০৫:৪৬ এম
ঝালকাঠির নলছিটিতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটকের পর পুলিশের ওপর হামলা, সরকারি গাড়ি ভাঙচুর এবং হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) দুপুরে ঘটনার পর গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে হামলায় জড়িত থাকার অভিযোগে তাদের আটক করে পুলিশ।
হামলা ও সংঘর্ষের ফলে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। উপজেলার দপদপিয়া ইউনিয়নের পুরনো ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে জনস্রোত, ‘মেহফিল-এ-ইনকিলাব’ অনুষ্ঠিত
পুলিশ সূত্রে জানা যায়, একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এলাকায় অবস্থান করছেন, এমন তথ্যের ভিত্তিতে নলছিটি থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এসময় দপদপিয়া ইউনিয়ন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য মো. সিরাজ মোল্লাকে আটক করা হয়। তাকে হাতকড়া পরিয়ে পুলিশের হেফাজতে নেওয়ার সময় তার পরিবারের সদস্য ও সহযোগিরা পুলিশের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠে।
হামলার সময় হামলাকারীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। এসময় ওসি মো. তৌহিদুজ্জামান সোহাগসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। প্রায় শতাধিক হামলাকারীরা পুলিশের একটি সরকারি গাড়ি ভাঙচুর করেন। পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ আটক ছাত্রলীগ নেতা সিরাজ মোল্লাকে ছিনিয়ে নিয়ে যান। পরবর্তীতে সিরাজ এলাকা থেকে পালিয়ে যায়।
আকস্মিক এ ঘটনায় ফেরিঘাটসহ আশেপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে ঝালকাঠি থেকে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। বিকেলে সিরাজ মোল্লার বাড়িসহ দপদপিয়া ইউনিয়নের একাধিক বাড়িতে অভিযান চালায় পুলিশ। তবে অভিযানের আগেই হামলায় জড়িত থাকার অভিযোগে কয়েকজন বাড়িঘরে তালা দিয়ে আত্মগোপনে চলে যান বলে স্থানীয়রা জানান।
এ ঘটনায় হামলায় জড়িত থাকার অভিযোগে আটক সাতজনের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ভরতকাঠি গ্রামের মো. সোহেল হাওলাদার (২৭), মিল্টন হাওলাদার (২০), বরিশালের বাবুগঞ্জের রাশেদ মৃধা (২৫) ও নলছিটি পৌরসভার গৌরিপাশা এলাকার শহিদুল ইসলাম (২৮)। আটক অন্য তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানায়নি পুলিশ।
আরও পড়ুন: টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার পিস ইয়াবা জব্দ
এদিকে ঘটনার পর নলছিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি সম্ভাব্য পালানোর পথগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বায়জীদ ইবনে আকবর ঘটনাস্থল পরিদর্শন করেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ বলেন, ‘বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। ছিনিয়ে নেওয়া আসামিসহ এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি নিয়েছে।’
পুলিশের ওপর হামলা, সরকারি গাড়ি ভাঙচুর এবং হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়ার এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তারে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।
আরও পড়ুন: বাকৃবি ক্যাম্পাসে ছুরি দেখিয়ে মোবাইল ছিনতাই, অটোচালক আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন