০৪:৫৮ পি.এম
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) এর গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের তিন শিক্ষার্থীকে মাদকদ্রব্য (গাঁজা) সহ আটক করার পর শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে অর্থদণ্ডসহ বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ২৮তম সভায় গত ২৭ অক্টোবর তদন্ত প্রতিবেদন পর্যালোচনা শেষে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
২৮ অক্টোবর (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দিনের স্বাক্ষরিত একটি স্মারকে এ তথ্য জানানো হয়েছে।
স্মারকে উল্লেখ করা হয়েছে, গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহকারী ছাত্র বিষয়ক পরিচালকদের নিয়মিত টহল কার্যক্রম চলাকালে নির্মাণাধীন ০৪ নম্বর একাডেমিক ভবনের দ্বিতীয় তলা থেকে গাঁজাসহ তিন শিক্ষার্থীকে হাতেনাতে আটক করা হয়।
আরও পড়ুন: এক নজরে দেখে নিন, কোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে?
শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এস এম তৌফিক আলমকে পরবর্তী দুই টার্মের জন্য বহিষ্কার করা হয়েছে এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অপরদিকে, মুশফিক উল ইসলাম ও কাজী রিয়াজুল ছলেহীনকে পরবর্তী এক টার্মের জন্য বহিষ্কার করা হয়েছে এবং তাদের ১০ হাজার ও ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। তাদের অভিভাবকদের থেকে মুচলেকা গ্রহণের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দিন বলেছেন, “নিয়মিত টহল কার্যক্রমের সময় গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের তিন শিক্ষার্থীকে গাঁজাসহ আটক করা হয়। এ সময় তাদের ভিডিও ধারণ করে জিজ্ঞাসাবাদ করা হলে তারা মাদক সংশ্লিষ্টতার কথা স্বীকার করে।
তিনি আরও জানান, পূর্বে তারা এ ধরনের অপরাধে জড়িত ছিল বলে জানা যায়। বিশ্ববিদ্যালয়ের হল রোডের এক ভ্যানচালকের কাছ থেকে তারা মাদক সংগ্রহ করত বলেও তথ্য পাওয়া যায়। পরবর্তীতে ওই ভ্যানচালককে আটক করা হলে তার থেকেও উল্লেখযোগ্য পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আইনের আওতায় আনা হয়।
ঘটনার পর তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে এক মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ওই তিন শিক্ষার্থীকে অর্থদণ্ডসহ বহিষ্কার করা হয়।
আরও পড়ুন: শেকৃবিতে শিক্ষার্থীদের আন্দোলনে ক্লাস-পরীক্ষা বন্ধ, শুরু হলো কমপ্লিট শাটডাউন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন