ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

রেকর্ড গড়ে এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’


রেকর্ড গড়ে এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’

বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ার পর, আন্তর্জাতিক সংগীতের মঞ্চে নজর কাড়ার অপেক্ষায় রয়েছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। ছবিটি পরিচালনা করেছেন আদিত্য ধর এবং এতে অভিনয় করেছেন রণবীর সিং। ছবিটির অ্যালবামটি গ্র্যামি পুরস্কারের জন্য জমা দেওয়া হয়েছে। শুধু পুরো অ্যালবামটিই নয়, মনোনয়নের জন্য এর নয়টি গানও পাঠানো হয়েছে। প্রযোজনা সংস্থা টি-সিরিজ ও বি৬২ স্টুডিওজের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা গেছে, গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৯তম আসরের একাধিক বিভাগে বিবেচনার জন্য জমা দেওয়া হয়েছে ‘ধুরন্ধর ২’-এর গানগুলো। সুরকার শাশ্বত সাচদেবের তৈরি পুরো অ্যালবামটি ‘বেস্ট কম্পাইলেশন সাউন্ডট্র্যাক ফর ভিজ্যুয়াল মিডিয়া’ বিভাগে পাঠানো হয়েছে। পাশাপাশি, অ্যালবামের নয়টি গান আলাদা নয়টি বিভাগে জমা দেওয়া হয়েছে। নির্মাতারা ছবিটির প্রতি দর্শকদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন।

তালিকায় রয়েছে অরিজিৎ সিংয়ের কণ্ঠে ‘ফির সে’। গানটি ‘বেস্ট সং রিটেন ফর ভিজ্যুয়াল মিডিয়া’ বিভাগে জমা দেওয়া হয়েছে। অন্যদিকে, বম্বে রকার্স, খান সাব, জ্যাসমিন স্যান্ডলাস, রেবল, টোকেন ও সুধীর যাদুবংশীদের গাওয়া ‘আরি আরি’ পাঠানো হয়েছে ‘বেস্ট এশিয়ান পপ মিউজিক পারফরম্যান্স’ বিভাগে। ‘জান সে গুজরাতে হ্যায়’ ও ‘কানহাইয়া’ গান দুটি জমা পড়েছে ‘বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স’ বিভাগে।

আরও পড়ুন: মা হারালেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পপি

এছাড়া, জ্যাসমিন স্যান্ডলাস ও সতিন্দর সরতাজের গাওয়া ‘যাইয়ে সাজনা’ পাঠানো হয়েছে ‘বেস্ট পপ ডুও/গ্রুপ পারফরম্যান্স’ বিভাগে। ‘বেস্ট র‍্যাপ পারফরম্যান্স’ বিভাগের জন্য জমা দেওয়া হয়েছে ‘ডেস্টিনি—মন আটকিয়া’, ‘বেস্ট ড্যান্স/ইলেকট্রনিক রেকর্ডিং’ বিভাগে ‘ভারি জাভান’ এবং ‘বেস্ট রিমিক্সড রেকর্ডিং’ বিভাগে ‘হাম প্যায়ার করনে ওয়ালে’।

তবে, গ্র্যামির জন্য গান জমা দেওয়া এবং চূড়ান্ত মনোনয়ন পাওয়া দুটি ভিন্ন বিষয়। জমা দেওয়া গানগুলো শেষ পর্যন্ত মনোনয়নের তালিকায় স্থান পাবে কি না, তা জানার জন্য অপেক্ষা করতে হবে। ২০২৭ সালে অনুষ্ঠিত হতে যাওয়া গ্র্যামির ৬৯তম আসরে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ কোনো বিভাগে চূড়ান্ত মনোনয়ন পায় কি না, সেদিকেই এখন নজর সংগীতপ্রেমীদের।

এদিকে, বক্স অফিসে ছবিটির সাফল্যও ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। ২০২৫ সালে মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ এবং ২০২৬ সালের মার্চে মুক্তি পাওয়া এর দ্বিতীয় পর্ব ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’—দুই ছবির সম্মিলিত আয় ৩ হাজার ১৯ কোটি ৩৫ লাখ রুপি বলে স্যাকনিল্কের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই আয় ‘বাহুবলী’ ও ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজির দুই পর্বের সম্মিলিত আয়ের চেয়েও বেশি বলে দাবি করা হয়েছে।

চলতি বছরের মার্চে ভারতের ২১ হাজার ৭২৮টি পর্দায় মুক্তি পায় ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। মুক্তির প্রথম দিনেই ভারতে ১০২ কোটি ৫৫ লাখ রুপির ব্যবসা করে ছবিটি। এর মধ্য দিয়ে হিন্দি সিনেমার বক্স অফিসে নতুন রেকর্ড গড়ার দাবিও সামনে আসে।

আরও পড়ুন: নেপালের নাট্যোৎসবে মঞ্চস্থ হবে বাংলাদেশের ‘এ ফাদার’স স্কাই’

বক্স অফিসের সাফল্যের পর, আন্তর্জাতিক সংগীতের সম্মানজনক আসরে জায়গা করে নেওয়ার স্বপ্ন দেখছে ছবিটির অ্যালবাম। নয়টি গান ও পুরো সাউন্ডট্র্যাক জমা পড়লেও, শেষ পর্যন্ত গ্র্যামির মনোনয়ন তালিকায় কতগুলো গান জায়গা পায়, সেটিই এখন দেখার বিষয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদিতে মাদকসহ পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৪০ পি.এম


সৌদিতে মাদকসহ পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার

সৌদি আরবের জেদ্দায় মাদক বিক্রি ও প্রচারের অভিযোগে পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী অন্তর্ভুক্ত রয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) সৌদি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মোট ৮ দশমিক ৫ কেজি মেথামফেটামিন মাদক বিক্রি ও প্রচারের অভিযোগ রয়েছে। তবে জেদ্দার কোন নির্দিষ্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

সৌদি আরবের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মামলাটি পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।

এ ঘটনায় অভিযুক্তদের নাম, পরিচয়, বয়স ও পেশা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। একই সঙ্গে মামলার পরবর্তী অগ্রগতি বা আদালতের সিদ্ধান্ত সম্পর্কেও কিছু জানানো হয়নি।

সৌদি আরবে মাদক পাচার, বিক্রি ও প্রচারের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদকসংক্রান্ত অপরাধের তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য নাগরিক ও প্রবাসীদের প্রতি কর্তৃপক্ষ আহ্বান জানিয়েছে।

সূত্র: সৌদি সংবাদমাধ্যম আর-রিয়াদ, সাবক এবং আজেল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুম্বাইয়ে বিক্ষোভে যাওয়ার পথে তুষার গান্ধী আটক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৪১ পি.এম


মুম্বাইয়ে বিক্ষোভে যাওয়ার পথে তুষার গান্ধী আটক

ভারতের দিল্লির যন্তর মন্তরে সিজেপি-র বিক্ষোভ কর্মসূচি পালনের উদ্দেশ্যে যাওয়ার পথে ‘হাম ভারত কে লোগ’ -এর সভাপতি তুষার গান্ধী এবং তার সহযোগীদের মুম্বাই পুলিশ বিভিন্ন স্থান থেকে আটক করেছে।

একটি পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, তুষার গান্ধীকে বান্দ্রা থেকে আটক করে ডিএন নগর থানায় নিয়ে যাওয়া হয়েছে।

তবে তুষার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে দাবি করেছেন, তাকে আটক করা হয়েছে এবং অজ্ঞাত কোনো স্থানে নিয়ে যাওয়া হচ্ছে।

পুলিশ নিশ্চিত করেছে, তার সহযোগী এবং সংগঠনের সহ-সভাপতিকে আন্ধেরি থেকে আটক করে এমআইডিসি থানায় নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ তাদের আটকের বিষয়টি অস্বীকার করে জানিয়েছে, তাদের কেবল হেফাজতে রাখা হয়েছে।

গতকাল শুক্রবার, তুষার গান্ধী এক্সে একটি পোস্টারসহ বার্তা দিয়ে মুম্বাইবাসীদের প্রতি আহ্বান জানিয়েছিলেন যেন তারা শনিবার বিকেল সাড়ে ৩টায় আগস্ট ক্রান্তি ময়দানে আয়োজিত বিক্ষোভে তার সঙ্গে যোগ দেন। এই বিক্ষোভটি যন্তর মন্তরে সিজেপির কর্মসূচির সমর্থনে অনুষ্ঠিত হবে।

তবে পুলিশ জানিয়েছে, বিক্ষোভ আয়োজনের জন্য কোনো আবেদন পাওয়া যায়নি এবং এ বিষয়ে কোনো অনুমতি দেওয়া হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটুয়াখালীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৪১ পি.এম


পটুয়াখালীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় পটুয়াখালী ইসলামিক ফাউন্ডেশন অডিটোরিয়ামে এই যৌথ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল পটুয়াখালী জেলা শাখা।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য, পটুয়াখালী ওয়াজেদিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল এবং জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সাবেক আহ্বায়ক ও সদস্য সচিব প্রিন্সিপাল মাওলানা শাহ মো. নেছারুল হক।

সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক এবং জেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা এ.কে.এম. আব্দুস সালাম। বক্তারা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য ও ঐতিহাসিক পটভূমি তুলে ধরেন।

বক্তারা উল্লেখ করেন, বিগত সরকারের সময় দেশে ফ্যাসিবাদী শাসন চলাকালীন আলেম-ওলামা ও রাজনৈতিক নেতা-কর্মীদের ওপর চরম জেল-জুলুম এবং নিপীড়ন চালানো হয়েছিল। তাঁরা বলেন, শত প্রতিকূলতার মধ্যেও জাতীয়তাবাদী ওলামা দল ইসলামী মূল্যবোধ ও দেশপ্রেমের নীতিতে অবিচল ছিল। বক্তারা আগামী দিনে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আলেম সমাজকে আরও ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য পেশ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মজিবুর রহমান টোটন।

এ সময় জাতীয়তাবাদী ওলামা দলের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ ওলামায়ে কেরাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১ নভেম্বর থেকে রিকশাচালকসহ সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৪২ পি.এম


১ নভেম্বর থেকে রিকশাচালকসহ সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন

বাংলাদেশ ব্যাংক দেশের সকল শ্রেণি-পেশার মানুষের জন্য ক্যাশলেস বা ডিজিটাল লেনদেনের আওতায় আসার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। আগামী নভেম্বর মাস থেকে ‘বাংলা কিউআর’ কোডের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) লেনদেনের সুবিধা চালু হতে যাচ্ছে। এর ফলে রিকশাচালক, মুচি এবং দেশের সাধারণ জনগণ নিজেদের কিউআর কোড ব্যবহার করে সরাসরি অর্থ লেনদেন করতে সক্ষম হবেন।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ওয়ান ব্যাংক পিএলসি এবং বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত একটি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এ তথ্য প্রকাশ করেন।

অনুষ্ঠানটি বাংলা কিউআর কোডের মাধ্যমে শিক্ষার্থীদের টিউশন ফি পরিশোধ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনের উদ্দেশ্যে আয়োজন করা হয়।

গভর্নর জানান, বাংলা কিউআর বাস্তবায়নের জন্য চার ধাপের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রথম ধাপে নিয়ন্ত্রক নির্দেশনা কার্যকর করা হয়। ১ জুলাই থেকে বাংলা কিউআর সকলের জন্য বাধ্যতামূলক করা হয়। চালুর পর দ্বিতীয় ধাপে এর কার্যক্ষমতা যাচাই করা হয়। এই ধরনের আন্তঃসংযোগভিত্তিক লেনদেন ব্যবস্থায় একসঙ্গে বিপুলসংখ্যক লেনদেন সামলানোর সক্ষমতা নিশ্চিত করা জরুরি ছিল। কারণ মাস্টারকার্ডের ব্যবস্থা প্রতি সেকেন্ডে এক হাজার লেনদেন সম্পন্ন করতে পারলেও দেশের ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ব্যবস্থায় সর্বোচ্চ প্রতি সেকেন্ডে ৩০০টি লেনদেনের সক্ষমতা পরীক্ষা করা হয়েছিল।

তিনি বলেন, একসঙ্গে প্রায় ১০০টি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে এই আন্তঃসংযোগভিত্তিক প্ল্যাটফর্মে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছিল। ফলে হঠাৎ করে বাংলা কিউআর সবার জন্য বাধ্যতামূলক হলে ব্যবস্থাটির কার্যক্ষমতা নিয়ে উদ্বেগ ছিল। তবে প্রায় দেড়-দুই মাসের মধ্যে এর কার্যক্ষমতা নিয়ে সন্তুষ্টির মতো অগ্রগতি দেখা যায়। এরপর বাংলা কিউআরের প্রচার ও প্রসারের লক্ষ্যে গত ১ অক্টোবর থেকে এই উদ্যোগ শুরু হয়েছে। একইসঙ্গে আন্তঃসংযোগের মাধ্যমে এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে লেনদেনের ক্ষেত্রে যে চার্জ ছিল, তা শূন্য করা হয়েছে। দুই হাজার টাকা নয়, পাঁচ হাজার, এক লাখ কিংবা দুই লাখ টাকা; যেকোনো অংকের লেনদেনের ক্ষেত্রেই এই চার্জ প্রযোজ্য হবে না।

আগামী নভেম্বর থেকে বাংলা কিউআরের চতুর্থ ধাপ শুরু হবে জানিয়ে মোস্তাকুর রহমান বলেন, এই পর্যায়ে ব্যক্তি থেকে ব্যক্তির মধ্যে লেনদেনের সুযোগ চালু করা হবে। তখন একজন ব্যক্তি অন্য যেকোনো ব্যক্তিকে বাংলা কিউআরের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন। এই ব্যবস্থায় রিকশাচালক, মুচি এবং সাধারণ জনগণের নিজস্ব কিউআর কোড থাকবে।

বাংলা কিউআরের অগ্রগতি তুলে ধরে গভর্নর বলেন, জুনের প্রথম সপ্তাহে এই ব্যবস্থায় প্রতি সপ্তাহের দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৩৭ কোটি টাকা। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে তা বেড়ে প্রায় ১৮০ কোটি টাকায় পৌঁছায়। অর্থাৎ এই সময়ে লেনদেনের পরিমাণ চার গুণের বেশি বেড়েছে। তবে এই অগ্রগতিকে চূড়ান্ত সাফল্য হিসেবে দেখার সুযোগ নেই। কারণ বাংলা কিউআরের যাত্রায় এখনো সামান্য পথ অতিক্রম করা হয়েছে। দৈনিক প্রায় তিন হাজার কোটি টাকা লেনদেন হলে এই ব্যবস্থাকে একটি যুক্তিসংগত অবস্থানে পৌঁছানো যাবে বলে বিবেচনা করা হবে।

বাংলাদেশ ব্যাংক গভর্নর আরো জানান, সরকারের ‘ডিজিটাল জনপরিকাঠামো’ উদ্যোগের তিনটি মূল স্তম্ভ রয়েছে—ডিজিটাল পরিচয়, ডিজিটাল লেনদেন এবং তথ্য বিনিময়।

‘ডিজিটাল পরিচয় নিশ্চিত হলে ব্যাংক হিসাব খোলা, ঋণ নেওয়া কিংবা দাপ্তরিক কাজের জন্য কাগজের নথি নিয়ে ছোটাছুটি করতে হবে না। পরিচয় নম্বরের মাধ্যমে তথ্য ও সনদ যাচাই করা সম্ভব হবে।’

এ ছাড়া, গুগল, মেটা ও হুয়াওয়ের মতো বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি দল বাংলা কিউআর নিয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছে বলে জানান গভর্নর। এই উদ্যোগকে দেশ-বিদেশে জনপ্রিয় করার পেছনে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার জন্য তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%