ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুযোগ-সুবিধা পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী


সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুযোগ-সুবিধা পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সদ্য পদত্যাগ করা সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আইন অনুসারে সব সুযোগ-সুবিধা ও নিরাপত্তা পাবেন। অন্তর্বর্তী সরকারের সময় তিনি সাংবিধানিকভাবে তার দায়িত্ব পালন করেছেন এবং সরকার তার পূর্ণ সহযোগিতা পেয়েছে। রবিবার সচিবালয়ে পুলিশের প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মো. সাহাবুদ্দিনের কথিত টেলিফোন আলাপের বিষয়ে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছেন, তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এটি আমলে নেওয়ার মতো কোনো বিষয় নয়। তাছাড়া, এ ধরনের কথাবার্তা বলার জন্য রাষ্ট্রপতির বিদেশে যাওয়ার প্রয়োজন পড়ে না। মতিঝিল এলাকায় বোমা উদ্ধারের ঘটনার সম্বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, উল্টো রথযাত্রার দিন বোমাটি পাওয়া গেলেও সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা অনুষ্ঠানে নাশকতা চালানোর উদ্দেশ্যে এটি রাখা হয়েছিল–এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তিনি আরও বলেছেন, রথযাত্রা উদ্‌যাপনে আইন প্রয়োগকারী সব সংস্থা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। তবে বোমা পাওয়ার বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ বছর পুলিশ সপ্তাহে ‘পুলিশ পদক’ না দেয়ার প্রসঙ্গে তিনি বলেন, তড়িঘড়ি করে তালিকা প্রস্তুত করায় এতে কিছু ত্রুটি-বিচ্যুতি ছিল। সেজন্য পদক প্রদান স্থগিত করা হয়েছিল। বর্তমানে ফাইলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছে এবং যাচাই-বাছাই শেষে শিগগিরই এই পদক দেয়ার ব্যবস্থা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের তীব্র প্রতিবাদ নরওয়ের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৪:৪৮ পি.এম


যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের তীব্র প্রতিবাদ নরওয়ের

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের বিরুদ্ধে শুক্রবার আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় নরওয়ে।

ওয়াশিংটন, তাদের প্রধান বাণিজ্যিক অংশীদার দেশগুলোর জন্য নতুন শুল্ক আরোপ করে, এর ফলে অসলো অভিযোগ করেছে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তুলনায় নরওয়ের ওপর বেশি শুল্ক বসানো হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের শুরুতে যে বৈশ্বিক শুল্ক আরোপ করেছিলেন, তার মেয়াদ শেষ হওয়ার পর শুক্রবার থেকে ৬০টি বাণিজ্যিক অংশীদার দেশের ওপর নতুন শুল্ক কার্যকর হয়েছে।

অসলো থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

নতুন ব্যবস্থায় নরওয়ের বিভিন্ন পণ্যের ওপর ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক ধার্য করা হয়েছে।

নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের একতরফাভাবে নরওয়ে ও অন্যান্য দেশের বিরুদ্ধে শুল্ক আরোপের দৃঢ় বিরোধিতা করছি।’

তিনি আরও বলেন, ‘নতুন এ শুল্ক আরোপের কারণে যুক্তরাষ্ট্র যে ব্যাখ্যা দিয়েছে, সেটিও আমরা গ্রহণ করি না।’

বার্থ এইডে জানান, ইউরোপের অন্যান্য দেশের পণ্যের মতো নরওয়ের পণ্যও যেন সমান সুবিধা পায়, সে জন্য অসলো ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে।

সরকারী পরিসংখ্যান অনুযায়ী, নরওয়ের মোট পণ্য রপ্তানির পাঁচ শতাংশেরও কম যুক্তরাষ্ট্রে যায়। তবে, নরওয়ের স্যামন মাছসহ সামুদ্রিক খাদ্যপণ্যের জন্য যুক্তরাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ বাজার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গবেষণায় বিনিয়োগ বাড়াতে হবে: মির্জা ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৪:৫৩ পি.এম


খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গবেষণায় বিনিয়োগ বাড়াতে হবে: মির্জা ফখরুল

 বাংলাদেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাটা একটি বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়ানোর প্রয়োজন।

আজ রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেছেন, কৃষিতে পড়াশোনা করা মানে সবাইকে শুধু সরকারি চাকরির দিকে যেতে হবে এমন নয়। কৃষির সঙ্গে সম্পর্কিত ব্যবসা, শিল্প ও প্রযুক্তিনির্ভর উদ্যোগের মাধ্যমে যেমন নিজস্ব কর্মসংস্থান করা উচিত, তেমনি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।

মন্ত্রী আরও বলেন, কৃষিতে যারা পড়ালেখা করছেন, তারা মাটির মানুষ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ। তাঁদের শরীর থেকে মাটির গন্ধ পাওয়া যায়। চাকরি ছাড়া কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার দিকে শিক্ষার্থীদের প্রস্তুতি নিতে বলছেন তিনি।

মন্ত্রী নতুন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন, চাকরির পেছনে ছুটে না গিয়ে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে নিজেদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। দেশের কৃষি খাতের অপার সম্ভাবনা কাজে লাগিয়ে তরুণরা উদ্যোক্তা হলে, তা কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হবে এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, সরকারের সামনে অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে। অতীতে ১৫ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের কারণে দেশের অর্থনীতির ভিত্তি ভেঙে গেছে। প্রাতিষ্ঠানিক কাঠামো ভেঙে ফেলা হয়েছে এবং এসব সংকট থেকে উত্তরণের মাধ্যমে সরকার দেশকে মেরামত করার চেষ্টা করছে। সরকারের মূল পরিকল্পনা হলো এই ভঙ্গুর অর্থনৈতিক ও সামাজিক কাঠামো পুনর্নির্মাণ করা।

তিনি বলেন, দেশে ৪ কোটি শিক্ষিত বেকার যুবক রয়েছে, একটির পদের জন্য ৫ থেকে ৬ লাখ আবেদন করতে হচ্ছে। এই সমস্যা রাতারাতি সমাধান হওয়ার নয়। তাই পরিকল্পনা অনুযায়ী কাঠামো সাজাতে হবে, অর্থাৎ কীভাবে অর্থনৈতিকভাবে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা যায়, এসব সেক্টরে সরকার বর্তমানে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।

মন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যতে সামনে যেসব চ্যালেঞ্জ আসবে, সেই সবকিছু পুনর্নির্মাণ করা হচ্ছে। আনএমপ্লয়মেন্ট সমস্যা বাড়ছে। এই কারণে কৃষিতে গুরুত্ব দিয়ে উত্তর ও দক্ষিণাঞ্চলে কৃষি হাব তৈরি করার কাজ চলছে।

তিনি আরো বলেন, সরকারের পাঁচ মাস না যেতেই অনেকে নানা কথা বলছেন, কিন্তু দেশে সংকট প্রচুর। বড় সংকট হলো গ্যাস, তেল এবং জ্বালানির অভাব রয়েছে। আমেরিকা-ইরান যুদ্ধ পরিস্থিতি জ্বালানি সংকট বাড়াচ্ছে। এদিকে, মন্ত্রী দেশের শক্তি উৎপাদনের বিষয়ে গ্রিন অ্যানার্জির দিকে অগ্রসর হওয়ার কথা বলেন। এসব পদক্ষেপের সুফল কৃষকরা পাবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন জানান, বাংলাদেশের কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষি গবেষণায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব অপরিসীম। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে নবীন শিক্ষার্থীরা ভবিষ্যতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

শেকৃবির উপাচার্য ড. মো. আব্দুল লতিফের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফটিকছড়িতে ৪৮ ঘণ্টার হরতাল, সদর দপ্তরের দাবিতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৪:৫৯ পি.এম


ফটিকছড়িতে ৪৮ ঘণ্টার হরতাল, সদর দপ্তরের দাবিতে

 

নবগঠিত ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবির পেক্ষাপটে চট্টগ্রামের ফটিকছড়িতে ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। রবিবার (২৬ জুলাই) ভোর ৬টা থেকে ‘ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদ’-এর ডাকা এ কর্মসূচির ফলে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়ক, মিরসরাই-ফটিকছড়ি এবং হেঁয়াকো-চট্টগ্রাম সড়ক অবরুদ্ধ হয়ে যায়।

সরেজমিনে যাওয়ার পর দেখা গেছে, নারায়ণহাট, দাঁতমারা, হেঁয়াকো ও বাগানবাজার এলাকায় অন্তত ২০ থেকে ২৫টি স্থানে বালুবাহী ট্রাক আড়াআড়িভাবে রেখে এবং বড় বড় গাছের গুঁড়ি ফেলে সড়কে ব্যারিকেড সৃষ্টি করেছেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীরা বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভও করেছেন।

অবরোধের ফলে খাগড়াছড়ি ও ঢাকার সঙ্গে চট্টগ্রামের সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মহাসড়কের দুই পাশে শত শত পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস আটকা পড়ে, যার ফলে যাত্রী ও পরিবহন শ্রমিকরা চরম দুর্ভোগে পড়ছেন।

আন্দোলনকারীদের দাবি হলো, সদ্য ঘোষিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর পশ্চিম ভূজপুরে নির্ধারণ করা হলেও সেটি উক্ত উপজেলার অধিকাংশ মানুষের জন্য সুবিধাজনক নয়। তারা দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নের মধ্যবর্তী কোনো যৌক্তিক স্থানে সদর দপ্তর স্থাপনের জন্য দাবী জানান। তারা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানিয়েছেন, হরতালের কারণে যান চলাচল বন্ধ থাকলেও এখন পর্যন্ত কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনি বলেন, গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রলের শিকার শিক্ষিকার পাশে দাঁড়ালেন দেশের সহকর্মীরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


ট্রলের শিকার শিক্ষিকার পাশে দাঁড়ালেন দেশের সহকর্মীরা

 

হালকা বাতাস বইছে। সেই বাতাসের মধ্যে এক নারী অল্প অল্প হাঁটছেন, তার আঁচল উড়ছে। ব্যাকগ্রাউন্ডে বাজছে বাংলাদেশের জনপ্রিয় গান ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’।

গত বৃহস্পতিবার, সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রাণী পাল এই ভিডিও শেয়ার করেন।

তার এই ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অংশের সমালোচনা শুরু হয়েছে। ফলে ট্রল ও সাইবার বুলিংয়ের শিকার হন তিনি। এবার এর প্রতিবাদে দেশের বিভিন্ন এলাকা থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকারা একই গানে রিলস তৈরি করে ফেসবুকে পোস্ট করছেন।

গত দুই দিন ধরে ফেসবুকে ডিফরেন্ট টাচের এই সিগনেচার গানটি ব্যবহার করে সারা দেশের শিক্ষিকারা রিলস পোস্ট করেছেন। এসব ভিডিওতে তাদের কর্মস্থল, বিদ্যালয় প্রাঙ্গণ কিংবা ব্যক্তিগত পরিবেশে হাঁটতে দেখা যাচ্ছে।

তারা তাদের পোস্টে লিখছেন, শিক্ষকতার পেশাগত পরিচয়ের পাশাপাশি ব্যক্তিগত অনুভূতি ও সৃজনশীল প্রকাশের স্বাধীনতাও সম্মান পাওয়ার দাবি রাখে।

মজার ব্যাপার হলো, এই শ্রাবণ মাসের মতোই ১৯৮৭ সালে আরেক শ্রাবণে খুলনায় বসে গানটি লিখেছিলেন গীতিকার ও সুরকার আশরাফ বাবু। এই রোমান্টিক গানটি এত বছরের পর, আবার এই শ্রাবণে হয়ে গেল প্রতিবাদের ভাষা!

সামিয়া শিকদার নামের এক শিক্ষিকা ফেসবুকে লিখেছেন, ‘বিউটি রাণী পাল ম্যাডামকে হেনস্তার চেষ্টা সফল হয়নি। আজ প্রতিটি সাহসী শিক্ষকই একেকজন বিউটি রাণী পাল। আমরা মাথা নত করব না, সম্মান নিয়ে এগিয়ে যাব।’

পোস্টটিতে তিনি #BeautyRaniPal, #RespectTeachers, #TeacherUnity, #StandWithTeachers, #EducationMatters এবং #TeachersAreNationBuilders হ্যাশট্যাগ ব্যবহার করেন।

কুমিল্লার শিক্ষিকা লায়লা নূর পিংকি একই গানটি ব্যবহার করে ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘আজ কেন মন উদাসী হয়ে’ গানের ভিডিওর কারণে দেশবাসী অন্তত কিছুটা হলেও লায়লা, মামুন আর চাচাদের কটাক্ষপূর্ণ ভিডিও থেকে মুক্তি পেয়েছে। সে ক্ষেত্রে শিক্ষকরা কিছুটা হলেও ধন্যবাদ পাওয়ার যোগ্য।’

তিনি আরও লেখেন, ‘ডিজিটাল এই প্রতিবাদ প্রমাণ করে দিয়েছে, যেখানেই অন্যায় হবে, সেখানে শিক্ষকরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানাবে। আমাদের এই ঐক্য ধরে রাখতে হবে। সমালোচনা করুন, তবে সেটা হতে হবে যৌক্তিক। আজাইরা সমালোচনার ফল তো দেখলেন? হ্যামিলনের বাঁশিওয়ালার মতো সব শিক্ষকরা বেরিয়ে এলেন। যেসব শিক্ষকরা কোন সময় লজ্জায় ভিডিও দিতেন না, তাদের প্রতিভাও বিকশিত হয়েছে। যাক, দিনশেষে আমরা সবাই শিক্ষক। আগামীকাল থেকে আমাদের আবার শ্রেণিকক্ষে দেখা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%