্পট পরিদর্শন করা হয়। এ সময় ৬২ ডিবি ক্ষমতাসম্পন্ন আবাসিক গ্যাস সংযোগের ব্যবহার ও বৈধতা যাচাই করা হয়। পরিদর্শনে আবাসিক সংযোগ বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য দুটি সংযোগ, অনুমোদনের অতিরিক্ত চুলা ব্যবহারের জন্য একটি, অবৈধ গ্যাস সংযোগ গ্রহণের জন্য পাঁচটি এবং নকশাবহির্ভূত ব্যবহারের জন্য দুটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়াও, অভিযানে পাঁচটি অবৈধ রাইজার স্থায়ীভাবে কর্তন করা হয়। বিভিন্ন অনিয়মের জন্য পাঁচ ব্যক্তিকে মোট ৫৭ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ জানায়, গ্যাসের অপচয় ও অবৈধ ব্যবহার প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আবাসিক সংযোগ বাণিজ্যিক কাজে ব্যবহার, অনুমোদনের অতিরিক্ত চুলা স্থাপন, অবৈধ সংযোগ গ্রহণ এবং অনুমোদিত নকশার বাইরে গ্যাস ব্যবহারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিজিডিসিএল কর্তৃপক্ষ বৈধ গ্রাহকদের নিয়ম মেনে গ্যাস ব্যবহারের পাশাপাশি যেকোনো ধরনের অনিয়ম থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ মিছিল, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক বরিশাল

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৪ পি.এম


বরিশালে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ মিছিল, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি

নাশকতা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ফ্যাসিবাদবিরোধী স্লোগান


দেশের বিভিন্ন স্থানে নাশকতা, অগ্নিসংযোগ ও অগ্নিসন্ত্রাসের অভিযোগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকার সমালোচনা করেছেন সংগঠনটির নেতারা।

বুধবার (১১ নভেম্বর) বিকেল ৩টায় বরিশাল নগরীর জুলাই স্মৃতিস্তম্ভ-আমতলার মোড় থেকে মিছিলটি বের হয়। জাতীয় ছাত্রশক্তি বরিশাল মহানগরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জাতীয় ছাত্রশক্তি বরিশাল মহানগরের সদস্যসচিব হুসাইন আল সুয়ান। তিনি বলেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রী সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তাঁর দায়িত্ব পালনকালে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও অগ্নিসন্ত্রাস চালানোর সাহস পাচ্ছে।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সঙ্গে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির ওপর অতর্কিত হামলার ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে সরকারের দৃশ্যমান তৎপরতা নেই। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হলেও বর্তমান পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।

সমাবেশ থেকে বক্তারা দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও অগ্নিসন্ত্রাসের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তাঁরা।

মিছিল ও সমাবেশে জাতীয় ছাত্রশক্তির বরিশাল মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইতালির বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে ছিলেন না এমবাপ্পে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১০ পি.এম


ইতালির বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে ছিলেন না এমবাপ্পে

ঢাকা, ১১ নভেম্বর ২০২৬ : উয়েফা নেশন্স লিগের ম্যাচের আগে বুধবার ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে দলের অনুশীলনে উপস্থিত ছিলেন না। ফ্রান্স দলের কোচিং স্টাফ জানায়, তিনি ‘চিকিৎসাধীন’ রয়েছেন।

তবে ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ডের শারীরিক অবস্থার ব্যাপারে বিস্তারিত তথ্য প্রদান করেনি ফ্রান্সের দলীয় ব্যবস্থাপনা।

চোটের কারণে ফ্রান্সের হয়ে সর্বশেষ তিনটি ম্যাচে অংশগ্রহণ করতে না পারা রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড এবারের আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলে ফিরে এসেছেন।

গত সেপ্টেম্বরের নেশন্স লিগে তুরস্কের বিপক্ষে কোচ জিনেদিন জিদানের প্রথম ম্যাচে এমবাপ্পে জয়সূচক গোল করেছিলেন। কিন্তু কিছুক্ষণ পরই বাঁ হাঁটুতে ব্যথা অনুভব করায় মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।

চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ের মাধ্যমে নেশন্স লিগের ‘এ১’ গ্রুপে শীর্ষ অবস্থানে রয়েছে ফ্রান্স। কোয়ার্টার ফাইনালে ওঠার পথে অনেকটাই এগিয়ে থাকা দলটি গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে বৃহস্পতিবার মিলানে ইতালি এবং রোববার বোর্দোয় তুরস্কের মুখোমুখি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপের দুই দিন আগে হার্টের চিকিৎসা নেন ম্যাকটমিনে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১১ পি.এম


বিশ্বকাপের দুই দিন আগে হার্টের চিকিৎসা নেন ম্যাকটমিনে

ঢাকা, ১১ নভেম্বর ২০২৬ : স্কটল্যান্ডের মিডফিল্ডার স্কট ম্যাকটমিনে, বিশ্বকাপে হাইতির বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার মাত্র দুই দিন আগে হৃদযন্ত্রে বৈদ্যুতিক শক দিয়ে চিকিৎসা গ্রহণ করতে বাধ্য হয়েছিলেন।

ম্যাসাচুসেটসে হাইতির বিরুদ্ধে ১-০ গোলে জয়ী ম্যাচের আগে পেটের সমস্যার কারণে অনুশীলনে অংশ নিতে পারেননি বলে ম্যাকটমিনেকে জানানো হয়েছিল।

তবে মঙ্গলবার গ্ল্যাসগোয় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ২৯ বছর বয়সী এই ফুটবলার উল্লেখ করেন, “হাইতির বিপক্ষে ম্যাচের দুই দিন আগে আমার হৃদ্যন্ত্রে শক দিতে হয়েছিল।”

বিশ্বকাপে স্কটল্যান্ডের তিনটি ম্যাচেই অংশগ্রহণ করেছিলেন ম্যাকটমিনে। মরক্কো ও ব্রাজিলের কাছে পরাজিত হয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া স্কটল্যান্ডের হয়ে তিনি নিজের সেরা ফর্মে ছিলেন না।

তিনি বলেন, “আমি শতভাগ ফিট ছিলাম। কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচের দুই দিন আগে যখন হাসপাতালে শুয়ে অজ্ঞান করার প্রস্তুতি নেওয়া হচ্ছে, তখন এটি অবশ্যই আদর্শ পরিস্থিতি নয়।

“আপনি এত ভালোভাবে প্রস্তুতি নিয়েছেন, শারীরিকভাবেও দারুণ অবস্থায় ছিলেন। এরপর এমন কিছু ঘটলে মনে হয়, ‘আমার সঙ্গেই কেন এমন হচ্ছে?’

“এটিকে কোনোভাবেই অজুহাত হিসেবে দেখছি না। তবে পেছনে ফিরে তাকালে বলতে হয়, এটিও পুরো প্রক্রিয়ার একটি অংশ।”

চলতি মৌসুমের শুরুতে নাপোলির হয়ে মাঠে ফিরেছিলেন ম্যাকটমিনে। তবে সিরি আ-তে প্রথম দুই ম্যাচ খেলার পর অস্ত্রোপচারের কারণে সেপ্টেম্বরে মাঠের বাইরে থাকতে হয় তাকে।

হৃদযন্ত্রের হালকা ও ক্ষতিকর নয়- এমন অনিয়মিত স্পন্দনের চিকিৎসায় ম্যানচেস্টারে কার্ডিয়াক অ্যাবলেশন পদ্ধতিতে অস্ত্রোপচার করান তিনি।

ফলস্বরূপ, নতুন কোচ সেবাস্টিয়ান পোকোনিওলির অধীনে স্কটল্যান্ডের প্রথম চারটি ম্যাচে খেলতে পারেননি ম্যাকটমিনে।

আগামী সপ্তাহে নেশন্স লিগে উত্তর মেসিডোনিয়া ও সুইজারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ সামনে রেখে জাতীয় দলে ফিরেছেন তিনি।

ম্যাকটমিনে বলেন, “আমি ভালো আছি। আগের চেয়ে অনেক, অনেক ভালো অনুভব করছি। আমার মনে হয়, এই চিকিৎসাটা করানো প্রয়োজন ছিল।

“হৃদ্যন্ত্রের সমস্যা নিয়ে খবর প্রকাশের পর সংবাদমাধ্যম, পরিবারের সদস্য ও বন্ধুরা যোগাযোগ করায় বিষয়টি অনেকের কাছে অনেক বেশি গুরুতর মনে হয়েছে। তবে এটি তুলনামূলক সহজ একটি চিকিৎসা পদ্ধতি ছিল এবং তা খুব ভালোভাবেই সম্পন্ন হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%