ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

রাজধানীর পান্থপথ, খিলক্ষেত ও ক্যান্টনমেন্টে ককটেল বিস্ফোরণ


রাজধানীর পান্থপথ, খিলক্ষেত ও ক্যান্টনমেন্টে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ বিভিন্ন স্থানে বিস্ফোরণের পর, পান্থপথ, খিলক্ষেত ও ক্যান্টনমেন্ট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার রাত ৯টার দিকে খিলক্ষেত থানার অদূরে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। একই দিন রাত ১১টার দিকে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের বের হওয়ার ফটকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর প্রায় আধা ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে পান্থপথেও ককটেল বিস্ফোরণ ঘটে।

এসব ঘটনায় হতাহত হওয়ার বিষয়টি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদীন সমকালকে জানান, ক্যান্টনমেন্ট স্টেশনের বের হওয়া গেটে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে।

আরও পড়ুন: বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজ তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

এর আগে রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ ক্যাম্পাসের চারটি স্থানে কয়েক মিনিটের ব্যবধানে ৮ থেকে ১০টি ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন প্রত্যক্ষদর্শীরা।

এছাড়া রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের ভেতরে ও পল্লবী থানায় ককটেল বিস্ফোরণ ঘটে এবং ভাটারা এলাকায় একটি স্কুলবাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এর আগের রাতে যাত্রাবাড়ী, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। মিরপুরে পল্লবী মেট্রো স্টেশনের নিচে একটি বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

পুলিশ জানিয়েছে, এসব ঘটনার তদন্ত চলছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

আরও পড়ুন: আদাবরে তিনটি ককটেল বিস্ফোরণ, স্বাভাবিক আইন শৃঙ্খলা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২০ এম


দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ব্যক্তিগত স্বার্থের চেয়ে দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, নেতৃত্ব নির্বাচনে প্রধান বিবেচ্য বিষয় হওয়া উচিত, দলের জন্য কে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারবেন। ইতিবাচক রাজনীতি, যোগ্যতা, দক্ষতা ও সাংগঠনিক অবদানের মাধ্যমে নেতৃত্বের জায়গা তৈরি করতে হয়।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে সাবেক হুইপ ও বিএনপির প্রবীণ নেতা মরহুম মশিউর রহমানের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী আরও বলেন, রাজনীতিতে নেতৃত্বের জায়গা তৈরি করতে হয় কাজের মাধ্যমে। ব্যক্তিগত স্বার্থের চেয়ে দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। নেতৃত্ব নির্বাচনে প্রধান বিবেচ্য বিষয় হওয়া উচিত, দলের জন্য কে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

মশিউর রহমানের স্মৃতিচারণ করতে গিয়ে আইনমন্ত্রী বলেন, তার মতো নিবেদিতপ্রাণ ও অভিজ্ঞ রাজনৈতিক নেতৃত্বের অভাব আজ অনুভব হচ্ছে। তিনি ঝিনাইদহে একটি শক্তিশালী রাজনৈতিক ভিত্তি তৈরি করে গেছেন, যার প্রভাব খুলনা বিভাগে বিস্তৃত হয়েছিল। জাতীয় পর্যায়েও তিনি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভূমিকা রেখেছেন।

আইনমন্ত্রী ঝিনাইদহের রাজনীতিতে মশিউর রহমানের অবদান ও নেতৃত্বের গুরুত্ব তুলে ধরে বলেন, তার অনুপস্থিতিতে গত নির্বাচনে ঝিনাইদহের চারটি আসনের মধ্যে তিনটি আসন পুনরুদ্ধার করতে না পারার বিষয়টি আমাদের জন্য বেদনাদায়ক। তিনি যদি বেঁচে থাকতেন, তাহলে জেলার রাজনৈতিক পরিস্থিতি হয়তো ভিন্ন হতো। মৌলবাদ মোকাবিলা ও মাদকবিরোধী সংগ্রামে তার অবদানও উল্লেখযোগ্য ছিল।

আইনমন্ত্রী বিএনপির সাংগঠনিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বলেন, ঝিনাইদহের তিনটি আসন পুনরুদ্ধার করতে না পারার দায় কোনো একক ব্যক্তির ওপর চাপিয়ে দেওয়া ঠিক হবে না। এটি সম্মিলিত সিদ্ধান্তহীনতা ও ভুল সিদ্ধান্তের ফল। এ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

দলের নেতাকর্মীদের রাজপথে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপির আদর্শের ভিত্তি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক দর্শন ও নেতৃত্ব। মশিউর রহমান বিএনপির আদর্শ ও কর্মপরিকল্পনা বাস্তবায়নে দলের অন্যতম ভ্যানগার্ড ছিলেন।

আগামী দিনের নেতৃত্ব প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, নেতৃত্ব কখনো স্থির বা কারও কাছে চিরস্থায়ীভাবে বন্দি থাকে না। যোগ্যতা, দক্ষতা ও সাংগঠনিক অবদানের মধ্য দিয়ে প্রত্যেকেরই নেতৃত্বে আসার সুযোগ রয়েছে।

এ সময় বিএনপির বর্তমান মহাসচিব রুহুল কবির রিজভী ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের উদাহরণ টেনে তিনি বলেন, তারা ব্যক্তিগতভাবে নির্বাচনে অংশগ্রহণের চেয়ে দলকে এগিয়ে নেওয়ার কাজে নিজেদের নিয়োজিত রেখেছেন। তাদের রাজনৈতিক ভূমিকা নতুন প্রজন্মের নেতাকর্মীদের জন্য অনুসরণীয়।

ঝিনাইদহের উন্নয়ন প্রসঙ্গে আইনমন্ত্রী জানান, ঝিনাইদহ সদর হয়ে মাগুরা থেকে কুষ্টিয়া পর্যন্ত রেললাইন নির্মাণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঝিনাইদহের সঙ্গে ঢাকার যোগাযোগ আরও সহজ ও উন্নত হবে। সরকার এটিকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করছে।

এ ছাড়া দ্বিতীয় যমুনা সেতুর পরিবর্তে পদ্মা ও যমুনা নদীর ওপর ওয়াই-আকৃতির সেতু নির্মাণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ বিষয়ে সমীক্ষা কার্যক্রম শুরু হয়েছে।

স্মরণসভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল আলিম। আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণাবিষয়ক সহসম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সংস্কৃতিবিষয়ক সহসম্পাদক মনির খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিবচরে স্কুলশিক্ষার্থী ও অভিভাবকদের বিনামূল্যে চিকিৎসাসেবা, বিতরণ ওষুধ

আন্তর্জাতিক ডেস্ক

শাওন বল, মাদারীপুর প্রতিনিধি:

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৯ এম


শিবচরে স্কুলশিক্ষার্থী ও অভিভাবকদের বিনামূল্যে চিকিৎসাসেবা, বিতরণ ওষুধ

মাদারীপুরের শিবচরে স্কুলশিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলার উৎরাইল প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণে স্বেচ্ছাসেবী সংগঠন সাউথ বেঙ্গল ইউথ ক্লাবের উদ্যোগে দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।

চিকিৎসা ক্যাম্পে পাঁচজন চিকিৎসক প্রায় ২০০ জন রোগীকে ডেন্টাল ও মেডিসিন বিষয়ে প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও পরামর্শ দেন। পাশাপাশি রোগীদের মধ্যে বিনামূল্যে বিভিন্ন ধরনের ওষুধ বিতরণ করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন মীরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. ইবনে মিজান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাজমুল হাসান এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য বদরুল আলম চৌধুরী।

সাউথ বেঙ্গল ইউথ ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাজা বলেন, ২০২০ সালে সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ প্রায় ২০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এইচ. এম. ইবনে মিজান বলেন, কিন্ডারগার্টেনের শিশু শিক্ষার্থীদের জন্য ডেন্টাল চিকিৎসাসেবার এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এ ধরনের মানবিক কার্যক্রমের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ আরও বিস্তৃত করার আহ্বান জানান তিনি।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সংগঠনের স্বেচ্ছাসেবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরসিংদী শিবপুরে ১১ লাখ ৮৫ হাজার টাকার ভুয়া ব্যান্ডরোল জব্দ, গ্রেফতার ২

আন্তর্জাতিক ডেস্ক

নরসিংদী প্রতিনিধি:

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩১ এম


নরসিংদী শিবপুরে ১১ লাখ ৮৫ হাজার টাকার ভুয়া ব্যান্ডরোল জব্দ, গ্রেফতার ২

নরসিংদীর শিবপুরে যৌথ অভিযান চালিয়ে ১১ লাখ ৮৫ হাজার ৪৬০ টাকা মূল্যের বিড়ির অবৈধ ও ভুয়া রাজস্ব স্ট্যাম্প (ব্যান্ডরোল) জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর মডেল থানাধীন কামরাবো বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অংশ নেয় শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), নরসিংদীর সমন্বয়ে গঠিত যৌথ দল।
অভিযানকালে অবৈধ ও ভুয়া রাজস্ব স্ট্যাম্প (ব্যান্ডরোল) সংরক্ষণের অভিযোগে দুইজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ফরিদপুর জেলার কোতোয়ালি থানার মৃত মনিন্দের ছেলে নেপাল দত্ত (৬১) এবং নরসিংদীর শিবপুর থানার মৃত জমির উদ্দিনের ছেলে মো. রাকিব (২৫)।
এ সময় তাদের কাছ থেকে ১১ লাখ ৮৫ হাজার ৪৬০ টাকা মূল্যের বিড়ির অবৈধ ও ভুয়া রাজস্ব স্ট্যাম্প (ব্যান্ডরোল) জব্দ করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে জব্দ করা আলামতসহ গ্রেফতারকৃতদের শিবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমস্টারডামে ইসরাইলবিরোধী বিক্ষোভে লাখো জনতার অংশগ্রহণ, গাজায় যুদ্ধ বন্ধের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪২ এম


আমস্টারডামে ইসরাইলবিরোধী বিক্ষোভে লাখো জনতার অংশগ্রহণ, গাজায় যুদ্ধ বন্ধের দাবি

নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে দুই লাখেরও বেশি মানুষ ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধ বন্ধের এবং দেশটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন। রোববার অনুষ্ঠিত এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা ইসরাইলের সঙ্গে বাণিজ্যিক বিধিনিষেধ জোরদার এবং দেশটির কাছে সব ধরনের অস্ত্র বিক্রি বন্ধের দাবি জানান।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নেদারল্যান্ডস শাখার তথ্য অনুযায়ী, এই বিক্ষোভে দুই লাখের বেশি মানুষ অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীদের অনেকের পরনে ছিল লাল পোশাক বা লাল রঙের কোনো না কোনো সামগ্রী। ‘রেড লাইন’ নামে পরিচিত এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ইসরাইলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

বিক্ষোভে অংশ নেওয়া মাইক ভ্যান ডংগেন বলেন, “সেখানে যা ঘটছে, তা অমানবিক।” তিনি নেদারল্যান্ডস সরকারের ভূমিকার সমালোচনা করে বলেন, “আমার কাছে মনে হচ্ছে, কর্তৃপক্ষ কিছুই করছে না। তারা কোনো কঠোর পদক্ষেপ নেওয়ার সাহস পাচ্ছে না।”

রোববার আমস্টারডামের একটি ব্যস্ত সড়ক যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়। বিক্ষোভকারীরা যখন ওই সড়ক দিয়ে মিছিল নিয়ে যাচ্ছিলেন, তখন বাসস্টপে দাঁড়িয়ে একজন ব্যক্তি মাইকে ‘ফ্রি, ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন। মিছিলের অনেকেই তার সঙ্গে কণ্ঠ মিলিয়ে একই স্লোগান দেন।

গাজায় নিহত ৭৪ হাজারের বেশি

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের যুদ্ধ ও হামলায় অন্তত ৭৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ২১ হাজার শিশু রয়েছে।

গত বছরের অক্টোবরের শুরুর দিকে আমস্টারডামে একই ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল। এর আগে গত বছরের জুনে নেদারল্যান্ডসের দ্য হেগ শহরের সড়কে ‘রেড লাইন’ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন হাজারো মানুষ।

গত বছরের ১০ অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে এরপরও প্রায় প্রতিদিনই ইসরাইলের হামলা ও হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে।

গাজায় যুদ্ধকে কেন্দ্র করে নেদারল্যান্ডস ও ইসরাইলের সম্পর্কেও টানাপোড়েন তৈরি হয়েছে। গত বছর ইসরাইলের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপে ব্যর্থ হয়ে পদত্যাগ করেন নেদারল্যান্ডসের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী।

এরপর গত ফেব্রুয়ারিতে দেশটিতে নতুন সংখ্যালঘু জোট সরকার ক্ষমতা গ্রহণ করে। নতুন সরকার ইসরাইলি বসতি থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করে। নেদারল্যান্ডস সরকারসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের অধিকাংশই এসব বসতিকে অবৈধ বলে মনে করে। এ নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে ইসরাইলের সঙ্গে দেশটির কূটনৈতিক বিরোধ তৈরি হয়।

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব ইয়েটেন গত বছর একটি বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছিলেন। তবে রোববারের কর্মসূচিতে তিনি উপস্থিত ছিলেন না। গত শুক্রবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সরকারের পদক্ষেপের পক্ষে অবস্থান তুলে ধরে তিনি বলেন, গাজা নিয়ে করা চুক্তিগুলো মেনে চলতে ইসরাইলের ওপর আরও বেশি রাজনৈতিক ও কূটনৈতিক চাপ প্রয়োগ করছে তার সরকার।

সূত্র: আলজাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%