০৫:৪৪ এম
গোপালগঞ্জে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় সারজিল সিকদার (২২) নামে এক শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। রবিবার রাত সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কের গোবরা মাদরাসার সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত সারজিল জেলা শহরের ব্যাংকপাড়া এলাকার বাসিন্দা। তিনি পৌর মহিলা দলের সভানেত্রী নিরালা বেগম ও শাহ আলম সিকদারের ছেলে। গোপালগঞ্জ সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, সারজিল মোটরসাইকেল নিয়ে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকা থেকে শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। সংঘর্ষের ফলে তিনি গুরুতর আহত হন এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: আজ সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না রংপুরের যেসব এলাকায়
সারজিলের মৃত্যুর খবর শুনে স্থানীয় গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবরসহ বিএনপি নেতৃবৃন্দ হাসপাতালে ছুটে যান। তারা শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা প্রদান করেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন