মোঃ সোহেল রানা, রাঙামাটি জেলা প্রতিনিধি:
শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৩:০৪ পি.এম
পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিনের সমস্যা নিরসন, সব জাতিগোষ্ঠীর সাংবিধানিক অধিকার নিশ্চিত, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা এবং বৈষম্যহীন স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিনটি বিশেষ উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। এ উদ্যোগকে ঐতিহাসিক ও যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রাঙামাটি শহরের কাঁঠালতলীর মৃধা ভবনে পিসিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানায় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পিসিএনপির নেতৃবৃন্দ বলেন, পার্বত্য চট্টগ্রামের স্থায়ী শান্তি, সম্প্রীতি, নিরাপত্তা ও সুষম উন্নয়ন নিশ্চিত করতে সরকার ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি’, ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক নির্বাহী কমিটি’ এবং ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক পরামর্শক কমিটি’ গঠন করেছে। পাহাড়ের দীর্ঘদিনের সমস্যা সমাধানে সরকারের এ উদ্যোগ নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে বলে তারা মন্তব্য করেন।
নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার ৫৫ বছরের ইতিহাসে পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষের অধিকার, নিরাপত্তা ও উন্নয়নকে সামনে রেখে এমন বহুমাত্রিক কাঠামো গঠনের উদ্যোগ অতীতে দেখা যায়নি। তিন স্তরের এসব কমিটি সমন্বিতভাবে কার্যকর ভূমিকা রাখলে পাহাড়ের দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত ও সমাধানের পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডে ভারসাম্য এবং জননিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।
পিসিএনপির নেতারা আরও বলেন, পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার জন্য শুধু উন্নয়ন নয়, প্রয়োজন সব সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক আস্থা, সাংবিধানিক অধিকার ও নিরাপদ সহাবস্থান নিশ্চিত করা। নতুন কমিটিগুলো দায়িত্বশীল ও কার্যকরভাবে কাজ করলে পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথ আরও সুগম হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে নেতৃবৃন্দ বলেন, “পার্বত্য চট্টগ্রামে ধর্ম-বর্ণ ও জাতিগোষ্ঠী নির্বিশেষে সকলের সাংবিধানিক অধিকার, নিরাপত্তা ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা পাহাড়ের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পিসিএনপি রাঙামাটি জেলা শাখার সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের (পিসিসিপি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য মো. হাবীব আজম, পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজ, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনসহ পিসিএনপি ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলন শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সময় ও সহযোগিতার জন্য আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের কাউখালীতে থানা-পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ও শনিবার ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। কাউখালী থানার এসআই মহিউদ্দিন, এসআই মাসুদ আল মামুন, এসআই দীপক বালা ও এসআই রহমতউল্লাহর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এই অভিযান চালান।
অভিযানকালে উপজেলার সদর ইউনিয়নের বাশুরী গ্রামের মঞ্জুর হোসেনের ছেলে আরিফ হোসেনক (২৫)কে ২০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। অপরদিকে, শনিবার ভোররাতে উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চিরাপাড়া গ্রামের সুলতান মোড়লের ছেলে সোহেল হোসেন (৩০)কে ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুইজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর যৌথ উদ্যোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পাঁচ দিনব্যাপী ‘Entrepreneurship Development Training’ (উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ) শুরু হয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্মিনা আখতারের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ সৃষ্টি, ব্যবসায়িক উদ্যোগ গ্রহণের জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে শিক্ষার্থীদের উদ্যোক্তা উন্নয়ন, ব্যবসায়িক উদ্যোগ গ্রহণের প্রক্রিয়া, সম্ভাবনাময় ব্যবসায়িক ধারণা, ব্যবসা পরিচালনার কৌশল এবং উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রস্তুত করার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তবমুখী ব্যবসায়িক পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণে উৎসাহিত করা হবে। প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুস সোবাহান এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) পরিচালক (বিটিআই) ও জিএম (পরিকল্পনা ও গবেষণা) ড. মো. ফরহাদ আহমেদ। প্রশিক্ষনের কোর্স পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন মো. তানজিম হোসেন।
এছাড়াও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর শিক্ষার্থী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষন কমিটির আহবায়ক ও সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জান্নাতুল মাওয়া মুন সহ উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ ও শিক্ষকবৃন্দ। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) প্রশিক্ষকরা পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোক্তা উন্নয়নবিষয়ক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা হওয়ার মানসিকতা ও দক্ষতা বিকশিত হবে এবং ভবিষ্যতে তারা নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ