০৫:৫৪ পি.এম
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে নিজ মাতৃভূমিতে ফিরেছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মামুন মোল্লা।
বুধবার (১১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নিজ উপজেলা কুমারখালীতে পৌঁছালে তাকে আবেগঘন সংবর্ধনা জানান দলীয় নেতাকর্মীরা। দেশে ফিরেই তিনি দৃপ্তকণ্ঠে ঘোষণা করেন, "স্বাধীন সোনার বাংলায় কোনো ফ্যাসিবাদের ঠাঁই নেই।"
দলীয় ও পারিবারিক সূত্র জানায়, বিগত সরকারের আমলে রাজনৈতিক মামলা ও চরম হয়রানির মুখে ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশ ছেড়ে হংকং পাড়ি জমান মামুন মোল্লা। সে সময় তার বিরুদ্ধে অন্তত সাতটি রাজনৈতিক মামলা দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন দলীয় নেতাকর্মীরা। মামলার ঘানি ও গ্রেপ্তার আতঙ্কে দীর্ঘ এই ১৭ বছর তিনি দেশে ফিরতে পারেননি।
আরও পড়ুন: বিমানবহর আধুনিকায়নে ৩৫টি উড়োজাহাজ কিনছে সরকার: বিমানমন্ত্রী
বুধবার দুপুরে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর তেবাড়িয়া-তরুণ মোড় এলাকায় তিনি পৌঁছালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় নেতাকে দীর্ঘদিন পর কাছে পেয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। এ সময় অনেককে আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়।
দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশে ফেরার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মামুন মোল্লা বলেন, "১৭ বছর দেশের বাইরে থাকা, একটা মানুষের এর চেয়ে বড় আর কী নির্যাতন হতে পারে? আমি চাই দেশে যেন আর কোনো ফ্যাসিবাদের জন্ম না হয়। আমার সোনার বাংলায় ফ্যাসিবাদের কোনো ঠাঁই নেই।"
সাবেক এই ছাত্রনেতার প্রত্যাবর্তনে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে নতুন করে উদ্দীপনার সৃষ্টি হয়েছে। পান্টি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রাশিদুল ইসলাম এ বিষয়ে বলেন, "ছাত্রদলের চরম দুঃসময়ে সংগঠনকে সুসংগঠিত করতে মামুন মোল্লা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বিগত সরকারের নির্মম নির্যাতন আর একের পর এক বানোয়াট হামলা-মামলার কারণেই তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। দীর্ঘ অপেক্ষার পর তার এই ফিরে আসা দলের সর্বস্তরের নেতাকর্মীদের জন্য অত্যন্ত আনন্দের।
আরও পড়ুন: কৃষকদের জন্য ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি বরাদ্দের ঘোষণা কৃষিমন্ত্রীর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন