ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

আন্দোলনে আহত-নিহতদের পাশে থাকবে সরকার: প্রেস সচিব


আন্দোলনে আহত-নিহতদের পাশে থাকবে সরকার: প্রেস সচিব

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন, যারা দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে আহত ও নিহত হয়েছেন, তাদের অবদান রাষ্ট্র কখনও ভুলে যাবে না। সরকার পর্যায়ক্রমে সকলকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানাতে চাইছে এবং তাদের পাশে সহায়তার হাত বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। তবে এ জন্য কিছুটা ধৈর্য ধরতে হবে।

তিনি উল্লেখ করেন, আমরা একটি সময়ের ভেতর দিয়ে চলে এসেছি, যেখানে আন্দোলনের সময় কেউ নিরাপত্তা পাওয়ার সুযোগ পেতো, আবার কেউ পেতো না। কিন্তু আজকের বাংলাদেশে সকলেই নিরাপত্তা পাওয়ার অধিকার রাখে। সরকার একটি নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য কাজ করছে।

রবিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ‘ফ্যাসিবাদের ১৫ বছর ও চব্বিশের গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: চকরিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আকিত হোসেন সজিব গ্রেফতার

সালেহ শিবলী আরও বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ইতিহাসে অসংখ্য মানুষ জীবন দিয়েছেন, আহত হয়েছেন, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছেন। বিশেষ করে আন্দোলনে নিহত ও আহত সাংবাদিকদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

তিনি জানালেন, প্রত্যেক ত্যাগের মূল্যায়ন একদিনে সম্ভব নয়। তবে রাষ্ট্র ধীরে ধীরে সবার অবদান মূল্যায়ন করার পরিকল্পনা করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন, দীর্ঘদিনের আন্দোলনে যারা আহত ও নিহত হয়েছেন, তাদের পর্যায়ক্রমে রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে।

প্রেস সচিব বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করছে। আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি, অর্থনৈতিক চাপ এবং বিগত সরকারের রেখে যাওয়া নানা সংকট এতে অন্তর্ভুক্ত। এসব কারণে বাস্তবায়নে সময় লাগছে।

তিনি আরও বলেন, গত ১৫ বছরে যেসব নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন, তার বাস্তবতা থেকে দেশকে বের করে আনতে সরকার কাজ করে যাচ্ছে। তাই নতুন সরকারকে কিছুটা সময় দিন। ইতোমধ্যে পরিবর্তন লক্ষ্য করা শুরু করেছেন।

আরও পড়ুন: আওয়ামী লীগ আখ্যা দিয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের সিপিবি কার্যালয়ে হামলা

সালেহ শিবলী বলেন, শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পুনর্গঠনের সংগ্রাম অব্যাহত থাকবে। নিরাপদ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিক, আলোকচিত্রীসহ সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন, সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, ডিইউজের সহসভাপতি রাশেদুল হক, বিপিজেএর সহসভাপতি মশিউর রহমান সুমন, অর্থ সম্পাদক নাসিম শিকদার, দপ্তর সম্পাদক ফরিদ আহমেদসহ অন্যান্য আলোকচিত্রী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের রাজনীতিতে জামায়াত থাকলে আওয়ামী লীগও থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৯:০০ পি.এম


বাংলাদেশের রাজনীতিতে জামায়াত থাকলে আওয়ামী লীগও থাকবে

বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী যতদিন থাকবে, ততদিন আওয়ামী লীগও টিকে থাকবে, এমন মন্তব্য করেছেন কবি, চিন্তক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার।

রোববার (২ আগস্ট) রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আমার বাংলাদেশ (এবি) পার্টি আয়োজিত ‘৩৬ জুলাইয়ের অবদান বিতর্ক ও ব্যর্থতার দায় পর্যালোচনা’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ মজহার এ মন্তব্য করেন।

তিনি উল্লেখ করেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে বড় জাতীয় অর্জন এবং এ অর্জনের সঙ্গে কোনো ধরনের আপস করা যাবে না। একাত্তরের মাধ্যমে বাঙালি জনগোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করেছে বলেও তিনি মন্তব্য করেন।

ফরহাদ মজহার এই বক্তব্যে বলেন, ইসলাম একটি ধর্ম, রাজনৈতিক দলের পরিচয় নয়। তাই ‘জামায়াতে ইসলামী’ নাম ব্যবহার করে রাজনীতি করার ঘোরবিরোধী তিনি। যতদিন এ নাম নিয়ে জামায়াতে ইসলামী থাকবে, ততদিন বাংলাদেশে আওয়ামী লীগও থাকবে, বলেন ফরহাদ।

এ সময় তিনি ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থা শেষ করতে গেলে ১৯৭২ সালের সংবিধান পুনর্বিবেচনা নয়, বরং বাতিল করা প্রয়োজন, এমন কথাও তুলে ধরেন।

তিনি ১৯৭২ সালের সংবিধানের সমালোচনা করে বলেন, এটি জনগণের সার্বভৌমত্বকে সীমাবদ্ধ করেছে। জনগণ রাষ্ট্রক্ষমতার প্রকৃত মালিক এবং জনগণের ইচ্ছার ভিত্তিতে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করা সম্ভব। বর্তমান সংবিধানের পরিবর্তে গণসার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে, তিনি উল্লেখ করেন।

জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্রক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াতেও অসন্তোষ প্রকাশ করেন ফরহাদ মজহার। তার অভিযোগ, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে পূর্ণ ক্ষমতাসম্পন্ন অন্তর্বর্তী সরকার গঠনের সুযোগ সৃষ্টি হয়নি। তিনি দাবি করেন, সে সময় বিভিন্ন রাজনৈতিক ও সাংবিধানিক বাস্তবতায় একটি পূর্ণাঙ্গ অন্তর্বর্তী সরকার গঠনে বাধা সৃষ্টি হয়েছিল।

ফরহাদ মজহার আরও বলেন, পূর্ণাঙ্গ ক্ষমতাসম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সুযোগ দেওয়া হয়নি। শেখ হাসিনার আমলের সংবিধান বহাল রেখে প্রকৃত অর্থে সরকার পরিচালনা সম্ভব নয়। তার ভাষায়, সংবিধানকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে।

তিনি বলেন, যদি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ বলা হয়, তাহলে একই সাংবিধানিক ধারাবাহিকতায় অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে গঠিত বিএনপি সরকারকেও অবৈধ বলা হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক উপদেষ্টা শারমিন এস মুরশিদ। তিনি বলেন, ১৯৭১ ও ২০২৪ সালের চেতনাকে ধারণ করে রাষ্ট্র পুনর্গঠনের কাজ এগিয়ে নিতে হবে। দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতা ও পুরোনো রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার ছাড়া কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়।

সংলাপে সভাপতিত্ব করেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আইনজীবী আবু হেনা রাজ্জাকী, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ ভূঁইয়া, এ বি এম খালিদ হাসান, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক সুলতানা রাজিয়া প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী: পুলিশের নিয়োগ-বদলিতে নেই রাজনৈতিক হস্তক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৯:০৩ পি.এম


রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী: পুলিশের নিয়োগ-বদলিতে নেই রাজনৈতিক হস্তক্ষেপ
 স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। টেকসই উন্নয়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশ বাহিনীকে সম্পূর্ণ রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত রাখা হবে। তিনি বলেন, বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা সরকারের কোনো রাজনৈতিক পর্যায় থেকে পুলিশের নিয়োগ, বদলি কিংবা অন্যান্য প্রশাসনিক কার্যক্রমে কোনো ধরনের হস্তক্ষেপ করা হচ্ছে না।

রোববার (২ আগস্ট) বিকেলে রাজশাহী পুলিশ লাইন্সের ড্রিল শেডে রাজশাহীর বিভিন্ন পুলিশ ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহী রেঞ্জ পুলিশ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে রাজনৈতিক স্বার্থে পুলিশকে ব্যবহার করায় বাহিনীর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার পুলিশকে একটি পেশাদার, নিরপেক্ষ ও জনগণের আস্থাভাজন প্রতিষ্ঠানে পরিণত করতে কাজ করছে।

তিনি জানান, পুলিশে পেশাদারিত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘পুরস্কার ও শাস্তি’ ব্যবস্থা চালু করা হয়েছে। সততা, দক্ষতা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনকারী সদস্যদের পদক, সনদ ও আর্থিক পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি এসব অর্জন পদোন্নতির ক্ষেত্রেও বিবেচনায় আনা হবে।

পুলিশ বাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে প্রতিটি মেট্রোপলিটন এলাকায় উচ্চক্ষমতাসম্পন্ন এবং প্রয়োজন অনুযায়ী প্রতিটি জেলায় সাইবার ল্যাব স্থাপনের পরিকল্পনার কথা জানান তিনি। ডার্ক ওয়েবভিত্তিক অপরাধ ও আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা আরও বাড়ানো হবে বলেও উল্লেখ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্ত কার্যক্রমকে আরও কার্যকর করতে কেস ডকেট পুলিশের হেফাজতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে সরকার পরিবর্তনের পরও গুরুত্বপূর্ণ নথি সংরক্ষিত থাকে এবং বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত না হয়। একই সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আধুনিক অস্ত্র, প্রশিক্ষণ, ড্রোন ও ডগ স্কোয়াডের মাধ্যমে আরও শক্তিশালী করা হবে।

তিনি বলেন, কিশোর অপরাধ দমনে বিদ্যমান আইনের সংজ্ঞা ও বয়সসীমা পুনর্মূল্যায়নের বিষয়টি সরকার বিবেচনা করছে। এছাড়া ‘মব কালচার’ বা গণপিটুনির মতো অপরাধ কঠোরভাবে দমনের নির্দেশ দিয়ে তিনি বলেন, এ ধরনের অপরাধের ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

পুলিশ সদস্যদের কল্যাণে নারী সদস্যদের জন্য বিভাগীয় হাসপাতালগুলোতে গাইনোকোলজি ইউনিট স্থাপন এবং আবাসন সংকট নিরসনে ১০০টির বেশি মডেল থানা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। জনবল সংকট দূর করতে ১০ হাজার কনস্টেবল এবং ৪ হাজার সাব-ইন্সপেক্টর নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। এসব নিয়োগ সম্পন্ন হলে পর্যায়ক্রমে ৮ ঘণ্টার শিফটভিত্তিক ডিউটি চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের আস্থা পুনরুদ্ধার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এ লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি এ কে এম আওলাদ হোসেন ও খন্দকার রফিকুল ইসলাম। এছাড়া পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভায় শুভেচ্ছা বক্তব্য দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদ এবং স্বাগত বক্তব্য দেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীর। অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।#
 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউএনওর স্বাক্ষর জাল করে অর্থ উত্তোলনের চেষ্টা, আটক মোয়াজ্জেম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৯:০৬ পি.এম


ইউএনওর স্বাক্ষর জাল করে অর্থ উত্তোলনের চেষ্টা, আটক মোয়াজ্জেম

নওগাঁর বদলগাছী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মোয়াজ্জেম মো. মাহফুজ রহমানের বিরুদ্ধে সরকারি অর্থ জালিয়াতি করে উত্তোলনের চেষ্টা করার অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর জাল করার মাধ্যমে ব্যাংকে চেক জমা দেওয়ার এই ঘটনার কারণে স্থানীয় প্রশাসনিক ও সচেতন মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সূত্রে জানা গেছে, মডেল মসজিদ পরিচালনার জন্য নির্দিষ্ট একটি ব্যাংক হিসাব রয়েছে। নিয়ম অনুসারে, মসজিদ কমিটির সভাপতি হিসেবে দায়িত্বরত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট কর্মকর্তার যৌথ স্বাক্ষর নিয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে হয়।

কিন্তু ৩০ জুলাই (বৃহস্পতিবার) মোয়াজ্জেম মাহফুজ রহমান, কোনো প্রকার একান্ত অনুমোদন বা পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত ছাড়াই, ইউএনও’র স্বাক্ষর জাল করে একটি চেকে অর্থ উত্তোলনের জন্য সোনালী ব্যাংকে জমা দেন।

ব্যাংক সূত্রের তথ্য অনুযায়ী, কর্মকর্তাদের সন্দেহ হয় যখন তারা চেকে থাকা স্বাক্ষরের সঙ্গে ইউএনও’র মূল স্বাক্ষরের অমিল দেখতে পান। পরবর্তীতে বিষয়টি যাচাই-বাছাই করার পর ব্যাংক কর্তৃপক্ষ জালিয়াতির বিষয়টি নিশ্চিত করে। এ কারণে টাকা প্রদান তৎক্ষণাৎ স্থগিত করে পুরো ঘটনা উপজেলা প্রশাসনকে জানানো হয়।

ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এ ধরনের অসদাচরণের সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

এ ব্যাপারে সোনালী ব্যাংকের বদলগাছী শাখা ব্যবস্থাপক নুরে আলম জানান, চেকে প্রদান করা স্বাক্ষরে অসঙ্গতি পাওয়ায় অর্থ প্রদান স্থগিত করা হয়েছে। এ বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

মোয়াজ্জেম মো. মাহফুজ রহমানের সাথে অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা স্বীকার করে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান ছনি বলেন, সরকারি অর্থে জালিয়াতির ঘটনা অত্যন্ত গুরুতর অপরাধ। প্রাথমিক তথ্য পাওয়ার পর তদন্ত পরিচালনা করা হচ্ছে। সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাহসিনা রুশদীর লুনা এমপি'র সা‌থে "দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল" ট্রাস্টিবৃন্দের সাক্ষাৎ মি‌নিময়

আন্তর্জাতিক ডেস্ক

শ‌হিদুল ইসলাম, প্রতি‌বেদক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৯:০৯ পি.এম


তাহসিনা রুশদীর লুনা এমপি

বৃটেন সফররত সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের মাননীয় সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার সঙ্গে যুক্তরাজ্যভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান ‘দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল’-এর ট্রাস্টিবৃন্দের একটি সৌজন্য সাক্ষাৎ হয়েছে।

২ আগস্ট ২০২৬, রবিবার সাক্ষাৎকালে ট্রাস্টিবৃন্দ বিশ্বনাথ উপজেলায় নির্মাণাধীন ‘ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল’-এর সার্বিক অগ্রগতি, চলমান নির্মাণকাজ, বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, আর্থিক হিসাব-নিকাশ, দাতাদের অবদান এবং হাসপাতালের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মাননীয় সংসদ সদস্যকে বিস্তারিতভাবে অবহিত করেন।

তারা জানান, এই হাসপাতালটি সম্পূর্ণ অলাভজনক ও জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে গড়ে তোলা হচ্ছে, যার মূল লক্ষ্য হল বিশ্বনাথ সহ আশপাশের এলাকার সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।

মাননীয় সংসদ সদস্য বেগম তাহসিনা রুশদীর লুনা অত্যন্ত মনোযোগ দিয়ে ট্রাস্টিবৃন্দের উপস্থাপনা শুনলেন এবং এ মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করলেন। তিনি উল্লেখ করেন, প্রবাসী বাংলাদেশিদের মানবিক উদ্যোগে নির্মিত এ হাসপাতাল ভবিষ্যতে এলাকার স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

হাসপাতালটির সফল বাস্তবায়ন ও কার্যক্রম পরিচালনার জন্য তিনি তাঁর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন ‘দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল’-এর ট্রাস্টি ও সেক্রেটারি জেনারেল মো. আয়াছ মিয়া, ট্রাস্টি আবুল হাশিম বিএসসি, ট্রাস্টি মৌলানা সিরাজুল ইসলাম সাদ, ট্রাস্টি আশিক আলী এবং ট্রাস্টি শাহ সোহেল আমিন।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ হাসপাতালের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে জনগণের জন্য স্বাস্থ্যসেবার দ্বার উন্মুক্ত করার জন্য একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করলেন। ট্রাস্টিবৃন্দ মাননীয় সংসদ সদস্যের আন্তরিকতা, মূল্যবান পরামর্শ এবং সহযোগিতার আশ্বাসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তারা আশা প্রকাশ করেন যে, সকলের সম্মিলিত সহযোগিতায় ‘ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল’ বিশ্বনাথ অঞ্চলের মানুষের জন্য একটি আধুনিক, নির্ভরযোগ্য ও মানবিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিণত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%