মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি
১০:০৯ পি.এম
গুম ও অপহরণ নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা, সরকারবিরোধী অপপ্রচার এবং নারী নির্যাতনের অভিযোগের প্রতিবাদে খাগড়াছড়ি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদল।
রবিবার (১৪ জুন) খাগড়াছড়ি জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। বিক্ষোভ মিছিলগুলোতে অংশগ্রহণকারীরা গুম ও অপহরণের প্রকৃত ভুক্তভোগীদের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান এবং যেকোনো ধরনের সহিংসতা, নারী নির্যাতন ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান ব্যক্ত করেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা তথ্য প্রচার ও বিভ্রান্তি ছড়ানো সমাজে অস্থিরতা সৃষ্টি করে। একইসঙ্গে নারী ও শিশুদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।
খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম জাহিদ বলেন,
গুম, অপহরণ কিংবা নারী নির্যাতনের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে কোনো ধরনের রাজনৈতিক নাটক বা বিভ্রান্তি সৃষ্টি করা উচিত নয়। এসব ঘটনার প্রকৃত ভুক্তভোগীদের প্রতি সম্মান দেখানো এবং সত্য উদঘাটনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একইসঙ্গে নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধের বিরুদ্ধে সামাজিক ও আইনি প্রতিরোধ আরও জোরদার করা প্রয়োজন।
তিনি আরও বলেন,
গণতান্ত্রিক মূল্যবোধ, সত্যনিষ্ঠ রাজনীতি এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্রদল সবসময় সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
কর্মসূচিতে জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার ৮০ বছরে পা রাখলেন। এ উপলক্ষে তিনি হোয়াইট হাউসের দক্ষিণ লনে একটি ব্যতিক্রমধর্মী খাঁচাবন্দি লড়াইয়ের আয়োজন করেছে।
ওয়াশিংটন থেকে এএফপি জানায়, ‘ইউএফসি ফ্রিডম ২৫০’ নামের এ নজিরবিহীন আসরে ১৪ জন তারকা যোদ্ধা অংশ নিচ্ছেন, যাদের মধ্যে রয়েছে আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের (ইউএফসি) সদস্যরা। ‘দ্য ক্ল’ নামে বিশাল এক অঙ্গনে তারা একে অপরের মুখোমুখি হবেন।
৬ কোটি ডলার ব্যয়ে আয়োজিত এই অনুষ্ঠানটি যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে করা হয়েছে। একই সঙ্গে দিনটি ট্রাম্পের ৮০তম জন্মদিনও।
সমালোচকেরা যুক্তরাষ্ট্রের সবচেয়ে পরিচিত প্রাঙ্গণে এমন সহিংস আয়োজনকে রুচিহীন বলে আখ্যা দিয়েছেন। বিশেষ করে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই আয়োজনকে তারা অনুপযুক্ত বলে দাবি করেছেন।
বিবৃতিতে বলা হয়েছে, সোমবার ট্রাম্প ইরানের সঙ্গে বহু প্রতীক্ষিত শান্তিচুক্তি সম্পন্ন করতে পারেন। কিন্তু তেহরান ইতিমধ্যেই এ সময়সূচি নিয়ে সন্দেহ প্রকাশ করেছে।
বিলিয়নিয়ার প্রেসিডেন্ট ট্রাম্প, যিনি দীর্ঘদিন ধরে ইউএফসির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন এবং যার রাজনৈতিক সমর্থনভিত্তির বড় অংশই এ খেলার তরুণ পুরুষ দর্শক, তিনি এ আয়োজনকে অনন্য এক প্রদর্শনী হিসেবে বর্ণনা করেছেন।
গত মে মাসে ট্রাম্প কয়েকজন শক্তিশালী, খালি হাতে লড়াই করা ইউএফসি যোদ্ধা ওভাল অফিসে আমন্ত্রণ জানিয়ে বলেছিলেন, ‘এটি এমন একটি অনুষ্ঠান হতে যাচ্ছে, যা আপনাদের সত্যিই ভালো লাগবে।’
হোয়াইট হাউস জানিয়েছে, এই আয়োজনের পুরো ব্যয় বহন করছে ইউএফসি।
ইউএফসির প্রধান কনটেন্ট কর্মকর্তা ক্রেইগ বরসারি খেলাধুলা ও রাজনীতিকে একসঙ্গে মিশিয়ে দেখার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা বিষয়টিকে এভাবে দেখি যে, আমাদের সামনে দেশ ও আমাদের ক্রীড়াবিদদের উদযাপনের এক অসাধারণ ও একেবারেই অনন্য সুযোগ এসেছে।’
‘দারুণ যুদ্ধযন্ত্র’ নাটকীয়তার অংশ হিসেবে রোববারের এ আসরে অংশ নেওয়া কয়েকজন শীর্ষ যোদ্ধা সরাসরি ওভাল অফিস থেকেই বেরিয়ে এসে হোয়াইট হাউসের ঐতিহাসিক দক্ষিণ লনের দিকে অগ্রসর হবেন।
লড়াইগুলো অনুষ্ঠিত হবে ‘অক্টাগন’-এ— আট কোণবিশিষ্ট তারের জালঘেরা একটি খাঁচায়। এর চারপাশে চার হাজারের বেশি দর্শকের বসার ব্যবস্থা রাখা হয়েছে।
রোববারের লড়াইয়ে অংশ নেওয়া ইউএফসি যোদ্ধা মাইকেল চ্যান্ডলার বলেছেন, এটি ‘যুদ্ধভিত্তিক ক্রীড়ার ইতিহাসে সবচেয়ে বড় আয়োজন।’
ফরাসি যোদ্ধা সিরিল গেন জানিয়েছেন, তিনি মূলত ক্রীড়া দিকটিতেই মনোযোগ দিচ্ছেন। তিনি এ মাসের শুরুতে এএফপিকে বলেন, ‘আমরা কোনোভাবেই রাজনীতির সঙ্গে জড়িত নই। কিন্তু বিশ্বের সামনে নিজেদের তুলে ধরার একটি সুযোগ পেয়েছি— সেটিকে আমাদের কাজে লাগাতে হবে।’
সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, লড়াইয়ের বিরতিতে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে ঐতিহাসিক বিভিন্ন ঘটনার সংক্ষিপ্ত উপস্থাপনা দেখানো হবে। এ ছাড়া থাকবে সামরিক ব্যান্ডের পরিবেশনা, মার্কিন সামরিক বিমানের ফ্লাইপাস্ট, প্যারাশুট প্রদর্শনী এবং ১০ মিনিটব্যাপী আতশবাজির আয়োজন।
‘বর্ণিল এক বিশাল প্রদর্শনী’ এই আয়োজনটি বন্ধের দাবিতে করা একটি আবেদন শুক্রবার খারিজ করে দিয়েছেন একজন মার্কিন বিচারক। দুটি স্থানীয় বাসিন্দা অভিযোগ করেছিলেন, এ অনুষ্ঠান দুর্নীতিগ্রস্ত ও অনৈতিক।
ট্রাম্পের জন্মদিনের এ লড়াই ইতোমধ্যেই ওয়াশিংটনের কেন্দ্রস্থলের বড় একটি অংশের উপর প্রভাব ফেলেছে।
লিংকন মেমোরিয়ালের সামনে যোদ্ধাদের ওজন মাপার আয়োজন করা হচ্ছে। পাশাপাশি ন্যাশনাল মলে বিশাল পর্দায় অনুষ্ঠানটি দেখার জন্য প্রায় এক লাখ ২৫ হাজার মানুষের জায়গা রাখা হয়েছে।
৮০ বছরে পদার্পণের সঙ্গে সঙ্গে ট্রাম্পের স্বাস্থ্য নিয়েও নানা প্রশ্ন উঠেছে। তবে এ আয়োজন সেসব আলোচনা অনেকটাই আড়াল করে দিয়েছে।
ট্রাম্প প্রায়ই নিজের প্রাণশক্তির সঙ্গে সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের তুলনা করেন। বাইডেন একটি দুর্বল বিতর্ক-প্রদর্শনের পর দ্বিতীয় মেয়াদের নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়াতে বাধ্য হন।
তবে হাতের কালশিটে দাগ, পায়ের শিরার সমস্যা এবং বৈঠকে ঘুমঘুম ভাব— এ সব শারীরিক সমস্যা নিয়েও ট্রাম্প আলোচনায় ছিলেন। যদিও তার ব্যক্তিগত চিকিৎসক দাবি করেছেন, তিনি চমৎকার সুস্থ আছেন।
এ সপ্তাহে এক কর্মকর্তার পোস্ট করা ভিডিওতে ট্রাম্প বলেন, ‘আমি যে জন্মদিনটি উদযাপন করছি, সেটি নিয়ে আমি খুব খুশি নই। এটি এমন একটি সংখ্যা, যা আমার পছন্দ নয়। তবে তবুও আমি এখানে আছি।’
বাস্তবে, রক্তাক্ত লড়াই আর জাঁকজমকপূর্ণ এ আয়োজনের পুরো সময়জুড়েই কেন্দ্রবিন্দুতে থাকবেন ট্রাম্প, যেমনটি তিনি সব সময়ই থাকেন।
জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের মিডিয়া স্কুলের পরিচালক পিটার লজ এএফপিকে বলেন, ‘তিনি প্রেসিডেন্সিকে এমনভাবে পরিচালনা করছেন, যেভাবে তিনি তার আগের পেশাকে পরিচালনা করতেন— একটি বড়, বর্ণিল প্রদর্শনী হিসেবে।’
গত বছর নিজের জন্মদিনে ট্রাম্প ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ২৫০ বছর পূর্তি উপলক্ষে নজিরবিহীন এক সামরিক কুচকাওয়াজের আয়োজন করেছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ দল প্রথমবারের মতো উন্মুক্ত আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড (ওআইবিও) ২০২৬-এ অংশগ্রহণ করে আন্তর্জাতিক অঙ্গনে গৌরবময় সাফল্য অর্জন করেছে।
সম্প্রতি রাশিয়ার ‘সিরিয়াস ফেডারেল টেরিটরি’-তে অনুষ্ঠিত এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় বিশ্বের ২০টিরও বেশি দেশের শতাধিক মেধাবী শিক্ষার্থী অংশ নেন।
অলিম্পিয়াডে তাত্ত্বিক ও ব্যবহারিক পরীক্ষায় অনন্য মেধার স্বাক্ষর রেখে বাংলাদেশ দলের তাসিন মোহাম্মাদ ব্যক্তিগতভাবে ব্রোঞ্জ পদক জয় করেছেন। পাশাপাশি, দলগত প্রকল্প রাউন্ডে বাংলাদেশ দল বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছে।
আজ এখানে প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করেন বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী তাসিন মোহাম্মাদ এবং সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষার্থী রূপকথা রায়। বাংলাদেশ দলের দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেন ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর প্রভাষক আফিয়া নওশীন।
এতে বলা হয়, বাংলাদেশ দলের এই অংশগ্রহণ ও প্রস্তুতি কার্যক্রম সমন্বয় করেছে ‘সাস্টেইনেবিলিটি অ্যান্ড লাইফ সায়েন্সেস নেটওয়ার্ক’ (এসএলএসএন) এবং সার্বিক সহযোগিতা প্রদান করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অলিম্পিয়াডটি মূলত তাত্ত্বিক, ব্যবহারিক ও প্রকল্পভিত্তিকÑ এই তিনটি প্রধান ধাপে অনুষ্ঠিত হয়। এর মধ্যে ‘আধুনিক উদ্ভিদবিজ্ঞানের ব্যবহারিক পদ্ধতিসমূহ’ শীর্ষক প্রকল্প রাউন্ডে ‘টিম বাংলাদেশ’ ও ‘প্রকল্প বিজয়ী’ স্বীকৃতি লাভ করে। তাসিন মোহাম্মাদ ও রূপকথা রায়ের সমন্বয়ে গঠিত এই দলের প্রকল্পের আওতায় আধুনিক উদ্ভিদবিজ্ঞানের বিভিন্ন ব্যবহারিক গবেষণা পদ্ধতি, মাঠপর্যায়ের পর্যবেক্ষণ, পরিবেশগত তথ্য সংগ্রহ, নমুনা বিশ্লেষণ, ডিএনএ ভিত্তিক গবেষণা এবং অঙ্গসংস্থানিক বা আকৃতিগত বিদ্যা অন্তর্ভুক্ত ছিল।
সীমিত সদস্য নিয়ে অংশ নিলেও বাংলাদেশ দল আন্তর্জাতিক পর্যায়ে গবেষণাভিত্তিক বিভিন্ন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করে নিজেদের বৈজ্ঞানিক দক্ষতা ও উচ্চতর গবেষণা সক্ষমতার পরিচয় দিয়েছে। মাঠপর্যায়ের পর্যবেক্ষণ থেকে শুরু করে আধুনিক পরীক্ষাগারভিত্তিক বিশ্লেষণ পর্যন্ত প্রতিটি ধাপে দলটি সমন্বিত ও সফলভাবে কাজ করেছে।
সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের এই গৌরবময় অর্জন দেশের তরুণ বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের জন্য একটি বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। এই স্বীকৃতি জীববিজ্ঞান ও বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতায় দেশের ক্রমবর্ধমান সক্ষমতার প্রতিফলন এবং ভবিষ্যতে আন্তর্জাতিক বৈজ্ঞানিক কার্যক্রমে বাংলাদেশের আরও সক্রিয় অংশগ্রহণের পথ সুগম করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশালের বাকেরগঞ্জে কলেজছাত্র সাইদুল ইসলাম সজিব হত্যা মামলার প্রধান আসামি মিলন খান (৪০)কে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (১৩ জুন) রাতে ঢাকার ডেমরা থানার সারুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার (১৪ জুন) দুপুরে তাকে বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।পরে তাকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা
বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক এস আই দেলোয়ার হোসেন । তিনি জানান, দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১৩ জুন বরিশাল র্যাব-৮ এবং যাত্রাবাড়ীর র্যাব-১০এর একটি যৌথ আভিযানিক দল ডিএমপির ডেমরা থানাধীন সারুলিয়া এলাকা হতে মোঃ মিলন খানকে গ্রেপ্তার করে।
এজাহারের সূত্রে জানা যায়, উপজেলার ১২ নং রঙ্গশ্রী ইউনিয়নের লোচনাবাদ গ্রামে গত ২৮ মার্চ সকাল ১০ টায়
জমি সংক্রান্ত বিরোধ কেন্দ্র করে মোঃ আবুল হোসেন খান (৫৮)তার স্ত্রী পিয়ারা বেগম (৫৫), হাসান আলী খান (৫৮) ও আয়শা বেগম (৫০)। সাইদুল ইসলাম সজীব (২৬) কে লোহার শাবল, রড, ধারালো দা এবং লাঠিসোটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে একই বাড়ির মৃত রুস্তম আলী খানের পুত্র মিলন খান (৪০), জাফর খান (৪৭), নাসির খান (৪৩), জালাল খান (৫৫), মোকসেদ খানের পুত্র লিটন খান (৪০), রিপন খান (৪২) ও মিলন খানের স্ত্রী বিথী বেগম (৩৫) সহ আরো ৮ থেকে ১০ জন লোকজন মিলে। এসময়ে আহতদের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে প্রথমে বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং সাইদুর ইসলাম সজীব এর অবস্থা আশংকা জনক বিধায় উন্নত চিকিৎসার জন্য প্রথমে বরিশাল শেরে-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৩১ মার্চ রাত ০১:৩০ মিনিটের সময় সাইদুল ইসলাম মারা যান।
এ ঘটনায় নিহতের পিতা আবুল হোসেন খান বাদী হয়ে রোববার (২৯ মার্চ) থানায় ৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
নিহত সাইদুল ইসলাম সজিব বরিশাল সরকারি কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি চলতি বছর অনার্স ফাইনাল পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ঘটনার পর থেকেই মামলার প্রধান আসামি মিলন খান আত্মগোপনে ছিলেন।
বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আদিল হোসেন জানান, মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মিলন খান ঘটনার পর আত্মগোপনে চলে যায়। তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে
অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় শিক্ষকের শূন্যপদ পূরণের লক্ষ্যে ৭৭ হাজার ৭৯৯টি শূন্যপদের তালিকা ই-রেজিস্ট্রেশনের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। এই শূন্যপদগুলো পূরণের জন্য শিগগিরই নতুন গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
রোববার (১৪ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ষষ্ঠতম দিনে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের সংসদ সদস্য (এমপি) আখতার হোসেনের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান।
সংসদ সদস্য আখতার হোসেন তার প্রশ্নে জানতে চেয়েছিলেন, অত্র এলাকায় সরকারি এবং এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়গুলোতে মোট কতটি শিক্ষকের শূন্যপদ রয়েছে এবং এনটিআরসিএ এর মাধ্যমে চলমান নিয়োগ প্রক্রিয়ায় এই শূন্য পদগুলো পূরণে বিশেষ কোনো অগ্রাধিকার বা দ্রুত ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা রয়েছে কি না।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেন, সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট নিরসনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষক স্বল্পতা নিরসনের লক্ষ্যে ইতোমধ্যে শূন্য পদের তালিকা প্রস্তুতপূর্বক বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) প্রস্তাব পাঠানোর জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রয়োজনীয় তথ্য পাঠানো হয়েছে। এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন হলে রংপুর-৪ এলাকার সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহসহ দেশের অন্যান্য সরকারি বিদ্যালয়ের শিক্ষক সংকট উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
শিক্ষামন্ত্রী আরও উল্লেখ করেন, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের (স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা) প্রবেশ পর্যায়ের শূন্যপদ পূরণের লক্ষ্যে সম্পূর্ণ অটোমেশন পদ্ধতিতে জাতীয় মেধাতালিকার ভিত্তিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) নিয়োগ সুপারিশ কার্যক্রম পরিচালনা করছে। এই প্রক্রিয়ার আওতায় গত বছরের ১৯ আগস্ট ৪১ হাজার ৬২৭ জন এবং চলতি বছরের ২৮ জানুয়ারি ১১ হাজার ৭১৩ জনসহ মোট ৫৩ হাজার ৩৪০ জন শিক্ষককে দেশের বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
মন্ত্রী জানিয়েছেন, বর্তমানে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে শিক্ষকের শূন্যপদ পূরণের লক্ষ্যে ই-রেজিস্ট্রেশনের মাধ্যমে ৭৭ হাজার ৭৯৯টি শূন্যপদের তালিকা সংগ্রহ করা হয়েছে। শিগগিরই নতুন গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। রংপুর-৪ এলাকার শূন্যপদসমূহও জাতীয় মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়ার আওতায় অগ্রাধিকারসহ পূরণ করা হবে বলে মন্ত্রী আশ্বাস দেন। সরকার আশা করছে, চলমান এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন হলে সংশ্লিষ্ট এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং পাঠদান কার্যক্রম আরও গতিশীল হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ