ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

সিডনির রাস্তায় শাবনূর ও রবি চৌধুরীর বন্ধুত্বের মুহূর্ত


সিডনির রাস্তায় শাবনূর ও রবি চৌধুরীর বন্ধুত্বের মুহূর্ত

গাড়ির স্টিয়ারিংয়ে ছিলেন চিত্রনায়িকা, পাশের আসনে খালি গলায় গান গাইছিলেন গায়ক। শুক্রবার ছুটির দিনে এমন একটি দৃশ্য অস্ট্রেলিয়ার সিডনির রাস্তায় দেখা গেছে। নব্বইয়ের দশকের দুই জনপ্রিয় তারকা শাবনূর ও রবি চৌধুরীকে একসঙ্গে দেখা যায়। শাবনূর গাড়ি চালাচ্ছিলেন, আর সংগীতশিল্পী রবি চৌধুরী পাশে বসে গান পরিবেশন করছিলেন। পেছনের আসনে উপস্থিত ছিলেন শাবনূরের একমাত্র ছেলে আইজান নেহান। গাড়িটি চলছিল স্বাভাবিক গতিতে, গান এবং আড্ডা চলছিল। সময়ের ব্যবধানে বহু বছর পেরিয়ে গেলেও নব্বইয়ের দশকের এই দুই তারকার বন্ধুত্ব যে এখনো অটুট, সিডনির সেই মুহূর্ত যেন তারই প্রমাণ বহন করে।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে সিডনিতে কাটানো দুই তারকার আনন্দঘন মুহূর্তের ভিডিও প্রকাশ করে শাবনূর লিখেছেন, ‘সিডনিতে প্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরীকে কাছে পেয়ে ফিরে গেলাম ‘ভালোবাসি তোমাকে’ চলচ্চিত্রের সেই মধুর স্মৃতিতে। ছবিটির জনপ্রিয় গান ‘অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন’ যার মূল শিল্পী ছিলেন খালিদ হাসান মিলু ও কনকচাঁপা। প্রিয় রবি চৌধুরীর কণ্ঠে আজ সেই গানটির দুই লাইন শুনে নস্টালজিয়ায় ডুবে গেলাম। বাংলা আধুনিক গানের জনপ্রিয় এই শিল্পীর সঙ্গে সিডনিতে কাটানো সুন্দর মুহূর্তগুলো স্মরণীয় হয়ে থাকবে।’ ভালোবাসি তোমাকে ছবিটির পরিচালক মহম্মদ হান্নান এবং গানটির গীতিকার ও সুরকার ছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।

ভিডিওটি প্রকাশের পর ভক্ত-অনুরাগীরা স্মৃতিকাতর হয়ে পড়েছেন।

আরও পড়ুন: মা হারালেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পপি

মূলত স্টেজ শোতে অংশ নিতে অস্ট্রেলিয়ায় গেছেন সংগীতশিল্পী রবি চৌধুরী। তার আসার খবর আগেই শাবনূর পেয়েছিলেন। তাই তারা একসঙ্গে ঘোরার পরিকল্পনা করেন। শুক্রবার (৯ অক্টোবর) সেই পরিকল্পনা বাস্তবে রূপ নেয়। সিডনির বিভিন্ন মনোরম জায়গা ঘুরে দেখান শাবনূর। ঘোরাঘুরির ফাঁকে বন্ধুর সঙ্গে গানও গেয়ে শোনান এই অভিনেত্রী।

শাবনূর ও রবি চৌধুরীর বন্ধুত্ব দীর্ঘদিনের। মজার বিষয় হলো, দু‘জনের জন্মদিন একই দিনে—১৭ ডিসেম্বর। এর আগে শাবনূর ঢাকায় এলে রবি চৌধুরীর বাসায় একসঙ্গে জন্মদিন উদ্‌যাপন করেছেন তারা। ভিডিওতে সেই বন্ধুত্বের কথাও তুলে ধরেছেন শাবনূর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৪২ পি.এম


ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় আগামী ১২ অক্টোবর থেকে পরিবারগুলোর তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই কর্মসূচি সম্পর্কে জনগণকে অবহিত করার জন্য দেশের বিভিন্ন মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জায় প্রচারণার নির্দেশনা দিয়েছে সরকার।

সমাজকল্যাণ মন্ত্রণালয় গত ৮ অক্টোবর ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে একটি চিঠি প্রেরণ করেছে। চিঠিতে ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় দেশের মসজিদগুলোতে এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে মন্দির, প্যাগোডা ও গির্জায় কর্মসূচির বার্তা পৌঁছানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগামী ১২ অক্টোবর থেকে দেশের সকল এলাকায় একযোগে খানা বা পরিবারের তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হবে। এই কার্যক্রম পরিচালনার জন্য ‘ফ্যামিলি কার্ড খানা তথ্যভান্ডারের তথ্য সংগ্রহ নির্দেশিকা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।

ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারের জন্য পাঠানো বার্তায় জানানো হয়েছে, সরকারের প্রশিক্ষিত কর্মীরা প্রত্যেকটি বাড়িতে গিয়ে পরিবারের অবস্থান সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করবেন। এই তথ্যের ভিত্তিতে কোন পরিবারের সহায়তা সবচেয়ে বেশি প্রয়োজন, তা নির্ধারণ করা হবে।

বার্তায় পরিবারের প্রকৃত তথ্য দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে এবং বলা হয়েছে, তথ্য কম-বেশি করে দেওয়া উচিত নয়। এতে প্রকৃত অভাবী পরিবারের অধিকার ক্ষুণ্ন হতে পারে। পাশাপাশি, যদি কেউ টাকার বিনিময়ে ফ্যামিলি কার্ডের তালিকায় নাম অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দেয়, তাহলে তাকে বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হয়েছে।

তথ্য প্রদান করতে কোনো অর্থ লাগবে না বলেও বার্তায় উল্লেখ করা হয়েছে। এ ধরনের প্রতারণার বিষয়ে প্রয়োজনে ১০৯৮ নম্বরে জানাতে বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রবীন্দ্রনাথের ছবিতে কালি দিতে গিয়ে নারীসহ আটক ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৩ পি.এম


রবীন্দ্রনাথের ছবিতে কালি দিতে গিয়ে নারীসহ আটক ২

পুলিশ রবীন্দ্রনাথের ছবিতে কালি দিতে গিয়ে এক নারীকে আটক করেছে। আটক নারীর নাম ও পরিচয় এখনও জানা যায়নি। আজ শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে ওই নারীকে আটক করা হয়।

এ সময় একই স্থানে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াশকেও আটক করেছে পুলিশ।

এদিকে, আজ শনিবার রাজধানীর সেগুনবাগিচায় রাষ্ট্রসংলাপ ফোরাম (এসডিএফ) একটি কর্মসূচির ঘোষণা দিয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়েমেনের তাইজে অবরোধ, খাদ্য-জ্বালানির দাম বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৩ পি.এম


ইয়েমেনের তাইজে অবরোধ, খাদ্য-জ্বালানির দাম বাড়ছে

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ শহরে আবারও অবরুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। হুথি যোদ্ধাদের অগ্রযাত্রা এবং সরকারনিয়ন্ত্রিত এলাকার সঙ্গে সংযোগকারী গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ হয়ে যাওয়ার কারণে শহরটিতে খাদ্য ও জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় নতুন মানবিক সংকটের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

আল জাজিরার একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০১৫ থেকে ২০১৬ সালের মধ্যে হুথিদের অবরোধের ভয়াবহ অভিজ্ঞতা এখনো ভুলতে পারেননি তাইজের বাসিন্দারা। ৩৭ বছর বয়সী ইস্কান্দার আবদুল্লাহ জানান, পূর্ববর্তী অবরোধের সময় মানুষকে খাবার, পানীয় জল, জ্বালানি ও ওষুধের মতো মৌলিক প্রয়োজনীয়তার জন্য সংগ্রাম করতে হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সেই দুর্দিন যেন আবার ফিরে না আসে।

গত সেপ্টেম্বরের শুরুতে লোহিত সাগর উপকূলবর্তী তাইজ প্রদেশে হুথিদের অভিযান শুরু হয়। পরে তারা বন্দরনগরী মোখা ও বাব আল-মান্দেব প্রণালির নিকটবর্তী ধুবাব এলাকা দখল করে নেয়। বাব আল-মান্দেব প্রণালি বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্যপথগুলোর একটি, যেখানে আন্তর্জাতিক বাণিজ্যের উল্লেখযোগ্য অংশ পরিচালিত হয়।

অক্টোবরের শুরুতে সউদী আরব-সমর্থিত সরকারি বাহিনী পাল্টা অভিযান চালিয়ে কিছু হারানো এলাকা পুনর্দখল করে। তবে তাইজ শহরের আশপাশের গ্রামীণ এলাকায় হুথিদের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। ৪ অক্টোবরের মধ্যে তারা আল-তুরবাহ শহর দখল করে নেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর ফলে তাইজ শহরের সঙ্গে সরকারনিয়ন্ত্রিত অন্যান্য এলাকার সংযোগকারী শেষ প্রধান সড়কটিও বিচ্ছিন্ন হয়ে পড়ে।

তাইজ প্রদেশের পরিকল্পনা ও উন্নয়ন কার্যালয়ের মহাপরিচালক নাবিল জামিল জানান, এবারের অবরোধ ২০১৫ সালের তুলনায় আরও বিস্তৃত এবং এর প্রভাবও বেশি গুরুতর। তাঁর হিসাব অনুযায়ী, প্রদেশটির সরকারনিয়ন্ত্রিত এলাকায় প্রায় ২৮ লাখ মানুষ বসবাস করেন। উপকূলীয় ও গ্রামীণ এলাকায় সাম্প্রতিক লড়াইয়ের কারণে আরও প্রায় দুই লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। অবরোধ দীর্ঘায়িত হলে এসব মানুষের জীবনযাত্রার পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

অবরোধের প্রভাব ইতোমধ্যে শহরের জ্বালানি বাজারে পড়েছে। আল-তুরবাহ হয়ে আদেন থেকে আসা জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার ফলে সড়কে যানবাহনের চলাচল কমে গেছে। কালোবাজারে ২০ লিটার পেট্রলের দাম ৩০ হাজার ইয়েমেনি রিয়াল থেকে বেড়ে ৯০ হাজার রিয়ালে পৌঁছেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। ডলারে হিসাব করলে দাম প্রায় ১৯ ডলার থেকে বেড়ে ৫৮ ডলার হয়েছে।

খাদ্যপণ্যের বাজারেও চাপ বাড়ছে। অবরোধের আশঙ্কায় বাসিন্দারা আগাম খাবার কিনে মজুত করছেন। ফলে বাজার ও মুদিদোকানে চাহিদা বেড়েছে। অর্থনীতি বিষয়ে কাজ করা সাংবাদিক ওয়াফিক সালেহ জানান, গম ও আটার মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে এবং শাকসবজি ও ফলমূলের দাম দ্বিগুণ হয়েছে। তাঁর অভিযোগ, শহরে কয়েক মাস চলার মতো খাদ্য মজুত থাকলেও কিছু ব্যবসায়ী সংঘর্ষ তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে দাম বাড়িয়ে দিয়েছেন।

২০১৬ সালে সরকারি বাহিনী তাইজ শহরের দক্ষিণের কিছু এলাকা পুনর্দখল করার পর অবরোধ ভাঙতে সক্ষম হয়েছিল। ২০২৪ সালে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের মুখে হুথিরা শহরের পূর্ব দিকের আরেকটি গুরুত্বপূর্ণ সড়ক খুলে দিতে সম্মত হয়। ওই পথ দিয়ে সানা ও উত্তর ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত এলাকাগুলোর সঙ্গে যোগাযোগ করা যেত। তবে সাম্প্রতিক লড়াই ও হুথি যোদ্ধাদের অনুপ্রবেশের চেষ্টার পর পথটি আবার বন্ধ হয়ে গেছে বলে নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছে আল জাজিরা।

তাইজে চলমান সংঘাতের সামরিক ও রাজনৈতিক প্রভাব নিয়েও উদ্বেগ রয়েছে। হুথি-বিষয়ক সাংবাদিক সালমান আল-মাকরামি মনে করেন, শহরটির অবরোধের মাধ্যমে গোষ্ঠীটি তাদের বিরোধী শক্তিগুলোর মধ্যে বিভক্তি তৈরি করতে চাইছে। দীর্ঘদিন ধরে তাইজ হুথিবিরোধী মনোভাবের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। শহরটি দখল করতে পারলে সরকারনিয়ন্ত্রিত অন্যান্য এলাকাতেও নিজেদের সামরিক প্রভাব বিস্তারের বার্তা দিতে পারবে গোষ্ঠীটি।

তবে সবচেয়ে বড় উদ্বেগ বেসামরিক মানুষের দুর্ভোগ নিয়ে। বিচার ও উন্নয়ন অধিকার সংস্থার প্রধান এবং আইনজীবী নাবিল শারিয়ান বলেন, কোনো সংঘাতেই বেসামরিক মানুষকে চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়। অবরোধ দীর্ঘায়িত হলে শিশু, নারী, বয়স্ক ব্যক্তি ও অসুস্থ মানুষের চিকিৎসা, ওষুধ এবং হাসপাতালে পৌঁছানোর সুযোগ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। চলাচলে বাধা পড়লে শিক্ষার্থী, চাকরিজীবী ও পরিবারগুলোর দৈনন্দিন জীবনও ক্ষতিগ্রস্ত হবে।

তাইজের স্থানীয় কর্তৃপক্ষ সংকট মোকাবিলায় সহায়তা চেয়ে জাতিসংঘের কাছে চিঠি পাঠিয়েছে। তাদের অগ্রাধিকারের মধ্যে রয়েছে বেসামরিক মানুষের চলাচলের জন্য নিরাপদ সড়ক ও করিডর চালু করা, খাদ্য ও ওষুধের সরবরাহ নিশ্চিত করা এবং গুরুতর অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য যাতায়াতের সুযোগ দেওয়া। তবে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো তারা জাতিসংঘের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছে। তথ্যসূত্র: আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারীর মর্যাদা বাড়াতে ফ্যামিলি কার্ড দিচ্ছে সরকার: এস এম জোলানী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৪ পি.এম


নারীর মর্যাদা বাড়াতে ফ্যামিলি কার্ড দিচ্ছে সরকার: এস এম জোলানী

নারীর মর্যাদা ও অর্থনৈতিক ক্ষমতায়ন বৃদ্ধির লক্ষ্যে সরকারের উদ্যোগ হিসেবে পরিবারের নারী সদস্যদের নামে ফ্যামিলি কার্ড প্রদান করা হচ্ছে, এমনটি জানিয়েছেন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জোলানী।

শনিবার (১০ অক্টোবর) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের হলরুমে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য তুলে ধরেন।

এস এম জোলানী উল্লেখ করেন, সমাজে নারীরা অনেক সময় অবহেলার শিকার হন। এর পেছনে একটি বড় কারণ হলো, অনেক ক্ষেত্রে তারা সরাসরি উপার্জনের সঙ্গে যুক্ত নন। নারীদের অর্থনৈতিক মর্যাদা ও পরিবারের মধ্যে সম্মান বৃদ্ধির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তাদের নামে ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, গত ১৭ বছরে একটি ফ্যাসিবাদী সরকার দেশের অর্থনৈতিক ভিত্তি ধ্বংস করেছে এবং বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে। এর ফলে দেশের অর্থনীতি বর্তমানে ভঙ্গুর অবস্থায় রয়েছে। এই বাস্তবতা মাথায় রেখে পর্যায়ক্রমে দেশের প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সংসদ সদস্য আরো বলেন, বর্তমান নির্বাচিত সরকার ভঙ্গুর অর্থনীতির মধ্যেই দেশ পরিচালনা করছে। দেশের অর্থনৈতিক অবস্থা ভালো থাকলে একসঙ্গে সব পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার নির্দেশনা দেওয়া হতো। তবে বর্তমান সরকারের দক্ষতার কারণে অর্থনৈতিক পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম। এ সময় বক্তব্য রাখেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার এবং যুবদলের সদস্যসচিব আমিনুল ইসলামসহ অন্যান্যরা।

প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দায়িত্ব পালনকারী ১৫ জন তথ্য সংগ্রহকারী ও একজন সুপারভাইজারের মধ্যে ডিজিটাল ট্যাব বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%