০২:১৯ পি.এম
বাংলাদেশ রেলওয়ের যাত্রীসেবায় নতুন সুবিধাটি যুক্ত হয়েছে। ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিক ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ট্রেনের ভাড়ায় বিশেষ ছাড় ঘোষণা করেছে সরকার, যা ২৫ মে থেকে কার্যকর হয়েছে।
রেলপথ মন্ত্রণালয়ের সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপন অনুযায়ী, ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী যাত্রীরা নির্ধারিত শর্তের ভিত্তিতে টিকিটের ভিত্তিমূল্যের ওপর ২৫ শতাংশ ছাড় পাবেন। বয়স জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এর তথ্যের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে।
প্রবীণ নাগরিকদের জন্য এই সুবিধা অনলাইন এবং কাউন্টারে প্রযোজ্য হবে। এজন্য যাত্রীকে বাংলাদেশ রেলওয়ের টিকিটিং সিস্টেমে নিবন্ধিত হতে হবে এবং এনআইডি যাচাইকরণ সম্পন্ন করতে হবে।
আরও পড়ুন: সৌদি আরব থেকে ৯ মাসে ২ হাজার মরদেহ, নারী কর্মীরা সন্তানের বাবার পরিচয় জানেন না
পরিপত্র অনুযায়ী, একজন প্রবীণ যাত্রী প্রতি সপ্তাহে সর্বোচ্চ দু’বার ২৫ শতাংশ ছাড় সুবিধা নিতে পারবেন। যদি কোনো ডিসকাউন্টেড টিকিট ফেরত দেয়া হয়, তবে সেটি সাপ্তাহিক হিসাব থেকে বাদ দেয়া হবে এবং ওই সপ্তাহেই পুনরায় ছাড় পাওয়ার সুযোগ থাকবে।
এছাড়া, যদি কোনো প্রবীণ ব্যক্তি সহযাত্রী নিয়ে ভ্রমণ করেন, তবে সহযাত্রীর জন্য নিয়মিত ভাড়া প্রযোজ্য হবে। তবে, সহযাত্রীও যদি ৬৫ বছর বা তদূর্ধ্ব হয়ে থাকেন, তাহলে প্রতি বুকিংয়ে সর্বোচ্চ একজন অতিরিক্ত প্রবীণ যাত্রীও ছাড় সুবিধা পাবেন। এর জন্য তাকে নিজস্ব নিবন্ধিত মোবাইল নম্বরের মাধ্যমে পৃথকভাবে যাচাইকৃত হতে হবে।
অন্যদিকে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ‘সুবর্ণ’ পরিচয়পত্রধারী প্রতিবন্ধী ব্যক্তিরা আন্তঃনগর ট্রেনের সুলভ বা শোভন শ্রেণিতে বিদ্যমান সুবিধা অনুযায়ী ৫০ শতাংশ রেয়াত পাবেন। এ ছাড়াও, নতুন করে সব শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) শ্রেণির টিকিটের ক্ষেত্রে ২৫ শতাংশ ছাড় দেয়া হবে। তবে সার্ভিস চার্জ, ভ্যাটসহ অন্যান্য ফি বর্তমানে বিদ্যমান নিয়ম অনুযায়ী প্রযোজ্য থাকবে।
প্রতিবন্ধী যাত্রীদের ক্ষেত্রে আপাতত শুধু স্টেশন কাউন্টার থেকে টিকিট ক্রয়ের সময় এ সুবিধা পাওয়া যাবে। তবে ভবিষ্যতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে অনলাইন টিকিটিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেয়া হবে।
আরও পড়ুন: দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি ১০০-১১০ টাকায়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন