০৬:৪৯ পি.এম
যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত কোনো সমঝোতা এবং তেহরানের ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত জাতিসংঘের পরিদর্শকদের জন্য ইরানের পরমাণুকেন্দ্রগুলোতে প্রবেশের কোনো সুযোগ নেই, সাফ জানিয়ে দিয়েছেন দেশটির এক শীর্ষ কর্মকর্তা। সুইজারল্যান্ডে সাম্প্রতিক দ্বিপাক্ষিক আলোচনার পর বুধবার ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি এই মন্তব্য করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ইরানের কারিগরি প্রতিনিধিদলের প্রধান ঘারিভাবাদি স্পষ্ট করে বলেন, জাতিসংঘের পরিদর্শকদের জন্য ইরানের পরমাণুকেন্দ্র বা আক্রান্ত স্থাপনাগুলোতে প্রবেশাধিকারের কোনো কর্মসূচি আপাতত নির্ধারিত নেই। এই বিষয়গুলো কেবলমাত্র তখনই বিবেচনা এবং সমাধান করা হবে, যখন ওয়াশিংটনের সঙ্গে একটি চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হবে এবং এর বিপরীতে প্রতিপক্ষ বাস্তবসম্মতভাবে ইরানের ওপর আরোপিত সমস্ত নিষেধাজ্ঞা বাতিল করবে।
অথচ এর ঠিক আগেই জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল মারিয়ানো গ্রসি সাংবাদিকদের জানিয়েছিলেন যে, খুব শিগগিরই সংস্থার পরিদর্শকরা ইরানের পরমাণুকেন্দ্রগুলো পরিদর্শন করতে যাচ্ছেন। একইসঙ্গে সুইজারল্যান্ডের বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরান চিরকালের জন্য তাদের পরমাণুকেন্দ্রগুলোতে বড় ধরনের পরিদর্শনের অনুমতি দিতে সম্মত হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও একই সুর মিলিয়ে পরিদর্শকদের প্রবেশাধিকারের বিষয়টি নিশ্চিত করেছিলেন।
আরও পড়ুন: বরগুনায় নিরাপদ সড়ক দিবসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৫১ লাখ টাকার চেক হস্তান্তর
মার্কিন ও ইরানি প্রতিনিধিদের এই পরস্পরবিরোধী বক্তব্য মূলত দুই দেশের দীর্ঘমেয়াদি শান্তি প্রক্রিয়ার মূল জটিলতাকে আবারও সামনে এনেছে। ইরানের পরমাণু মজুতের ভবিষ্যৎ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার— এই দুই দেশের মধ্যকার আলোচনার প্রধান অন্তরায় হিসেবে রয়ে গেছে, যা চূড়ান্ত কোনো চুক্তিতে পৌঁছানোর আগে সমাধানের লক্ষণ দেখাচ্ছে না।
সূত্র: সিএনএন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন