১০:২৭ এম
সৌদি আরবের পূর্বাঞ্চলে নতুন করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) ভোরে জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালকি জানান, সৌদি আরবের পূর্বাঞ্চল লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্রটি সফলভাবে ধ্বংস করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য জানানো হয়নি।
মধ্যপ্রাচ্যের বিস্তৃত সংঘাতের প্রভাবে ইয়েমেন-সৌদি সীমান্ত নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। স্থানীয় সময় শনিবার সানা প্রদেশের আল-শারিয়া গ্রামে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হন। আহত হয়েছেন অনেকে। ধ্বংসস্তূপের নিচ থেকে হতাহতদের উদ্ধার অভিযানে দুই দফা হামলার অভিযোগ করেছে হুতি বিদ্রোহীরা।
আরও পড়ুন: বার্লিনে জার্মান পার্লামেন্টের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন বিক্ষোভকারীরা
জবাবে, সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনায় ছয় দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান চালানোর দাবি করেছে হুতিরা। গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, খুরাইস ও দাওয়াদমি এলাকায় সৌদি আরামকোর তেল স্থাপনা এবং সীমান্তবর্তী বিভিন্ন সামরিক অবস্থান ছিল তাদের লক্ষ্য। এসব হামলায় সৌদি সেনাদের হতাহতের দাবিও করেছে তারা।
ইয়াহিয়া সারি বলেন, ‘ইয়েমেনের সশস্ত্র বাহিনী বিপুলসংখ্যক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে ছয়টি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করেছে। প্রথম অভিযানটি চালানো হয় সৌদি শত্রুর রাজধানী রিয়াদে অবস্থিত খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, তেলের মজুত ট্যাংক এবং আরামকোর একটি ডিস্টিলেশন টাওয়ার লক্ষ্য করে। আল্লাহর রহমতে, অভিযানটি সফলভাবে লক্ষ্য অর্জন করেছে। দ্বিতীয় অভিযানটি চালানো হয় খুরাইসে অবস্থিত আরামকো স্থাপনায়।
অন্যদিকে, রিয়াদ প্রদেশের দিকে ছোড়া হুতিদের একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংসের কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।
এদিকে, হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরবকে সামরিক পরামর্শ ও প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করছে সিরিয়া। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার কয়েক ডজন সামরিক সদস্য সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবে গেছেন। সৌদি ও ইয়েমেনি সেনাদের যুদ্ধ সক্ষমতা বাড়াতে কাজ করছেন তারা। তবে ইয়েমেনে সরাসরি সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে দামেস্ক।
আরও পড়ুন: মিসরে ট্রেন দুর্ঘটনায় ৭ জন নিহত, ১১২ জন আহত
সূত্র: আল জাজিরা, গালফ নিউজ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন