০২:১৩ পি.এম
আজ ৯ বছর পূর্ণ হলো বাংলার ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক রাজ্জাককে হারানোর। এই বিশেষ দিনে দেশের শীর্ষ নায়ক শাকিব খান শ্রদ্ধা ও ভালোবাসার সহিত গভীর স্নেহের সঙ্গে আনুষ্ঠানিকভাবে প্রিয় এই কিংবদন্তিকে স্মরণ করেছেন।
শুক্রবার দুপুরে শাকিব খান সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন বার্তা প্রকাশ করেছেন। এই পোস্টে তিনি নায়করাজের সঙ্গে ব্যক্তিগত স্মৃতি এবং গভীর সম্পর্কের কথা তুলে ধরেন।
শাকিব খান ফেসবুক পোস্টে নায়করাজের সঙ্গে ছবি শেয়ার করে উল্লেখ করেন, ‘নায়করাজ রাজ্জাক আঙ্কেলকে হারানোর ৯ বছর আজ। তাকে হারানোর শূন্যতা আজও সমানভাবে অনুভব করি। তিনি ছিলেন শুধু একজন কিংবদন্তি নায়কই নয়, বরং চলচ্চিত্রের একজন অভিভাবক, অনুপ্রেরণা এবং ভালোবাসার একটি বিশাল আশ্রয়।’
আরও পড়ুন: শাহরুখের ছবিতে কাজ করতে না পেরে আজও আক্ষেপ নেহার
নায়করাজ রাজ্জাকের স্নেহ ও ভালোবাসা স্মরণ করে তিনি আরো লিখেছেন, ‘বিশেষ করে তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো। স্নেহ দিয়েছেন, আগলে রেখেছেন, পরামর্শ দিয়েছেন। অনেক দিন দেখা না হলেও কীভাবে যেন বুঝে যেতেন, আমি কেমন আছি, কীসের মধ্য দিয়ে যাচ্ছি! তাকে হারানোর বেদনা আমার কাছে নিজের অভিভাবক হারানোর মতো, খুবই ব্যক্তিগত।’
এই অভিনেতা জানান, নায়করাজের শিক্ষা ও আশীর্বাদ এখনো তার পথচলার অনুপ্রেরণা হয়ে আছে। তার ভাষায়, ‘তিনি নেই, কিন্তু তার স্নেহ, শিক্ষা ও আশীর্বাদ এখনো আমার পথচলার অনুপ্রেরণা। বাংলাদেশের চলচ্চিত্র যত দিন থাকবে, নায়করাজ তত দিনই থাকবেন আমাদের হৃদয়ে, আমাদের অহংকার হয়ে।’
সবশেষে শ্রদ্ধা জানিয়ে শাকিব খান লেখেন, ‘শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করি আপনাকে। শান্তিতে থাকুন, আমাদের প্রিয় নায়করাজ।’
২০১৭ সালের ২১ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে নায়করাজ রাজ্জাক রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর ৯ বছর পরও বাংলা চলচ্চিত্রে তার অবদান, অসংখ্য জনপ্রিয় চরিত্র এবং নতুন প্রজন্মের শিল্পীদের প্রতি তার স্নেহ আজও চলচ্চিত্রসংশ্লিষ্টরা স্মরণ করেন।
আরও পড়ুন: মেসার্স উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন