ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

জাতীয় উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে : ববি হাজ্জাজ


জাতীয় উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে : ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, বর্তমান সরকারের দেয়া বাজেট ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের বাজেট। জাতীয় উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে ইতিহাসের অন্যতম সর্বোচ্চ, যা দেশের মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আজ সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিশ্বাস করে শিক্ষা খাতেই সবচেয়ে বড় এবং সবচেয়ে কার্যকর বিনিয়োগ করা সম্ভব। সেক্ষেত্রে জাতীয় বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, অতীতে শিক্ষা খাতে জিডিপির ১ দশমিক ৩ থেকে ১ দশমিক ৪ শতাংশ ব্যয় করা হলেও বর্তমান বাজেটে তা বাড়িয়ে ২ শতাংশে উন্নীত করা হয়েছে। ভবিষ্যতে এটি ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে।

ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষা একটি জাতির ভিত্তি নির্মাণ করে। শিক্ষার প্রাথমিক স্তর শক্তিশালী না হলে উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রে তা নেতিবাচক প্রভাব ফেলে। তাই প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম, শিক্ষকতার মানোন্নয়ন এবং প্রশাসনিক কাঠামো সংস্কারে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রাথমিক শিক্ষাকে যুগোপযোগী ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে ব্যাপক সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। শুধু পাঠ্যবই ভিত্তিক শিক্ষা নয়, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও ব্যক্তিত্ব বিকাশে খেলাধুলা, সংস্কৃতি এবং শিল্পচর্চাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে প্রাথমিক স্তরের চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে খেলাধুলার কার্যক্রম আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ফুটবল ও ক্রিকেটের পাশাপাশি বাস্কেটবলসহ বিভিন্ন খেলাকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। একই সঙ্গে পারফর্মিং আর্টস, এক্সপ্রেসিভ আর্টস এবং ফাইন আর্টসের মতো সাংস্কৃতিক কার্যক্রমও প্রাথমিক শিক্ষার অংশ হিসেবে গুরুত্ব পাচ্ছে।

তিনি বলেন, একটি আধুনিক, মানবিক ও সৃজনশীল প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলা ও সাংস্কৃতিক শিক্ষার বিকল্প নেই। এ বিষয়ে নেতিবাচক সমালোচনার পরিবর্তে গঠনমূলক আলোচনা প্রয়োজন।

ববি হাজ্জাজ আরও বলেন, বর্তমান বাজেটে জনগণের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি অর্থনীতির সরবরাহ ব্যবস্থা সম্প্রসারণ, সৃজনশীল অর্থনীতি বিকাশ এবং শিল্প-কারখানার আধুনিকায়নেও গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারের বিশ্বাস, মানুষের ওপর বিনিয়োগই দেশের সবচেয়ে বড় বিনিয়োগ এবং শিক্ষিত, দক্ষ ও সৃজনশীল জনগোষ্ঠীই দেশের উন্নয়নের প্রধান চালিকাশক্তি।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

তিনি বলেন, গত দুই দশকে শিক্ষা খাতে প্রয়োজনীয় গুরুত্ব দেওয়া হলে দেশের সামগ্রিক উন্নয়ন আরও দ্রুত ও টেকসই হতো। বর্তমান সরকার সেই ঘাটতি পূরণে দৃঢ়প্রতিজ্ঞ এবং শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যেতে কাজ করছে।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতিতে বিনিয়োগের মাধ্যমে আগামী দুই দশকে বাংলাদেশ একটি জ্ঞানভিত্তিক, দক্ষ ও আধুনিক রাষ্ট্রে পরিণত হবে। সমালোচনা থাকতেই পারে, তবে জাতির বৃহত্তর স্বার্থে সবাইকে উন্নয়নের মূল লক্ষ্য অর্জনে একযোগে কাজ করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে এক সপ্তাহ ধরে নিখোঁজ মাদরাসা শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৬:৩৯ পি.এম


সিলেটে এক সপ্তাহ ধরে নিখোঁজ মাদরাসা শিক্ষার্থী

সিলেটে আফজল হোসাইন নামের এক মাদরাসা শিক্ষার্থী সাত দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি নগরের শাহপরাণ থানাধীন জাহানপুরস্থ মুহিব রোকিয়া হাফিজিয়া মাদরাসার ছাত্র বলে জানা যাচ্ছে।

নিখোঁজ আফজল হোসাইন (২১) সিলেট নগরের মেজরটিলা ইসলামপুর এলাকার মুসলিমনগরের বাসিন্দা মৃত আনা মিয়ার ছেলে। খবর নিয়ে জানা যায়, গত ৭ জুন রবিবার মাদরাসা থেকে আফজল কাউকে কিছু না বলে বেরিয়ে যান। এরপর তিনি বাসায় ফেরেননি। বাসায় না ফেরায় আত্মীয়-স্বজনরা মাদরাসাসহ সম্ভাব্য সব জায়গায় খুঁজে তার সন্ধান পাননি।

এছাড়া এ বিষয়ে পরদিন ৮ জুন নিখোঁজ আফজালের মা শিফা বেগম সিলেটের শাহপরাণ (রহ.) থানায় একটি জিডি করেছেন।

জিডি সূত্রে জানা যায়, নিখোঁজের সময় আফজল হোসাইনের পরনে খয়েরি রঙের পাঞ্চাবি এবং সাদা পায়জামা ছিল। তার গায়ের রং শ্যামলা, গোলাকার মুখায়ব এবং উচ্চতা আনুমানিক ৫ ফুট ৩ ইঞ্চি। তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন।

সিলেটের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বলেন, ‘নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে পুলিশ তৎপর রয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগস্টে জাতীয় গ্রিডে প্রথম বিদ্যুৎ সরবরাহ করবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র: মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৬:৪৩ পি.এম


আগস্টে জাতীয় গ্রিডে প্রথম বিদ্যুৎ সরবরাহ করবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র: মন্ত্রী

বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র (আরএনপিপি) চলতি বছরের আগস্টের শেষ নাগাদ জাতীয় গ্রিডে প্রথমবারের মতো বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হবে বলেও জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

আজ সংসদে জামালপুর-৩ আসনের সরকারি দলের সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে বিপুলভাবে এ তথ্য জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বর্তমান সময়ে কমিশনিং এবং স্টার্টআপ পর্যায়ে রয়েছে, যা বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ, জটিল এবং চূড়ান্ত ধাপ।

এছাড়া তিনি আরও বলেন, 'রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের জ্বালানি খাতের জন্য একটি যুগান্তকারী প্রকল্প এবং দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ স্থাপনা।' দীর্ঘ পরিকল্পনা, নির্মাণ এবং প্রস্তুতিমূলক কার্যক্রম সমাপ্তির পর প্রকল্পটি এখন কমিশনিং ও স্টার্টআপ পর্যায়ে অবস্থান করছে।

ফকির মাহবুব আনাম জানান, ইউনিট-১-এর স্টেজ-বি (ফুয়েল লোডিং ও ফিজিক্যাল স্টার্টআপ) কার্যক্রমের আওতায় গত ২৮ এপ্রিল ২০২৬ থেকে পারমাণবিক জ্বালানি লোডিং কার্যক্রম শুরু করা হয়েছে। বর্তমানে রিঅ্যাক্টরে পারমাণবিক জ্বালানি স্থাপন, বোরিক অ্যাসিড সংযোজন, রিঅ্যাক্টর এবং প্রাইমারি সার্কিট পরীক্ষা, নিরাপত্তা যাচাই, সাব-ক্রিটিক্যালিটি পরীক্ষা ও অন্যান্য কমিশনিং কার্যক্রম চলমান রয়েছে।

মন্ত্রী জানান, পরবর্তী ধাপে রিঅ্যাক্টরকে ক্রিটিক্যাল অবস্থায় নিয়ে যাওয়া, নিয়ন্ত্রণ এবং সুরক্ষা ব্যবস্থার সমন্বিত পরীক্ষা সম্পন্ন করা হবে এবং নিম্নক্ষমতায় রিঅ্যাক্টর পরিচালনার মাধ্যমে স্টার্টআপ কার্যক্রম সম্পন্ন করা হবে।

প্রকল্পের নির্ধারিত সময়সূচি অনুসারে ধাপে ধাপে রিঅ্যাক্টরের ক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। প্রথমে ১০ থেকে ১২ শতাংশ এবং পরে ৩৫ থেকে ৪০ শতাংশ ক্ষমতায় পরিচালনার মাধ্যমে বিভিন্ন কারিগরি পরীক্ষা ও মূল্যায়ন সম্পন্ন করা হবে।

মন্ত্রী বলেন, 'প্রয়োজনীয় সকল পরীক্ষা ও কমিশনিং কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার পর জ্বালানি লোডিং শুরু হওয়ার প্রায় ১১৪ দিন পর জেনারেটরকে জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় করা হবে।'

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর বক্তব্য অনুযায়ী প্রকল্পের অগ্রগতি নিয়ে তিনি আশাবাদী। মন্ত্রী বলেন, 'ঠিকাদারি প্রতিষ্ঠানের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আশা করছি, ২০২৬ সালের আগস্টের শেষ নাগাদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রথমবারের মতো জাতীয় গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হবে।'

রাশিয়ার সহযোগিতায় পাবনা জেলার ঈশ্বরদীতে নির্মাণাধীন ২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিদ্যুৎ উৎপাদনের উৎস বহুমুখীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসে সচেতনতামূলক কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৬:৪৩ পি.এম


রাজবাড়ীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসে সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ী থেকে সংবাদদাতা জানাচ্ছেন, শিশুশ্রম বন্ধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করার দাবিতে ২০২৬ সালে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন করা হয়েছে রাজবাড়ীতে।

রবিবার ১৪ জুন সকালে জেলা শহরের কলেজ রোড এলাকায় একটি মানববন্ধন কর্মসূচি পালন করে সচেতন নাগরিক কমিটি, যেটি (সনাক) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সহায়তায় আয়োজন করা হয়।

হাজারো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এই মানববন্ধনের পরে রাজা সূর্য কুমার ইনস্টিটিউশনের হলরুমে একটি আলচনার সভা অনুষ্ঠিত হয়।

সভায় সনাকের সভাপতি মো. আতিয়ার রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন সনাকের সহসভাপতি অ্যাডভোকেট নাজমা সুলতানা, ফজলুল হক মণ্ডল, সদস্য অধ্যাপক মো. নুরুজ্জামান, পরিমল চন্দ্র, মধুসূদন সাহা, দিদারুল হক হিরু, খাদিজাতুল কুবরা নাজমা এবং শয়ন শিকদার।

এ সময় বক্তারা বলেন, শিশুশ্রম নিরসনে বাংলাদেশে বিভিন্ন নীতিগত অঙ্গীকার ও আন্তর্জাতিক প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও, এটি এখনও একটি গভীর সামাজিক সমস্যা হিসেবে রয়ে গেছে। বিশেষ করে, বর্জ্য সংগ্রহ, পৃথকীকরণ ও পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতে অপ্রাতিষ্ঠানিক ব্যবস্থার ওপর নির্ভরশীলতার কারণে দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুরা ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেকসই উন্নয়ন ও জনভোগান্তি কমাতে জোর দেবে সিডিএ : ইঞ্জিনিয়ার বেলায়েত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৬:৪৬ পি.এম


টেকসই উন্নয়ন ও জনভোগান্তি কমাতে জোর দেবে সিডিএ : ইঞ্জিনিয়ার বেলায়েত

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেছেন, চলমান প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের পাশাপাশি নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে জনভোগান্তি কমানো এবং টেকসই উন্নয়নের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট সব সেবা সংস্থার সঙ্গে সমন্বয় রেখে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে চট্টগ্রামকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সিডিএ কাজ করবে।

সিডিএ চেয়ারম্যান পদে নিয়োগের পর রোববার (১৪ জুন) ঢাকা থেকে ফিরে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সিডিএ চেয়ারম্যান বলেন, সব সেবা সংস্থার একটাই লক্ষ্য হওয়া উচিত চট্টগ্রামকে আরও ভালো কিছু দেওয়া।

সমন্বিত উদ্যোগ ছাড়া এই নগরীর দীর্ঘদিনের সংকটগুলোর সমাধান সম্ভব নয়। চট্টগ্রাম দেশের অর্থনৈতিক হৃৎপিণ্ড। কিন্তু জলাবদ্ধতা, অপরিকল্পিত নগরায়ণ এবং সমন্বয়ের অভাব এই শহরের সম্ভাবনাকে ব্যাহত করছে।

তিনি উল্লেখ করেছেন, চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক), ওয়াসা, বিদ্যুৎ বিভাগ, গ্যাস বিভাগ, ট্রাফিক বিভাগসহ সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় রেখে সিডিএ আগামী দিনে কাজ করবে।

চলমান প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের পাশাপাশি নতুন প্রকল্প গ্রহণের বিষয়েও জনভোগান্তি কমানো এবং টেকসই উন্নয়নের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

বেলায়েত হোসেন আরও বলেন, আমরা এমন একটি চট্টগ্রাম দেখতে চাই, যেখানে নাগরিক সেবা পাওয়া সহজ হবে এবং পাহাড়-প্রকৃতি সংরক্ষণ করে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে। সিডিএ’র কার্যক্রমে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে আমি বদ্ধপরিকর।

তিনি বলেন, নগরকে সাজাতে হবে বৈজ্ঞানিক ও যুগোপযোগী পদ্ধতিতে। এ জন্য তিনি নগর পরিকল্পনাবিদ, পরিবেশকর্মী ও গবেষকদের সঙ্গে মতবিনিময় করতে চান। তাদের পরামর্শের ভিত্তিতে সিডিএ’র উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে।

সিডিএ চেয়ারম্যান বলেন, অপরিকল্পিত উন্নয়ন উপকারের বদলে জাতির জন্য বোঝা হয়ে দাঁড়ায়। তা আর হতে দেওয়া হবে না। এই নগরকে ভালো কিছু দেওয়াই আমার প্রধান লক্ষ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%