০৬:৪৯ পি.এম
‘আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক (ইউএনও) দায়ী থাকবে’ এমন একটি চাঞ্চল্যকর পোস্ট ফেসবুকে দেওয়ার পর জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান বর্তমানে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন।
ঢাকার ধানমন্ডির একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা শেষে তিনি রোববার বিকালে চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন, এ তথ্য জানিয়েছেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান।
রোববার বিকালে যুগান্তরকে তিনি বলেন, জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান বর্তমানে অনেকটাই সুস্থ আছেন। ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়ে তিনি তার চট্টগ্রামের নিজ বাড়িতে ফিরছেন। সেখানে কিছুদিন বিশ্রাম নিয়ে তিনি কর্মস্থলে ফিরে আসবেন।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
‘আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক (ইউএনও) দায়ী থাকবে’ এবং ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’ শিরোনামে ফেসবুকে পোস্ট দুটি দিয়ে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান শান্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন।
গত শুক্রবার (২৩ অক্টোবর) রাতে পোস্ট দুটি দেওয়ার পর অসুস্থ অবস্থায় তাকে প্রথমে সিলেটের হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরিত করা হয়।
এদিকে, ইউএনও শিল্পী রানী মোদকের সঙ্গে এসিল্যান্ডের বিরোধের গুঞ্জন ছড়িয়ে পড়লেও জেলা প্রশাসন জানিয়েছে, এর কোনো ভিত্তি পাওয়া যায়নি।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান বলেন, জামালগঞ্জে এসিল্যান্ড ও ইউএনওকে ঘিরে সৃষ্ট ঘটনার সমস্ত কিছু পর্যালোচনা করে দেখা গেছে, ইউএনওর সঙ্গে তার সম্পর্ক খারাপ হওয়ার মতো কোনো বিষয় ছিল না। এসিল্যান্ডের সঙ্গে ইউএনওর বিরোধের যে গুঞ্জন ছড়িয়েছে, তার কোনো ভিত্তি পাওয়া যায়নি।
আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ
তিনি জানান, ফেসবুকে পোস্ট দেওয়ার কয়েক মিনিট আগে তিনি তার পরিবারসহ ইউএনওর বাসায় জন্মদিনের অনুষ্ঠানে ছিলেন। তার স্ত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। ঘটনার তিন দিন আগে জামালগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর পর লাশ দেখে তিনি মানসিকভাবে আরও বিপর্যস্ত হয়ে পড়েন।
তিনি বলেন, কর্মস্থলে ফেরার পর শুক্রবার (২৩ অক্টোবর) রাতের ঘটনাটি কেন এবং কিভাবে ঘটেছে, তা বিস্তারিত জানা যাবে। আমরা নিয়মিত তার খোঁজখবর রাখছি।
জামালগঞ্জের ইউএনও শিল্পী রানী মোদক বলেন, ‘প্রথমে জানতে পারি এসিল্যান্ডের মোবাইল হ্যাক হয়েছে। পরে তার স্ত্রী জানান, মোবাইল হ্যাক হয়নি, পোস্টগুলো এসিল্যান্ডই করেছেন। পরে তার স্ত্রী সেগুলো মুছে ফেলেন।
তিনি বলেন, পোস্ট দেওয়ার ছয় মিনিট আগেও তিনি (এসিল্যান্ড) আমার বাসায় ছিলেন। উনি সুস্থ হয়ে ফিরে এলে সংবাদ সম্মেলন করে বিস্তারিত আপনাদের জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের
প্রসঙ্গত, শুক্রবার (২৩ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে জামালগঞ্জের এসিল্যান্ড আরিফুর রহমানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক (ইউএনও) দায়ী থাকবে’ প্রথম পোস্টটি দেওয়া হয়। কয়েক মিনিট পর তিনি দ্বিতীয় পোস্ট দেন ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’। মুহূর্তের মধ্যে পোস্ট দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়।
পোস্ট দেওয়ার পরপরই ইউএনও শিল্পী রানী মোদক তার ফেসবুক পেজে এসিল্যান্ডের আইডি হ্যাক হওয়ার দাবি করে একটি পোস্ট দেন। এতে সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়। তবে কিছুক্ষণের মধ্যেই এসিল্যান্ডের অ্যাকাউন্ট থেকে পোস্ট দুটি মুছে ফেলা হয়।
পরবর্তীতে ইউএনও জানান, আইডি হ্যাক হয়নি, এসিল্যান্ডের স্ত্রী পোস্টগুলো মুছে দিয়েছেন বলে তিনি জানতে পেরেছেন।
জানা গেছে, আরিফুর রহমান শান্ত প্রায় দুই মাস ধরে জামালগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি তার পরিবার নিয়ে উপজেলা সদরে বসবাস করছেন।
আরও পড়ুন: হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন শফিকুল আলম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন