ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

মিসরে ট্রেন দুর্ঘটনায় ৭ জন নিহত, ১১২ জন আহত


মিসরে ট্রেন দুর্ঘটনায় ৭ জন নিহত, ১১২ জন আহত

মিসরের রাজধানী কায়রোর নিকটবর্তী এলাকায় একটি ট্রেন দুর্ঘটনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ১১২ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

রোববার (৮ নভেম্বর) দুর্ঘটনাটি ঘটেছে বলে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে জানায়।

দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রোববার গিজা ও ফাইয়ুমের মধ্যে চলাচলকারী একটি ট্রেন কায়রো থেকে আসওয়ানগামী আরেকটি ট্রেনের পেছনে ধাক্কা দেয়। এই সংঘর্ষের ফলে আসওয়ানগামী ট্রেনটি লাইনচ্যুত হয়ে গিজা প্রদেশের আল-আয়াত জেলার একটি গ্রামীণ সড়কে পড়ে যায়।

আরও পড়ুন: দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

মিসরের জাতীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ পরিচালনা করতে এবং ট্রেন চলাচল দ্রুত স্বাভাবিক করতে জরুরি উদ্ধারকারী দল ও ক্রেন পাঠানো হয়েছে।

এছাড়া কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজে ৭০টিরও বেশি অ্যাম্বুলেন্স কাজ করছে। আহতদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সালমান-আনিসুলের মামলায় সাক্ষী সায়েমের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ট্রাইব্যুনালের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৫ এম


সালমান-আনিসুলের মামলায় সাক্ষী সায়েমের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ট্রাইব্যুনালের

জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মামলার সাক্ষী এস এম সায়েমের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রোববার এ সাক্ষীর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী এবং জুলাই আন্দোলনে মিরপুর অঞ্চলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সায়েম ১৩তম সাক্ষী হিসেবে সালমান রহমান এবং আনিসুল হকের বিরুদ্ধে ৩ নভেম্বর জবানবন্দি প্রদান করেন। গতকাল তাকে আসামিপক্ষের আইনজীবীরা জেরা করেন।

জেরা শেষে সায়েম ট্রাইব্যুনালের কাছে নিরাপত্তা চান। সায়েম জানান, তিনি মিরপুর ২ নম্বরে বসবাস করেন। নিজ বাসার সামনে এক ব্যক্তি তাকে গালিগালাজ করেছেন। বাসার সামনে অচেনা ব্যক্তিরা মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকেন। পরবর্তীতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনে তাকে লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। একটি ককটেল তার সামনে পড়ে এবং অন্যটি তার থেকে প্রায় ১০ ফুট দূরে পড়ে। ককটেল ফাটিয়ে দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। এছাড়া বাসার সামনে গিয়ে লোকজন তার সম্পর্কে খোঁজখবর নিচ্ছে এবং বিদেশ থেকেও ফোন করে গালাগালি করা হচ্ছে।

এক পর্যায়ে আসামিপক্ষের আইনজীবী মনসুরুল হক চৌধুরী মন্তব্য করেন, তার মক্কেলরা তো কারাগারেই আছেন। এই সাক্ষী এত দিন সাক্ষ্য দিলেন, তখন কোনো অভিযোগ করেননি; কিন্তু আজ তার সাক্ষ্য শেষ হওয়ার পর নিরাপত্তাহীনতার অভিযোগ তুলেছেন। পরে সায়েমের নিরাপত্তা চেয়ে প্রসিকিউশনের পক্ষ থেকে লিখিত আবেদন করা হয়। এরপর আদালত আদেশ দেন।

এদিন মামলার আসামি সালমান এফ রহমান কথা বলার অনুমতি নিয়ে আদালতকে জানান, ‘সাক্ষীরা বলেন তাঁরা ন্যায়বিচার চান, আমিও ন্যায়বিচার চাচ্ছি।’ সালমান এফ রহমান আরও বলেন, ‘কারা কর্তৃপক্ষের মাধ্যমে বাংলাদেশ বার কাউন্সিলে বিদেশি আইনজীবী নিয়োগের জন্য আবেদন করেছিলাম। বার কাউন্সিল নাকচ করেছে বলে খবরের কাগজে দেখেছি। আইন সংশোধন করে বিদেশি আইনজীবী নিয়োগের বিধান করা হয়েছে, অথচ আমাদের কোনো কারণ জানানো হয়নি। যুক্তিতর্ক উপস্থাপনের সময় বিদেশি আইনজীবী খুবই প্রয়োজন। যাতে বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়, সেই প্রার্থনা করছি।’

সালমান এফ রহমানের বক্তব্যের জবাবে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, ‘ট্রাইব্যুনালের আইনে আছে বার কাউন্সিল অনুমতি দিলে বিদেশি আইনজীবী নিয়োগ করা যাবে।’

চলতি বছরের ১২ জানুয়ারি সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। প্রসিকিউশনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া ২০২৪ সালের জুলাই আন্দোলন দমনে নীতিগত সিদ্ধান্ত গ্রহণে সালমান ও আনিসুল সরাসরি জড়িত ছিলেন বলে অভিযোগ আনা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুরে প্রাইভেট কারে ককটেল নিক্ষেপ, হামলাকারীদের শনাক্তের চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৫ এম


মিরপুরে প্রাইভেট কারে ককটেল নিক্ষেপ, হামলাকারীদের শনাক্তের চেষ্টা

রাজধানীর মিরপুর এলাকায় একটি প্রাইভেট কারের দিকে ককটেল নিক্ষেপ করেছে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা। রবিবার (৮ নভেম্বর) রাত ৮টা ৩৫ মিনিটের দিকে মিরপুর-১ নম্বরে সনি হলের সামনে এই ঘটনা ঘটেছে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানান, সনি হলের সামনে একটি প্রাইভেট কারের দিকে ককটেল নিক্ষেপ করা হয়। এই হামলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে জানা গেছে, মোটরসাইকেলে আসা ব্যক্তিরা এই হামলা চালিয়েছেন।

ওসি আরও বলেন, তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার জন্য কাজ চলছে। পরে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

এর আগে রবিবার সন্ধ্যা থেকে রাজধানীর বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মেট্রোরেল স্টেশনের নিচে ও সিনেট ভবনসহ কয়েকটি স্থানে হাতবোমা বিস্ফোরণের খবর পাওয়া যায়।

এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পল্লবী থানা প্রাঙ্গণ ও মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ ঘটে।

এছাড়া সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ভাটারায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বার্লিনে জার্মান পার্লামেন্টের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন বিক্ষোভকারীরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৫ এম


বার্লিনে জার্মান পার্লামেন্টের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন বিক্ষোভকারীরা

জার্মানির রাজধানী বার্লিনে, দেশটির জাতীয় পার্লামেন্ট ভবন (বুন্দেসট্যাগ) এর সামনে যুদ্ধবিরোধী অধিকারকর্মীরা জার্মানির জাতীয় পতাকা নামিয়ে সেখানে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে দিয়েছেন। গাজায় ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধাপরাধের বিরুদ্ধে বার্লিন সরকারের বিতর্কিত অবস্থান এবং নীরবতার প্রতিবাদে এই অভিনব ও জোরালো কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে এই ঘটনার বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বার্লিনে পার্লামেন্ট ভবনের বাইরে জার্মানির পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেন মানবাধিকার ও যুদ্ধবিরোধী কর্মীদের একটি দল। ‘পিসফুলি এগেইনস্ট জেনোসাইড’ (শান্তিপূর্ণভাবে গণহত্যার বিরুদ্ধে) নামক একটি নাগরিক অধিকার সংগঠন এই প্রতীকী প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছে।

সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, গাজায় নির্বিচার হত্যাকাণ্ড এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঘটনায় জার্মান সরকারের ক্রমাগত নীরবতা এবং মানবাধিকার লঙ্ঘনের নিন্দা না জানানোর প্রতিবাদে তারা এ পদক্ষেপ গ্রহণ করেছেন।

বিবৃতিতে অধিকারকর্মীরা উল্লেখ করেন, ‘বিশ্বের যেকোনো প্রান্তে গণহত্যা সংঘটিত হোক না কেন, তা আমাদের সবাইকে স্পর্শ করে। মানবতাবিরোধী অপরাধ বন্ধ করার যে ঐতিহাসিক ও নৈতিক দায়িত্ব রয়েছে, তা থেকে আমরা কখনোই মুখ ফিরিয়ে নিতে পারি না।’

জার্মানির হলোকাস্ট-পরবর্তী বিখ্যাত নীতিবাক্য ‘নেভার এগেইন’ (আর কখনও নয়)-এর উল্লেখ করে সংগঠনটি দেশটির পররাষ্ট্রনীতির দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তোলে। তারা মন্তব্য করে, ‘সরকারগুলো যদি নিজেদেরই আন্তর্জাতিক আইন না মানে, তবে সেই আইনের মূল্য কী থাকে? মানবাধিকার যদি পৃথিবীর প্রতিটি মানুষের জন্য সমভাবে প্রযোজ্য না হয়, তবে সেই অধিকারের অর্থই বা কী? যখন একটি জনগোষ্ঠীকে নরকযন্ত্রণা ভোগ করতে হয়, তখন নাগরিক সমাজ হিসেবে আমাদের দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে এবং প্রতিটি মানুষের জীবন ও মুক্তির পক্ষে দৃঢ় অবস্থান নিতে হবে।’

এছাড়া, গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর দীর্ঘ আগ্রাসনের কারণে জার্মানির একপেশে ইসরাইলপন্থি অবস্থান এবং দেশটির অভ্যন্তরে ফিলিস্তিনপন্থি জমায়েত ও স্লোগানের ওপর দফায় দফায় বিধিনিষেধ আরোপ নিয়ে ইউরোপজুড়ে তীব্র সমালোচনা চলছে। জার্মানির ভেতরেও সচেতন নাগরিক, অধিকারকর্মী ও ছাত্রসমাজ যুদ্ধবিরতির দাবিতে লাগাতার বিক্ষোভ চালিয়ে আসছে। দেশটির কেন্দ্রীয় পার্লামেন্টের সামনে জার্মানির পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা উড়ানোর এই ঘটনা দেশটির নীতিনির্ধারকদের ওপর যুদ্ধবিরোধী জনমতের চাপ আরও বাড়িয়ে দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার মো. আশিক সাঈদ দায়িত্ব গ্রহণ করেছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৬ এম


গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার মো. আশিক সাঈদ দায়িত্ব গ্রহণ করেছেন

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডিআইজি মো. আশিক সাঈদ। তিনি গতকাল রোববার বিকেলে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

২০তম বিসিএস ব্যাচের এই পুলিশ কর্মকর্তা পূর্বে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব গ্রহণের সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এই সময় জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুল দিয়ে তাকে স্বাগত জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস), উপপুলিশ কমিশনারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।

নতুন কমিশনার দায়িত্ব গ্রহণের পর মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ও করেন। প্রাথমিক বক্তব্যে তিনি দায়িত্ব পালনে নিষ্ঠা, পেশাদারিত্ব ও মানবিকতার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জিএমপির সব পর্যায়ের কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা প্রদান করেন।

নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে নতুন কমিশনার শিগগিরই সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করার আগ্রহ প্রকাশ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%