১১:৪৬ এম
২০২৬ ফিফা বিশ্বকাপে কুরাসাওয়ের অভিষেকটি সুখকর হলো না। শক্তিশালী জার্মানির বিপক্ষে নিজেদের প্রথম বিশ্বকাপ ম্যাচে ৭-১ গোলের বড় ব্যবধানে হারতে হয়েছে ক্যারিবীয় দ্বীপ দেশটিকে। মাঠের ফলাফল যদিও হতাশাজনক, তবে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে তারা।
বিশ্বকাপে অংশগ্রহণকারী সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে কুরাসাও মাত্র ১ লাখ ৫৬ হাজার ১১৫ জন জনসংখ্যা নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাদের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
পোস্টে উল্লেখ করা হয়েছে, কুরাসাও ফুটবল ফেডারেশনের সভাপতি গিলবার্ট মার্টিনাকে বিশ্বকাপে যোগ্যতা অর্জনকারী সবচেয়ে কম জনসংখ্যার দেশের স্বীকৃতিস্বরূপ আনুষ্ঠানিক সনদ প্রদান করা হয়েছে।
আরও পড়ুন: কেপটাউনে অস্ট্রেলিয়ার দুর্দান্ত প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা ৩২৯ রানে গুটিয়ে
কনকাকাফ অঞ্চলের বাছাইপর্বে জ্যামাইকার সঙ্গে গোলশূন্য ড্র করার মাধ্যমে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে কুরাসাও। অভিজ্ঞ কোচ ডিক অ্যাডভোকাটের অধীনে ঐতিহাসিক এই সাফল্য অর্জন করে দলটি।
এর আগে, বিশ্বকাপে অংশ নেওয়া সবচেয়ে কম জনসংখ্যার দেশের রেকর্ডটি আইসল্যান্ডের কাছে ছিল। আইসল্যান্ডের জনসংখ্যা ছিল প্রায় সাড়ে তিন লাখ এবং তারা ২০১৮ সালে বিশ্বকাপে অংশ নিয়েছিল। কুরাসাও সেই রেকর্ড ভেঙে নতুন মানদণ্ড স্থাপন করেছে।
জার্মানির বিপক্ষে ম্যাচে একপর্যায়ে কুরাসাও সমতায় ফিরেছিল। প্রথমার্ধে লিভানো কোমেনেনসিয়া গোল করে স্কোরলাইন ১-১ করেন। এটি ছিল বিশ্বকাপের মঞ্চে কুরাসাওয়ের ইতিহাসের প্রথম গোল। তবে এরপর তাদের আর প্রতিরোধ গড়তে পারেনি। জার্মানি এরপর আরও ছয়বার জালের দেখা পেয়ে বড় জয় নিশ্চিত করে।
আগামী শনিবার কুরাসাও নিজেদের প্রথম জয়ের খোঁজে মাঠে নামবে। তাদের প্রতিপক্ষ হবে ইকুয়েডর। উদ্বোধনী ম্যাচে আইভরি কোস্টের কাছে ১-০ ব্যবধানে হেরেছে ইকুয়েডরও। ফলে, দুই দলই নিজেদের প্রথম পয়েন্ট ও প্রথম জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন