০৬:৩১ পি.এম
চট্টগ্রামের কর্ণফুলীতে ঐতিহ্যবাহী সাম্পান খেলা ও চাটগাঁইয়া সাংস্কৃতিক মেলার ২০তম আয়োজন প্রায় এক মাস আগে শেষ হয়েছে। তবে আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব এখনো প্রকাশ করা হয়নি। এ বিষয়টিকে কেন্দ্র করে আয়োজক কমিটির মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা হয়, কিন্তু তার স্বচ্ছ হিসাব জনসম্মুখে আসে না। ফলে এ ঐতিহ্যবাহী আয়োজনের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে নতুন প্রশ্ন উঠে এসেছে।
অনুসন্ধানে জানা গেছে, সাম্পান খেলাকে কেন্দ্র করে প্রতিবছর কর্ণফুলীতে ৩ দিনব্যাপী বৃহৎ চাটগাঁইয়া সাংস্কৃতিক মেলা অনুষ্ঠিত হয়। মেলার সময় শত শত দোকান বসে এবং হাজার হাজার দর্শনার্থী মেলায় অংশগ্রহণ করে। আয়োজকরা স্থানীয় ব্যক্তি, ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানদর কাছ থেকেও অনুদান সংগ্রহ করেন। কিন্তু মোট কত অর্থ সংগ্রহ হয় এবং কোন খাতে কত ব্যয় হয়, সে বিষয়ে কখনোই কোনো প্রকাশ্য প্রতিবেদন বা নিরীক্ষিত হিসাব পাওয়া যায় না।
সুশীল সমাজের কয়েকজন প্রতিনিধি মনে করছেন, সাম্পান খেলা ও চাটগাঁইয়া সাংস্কৃতিক মেলার মতো একটি ঐতিহ্যবাহী আয়োজনকে বিতর্কমুক্ত রাখতে হলে আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। তাদের মতে, প্রতিবছর আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করা, নিরীক্ষা ব্যবস্থা চালু করা এবং সংশ্লিষ্ট সকল পক্ষের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা হলে এসব প্রশ্নের অবসান ঘটবে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সফরের পরই সড়ক আগের অবস্থায় ফিরে এসেছে
কমিটির যুগ্ম আহ্বায়ক সেলিম খাঁন বলেন, অনুষ্ঠান শেষ হওয়ার এক মাস পরেও আয়-ব্যয়ের হিসাব প্রকাশ হয়নি, এটি নতুন কিছু নয়। প্রায় প্রতি বছরই এমনটি ঘটে। হিসাব প্রকাশের বিষয়ে আমরা বারবার তাগিদ দিলেও কার্যকর অগ্রগতি দেখতে পাইনি।
তিনি আরও যোগ করেন, যারা কমিটির মূল দায়িত্বে রয়েছেন, তারাই হিসাব প্রকাশের বিষয়টি বিলম্বিত করছেন। কমিটির অনেক সদস্য প্রকৃত আয়-ব্যয়ের তথ্য সম্পর্কে অবগত নন।
আয়োজক কমিটির সদস্য সচিব এস এম পেয়ার আলী এ বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, এ বিষয়ে আহ্বায়ক মির্জা ইসমাইল ভালো বলতে পারবেন।
এ বিষয়ে জানতে চাইলে আয়োজক কমিটির আহ্বায়ক মির্জা ইসমাইল বলেন, আয়-ব্যয়ের একটি প্রাথমিক খসড়া প্রস্তুত করা হয়েছে। প্রধান উপদেষ্টা আব্বাস আলীর সাথে আলোচনা করে শিগগিরই একটি বৈঠকের মাধ্যমে বিস্তারিত হিসাব প্রকাশ করা হবে।
আরও পড়ুন: মাদারীপুর জেলা হাসপাতালে ৯ কোটি টাকার ই-টেন্ডারে কারিগরি জটিলতা, ছুটিতে সিভিল সার্জন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন