১২:৩৯ পি.এম
ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : শুক্রবার ইয়েমেনের এডেন শহরের বিমানবন্দর এলাকায় দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এ তথ্য জানায় এডেনের কর্তৃপক্ষ, যা সৌদি সমর্থিত সরকারের অন্তর্বর্তীকালীন রাজধানী। হামলার দায় স্বীকার করেছে হুতি বিদ্রোহীরা।
হুতিরা বর্তমানে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এবং তাদের সৌদি মিত্রদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।
এডেন থেকে বার্তা সংস্থা এএফপি এ বিষয়ে খবর প্রকাশ করেছে। হুতিদের এক সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, সৌদি বাহিনীর কমান্ড সদর দপ্তর এবং একটি অস্ত্রাগারকে লক্ষ্য করে হামলা পরিচালনা করা হয়েছে বদর শিবিরে।
আরও পড়ুন: কাতারের শান্তি প্রস্তাব নাকচ, মধ্যপ্রাচ্যে নতুন হামলার শঙ্কা
এএফপি’র একজন সাংবাদিক বিমানবন্দরের আশপাশে দুটি বিকট বিস্ফোরণের শব্দ শোনেন। তবে তিনি নিশ্চিত করতে পারেননি ঠিক কোথায় আঘাত হানা হয়েছে।
ইয়েমেনের তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, কায়রোগামী ইয়েমেনিয়া এয়ারওয়েজের একটি বিমান অল্পের জন্য ক্ষেপণাস্ত্রের আঘাত থেকে রক্ষা পেয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, বিমানটি উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে হুতি সশস্ত্র গোষ্ঠী বিমানবন্দর লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ে। ক্ষেপণাস্ত্র দুটি উড়োজাহাজ থেকে প্রায় ৫০০ মিটার এবং রানওয়ের কেন্দ্র থেকে প্রায় ১০০ মিটার দূরে আঘাত হানে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘এটি কেবল একটি বেসামরিক বিমানবন্দরে হামলা নয়। বরং যাত্রী ও বিমানের ক্রুদের জীবন, বিমান চলাচলের নিরাপত্তার প্রতি সরাসরি হুমকি। একই সঙ্গে এটি আন্তর্জাতিক আইন ও রীতিনীতির গুরুতর লঙ্ঘন।’
আরও পড়ুন: ক্ষমতা হারালেই কি গ্রেফতার হবেন নেতানিয়াহু?
রাজধানী নিরাপত্তা বিভাগ এক বিবৃতিতে জানায়, হুতি আন্দোলনের যোদ্ধাদের ছোড়া দুটি রকেট এডেন আন্তর্জাতিক বিমানবন্দর চত্বরে আঘাত হেনেছে। এটি এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে একই ধরনের দ্বিতীয় ঘটনা।
বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী, এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন