০২:৩৭ পি.এম
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মঞ্জুরি দাবি পাস হয়েছে। বিরোধী দল থেকে উত্থাপিত ছাঁটাই প্রস্তাব নাকচ হওয়ার ফলে সংসদ এই খাতের জন্য মোট ১ হাজার ৮৪৪ কোটি ৪৩ লক্ষ টাকা মঞ্জুর করেছে।
মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে ১৬ নম্বর মঞ্জুরি দাবিটি ভোটের জন্য উপস্থাপন করা হলে তা ‘হ্যাঁ’ ভোটে জয়যুক্ত হয়ে গৃহীত হয়।
এর আগে, বিরোধী দলের সংসদ সদস্যরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবিত বাজেট মাত্র ১ টাকায় নামিয়ে আনার জন্য একটি ছাঁটাই প্রস্তাব উত্থাপন করেন। ছাঁটাই প্রস্তাবের জবাবে, পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান পরিবর্তনশীল ও জটিল ভূ-রাজনৈতিক বিশ্বব্যবস্থায় একটি রাষ্ট্রের উন্নয়ন ও নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে তার দূরদর্শী ও সক্রিয় কূটনৈতিক তৎপরতার ওপর নির্ভর করে। আজকের প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে আমাদের কূটনীতির মূল চালিকাশক্তি হচ্ছে ‘সবার আগে বাংলাদেশ’ বলে তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন: স্ত্রীর ছবি ফেসবুকে দেয়ায় বন্ধুকে হত্যা, কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড
মন্ত্রী বলেন, এর একটি অভূতপূর্ব সাম্প্রতিক উদাহরণ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর ঐতিহাসিক মালয়েশিয়া ও চীন সফর। তিনি আরও ব্যাখ্যা করেন, বাজেট প্রণয়ন করা হয়েছে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং জনগণের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবিত বাজেটের যৌক্তিকতা তুলে ধরে মন্ত্রী আরও বলেন, যদি ছাঁটাই প্রস্তাব অনুযায়ী বাজেট ১ টাকায় নামিয়ে আনা হয়, তবে বিশ্বের বিভিন্ন দেশে আমাদের দূতাবাসগুলো বন্ধ করে দিতে হবে। এতে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক লাল-সবুজের পতাকাও নামিয়ে ফেলতে হবে।
এছাড়া, আমাদের প্রবাসীদের দেওয়া সব ধরনের সেবাও বন্ধ হয়ে যাবে। আরও উল্লেখ করে তিনি বলেন, বাজেট না থাকলে জাতিসংঘের বাৎসরিক চাঁদা দেওয়া সম্ভব হবে না, যা জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ স্থগিত হওয়ার সম্ভাবনাও তৈরি করতে পারে।
আরও পড়ুন: দুর্গাপুরে ডেপুটি স্পিকারের উদ্যোগে পুলিশ তদন্তকেন্দ্র স্থাপিত হচ্ছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন