০১:২৮ পি.এম
প্রধানমন্ত্রীর কার্যালয় পরিচালনায় আজ সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। সংবাদ সম্মেলনটি বিএনপি সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হবে।
শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে তিনটায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা।
আরও পড়ুন: শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে তারেক রহমানকে লেখা চিঠি উদ্ধার
এ বিষয়ে প্রেস সচিব সালেহ শিবলী বলেন, নির্বাচনী ইশতেহার ধরে ধরে যে তা বাস্তবায়ন করা যায়, বিএনপি তাতে নজির স্থাপন করেছে। তিনি জানান, গত পাঁচ মাসে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে যে অগ্রগতি হয়েছে তা তুলে ধরা হবে।
সালেহ শিবলী আরও বলেন, “জনগণকে ক্ষমতায়ন করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল লক্ষ্য।” সেই লক্ষ্য অর্জনের অগ্রগতি সম্পর্কে মানুষকে জানানো সরকারের দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেছেন। এই কারণেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র থেকে জানা গেছে, এবারের সংবাদ সম্মেলনে অতি বৃষ্টি ও বন্যায় ক্ষয়-ক্ষতি এবং সরকার কী কী পদক্ষেপ নিয়েছে এই সম্পর্কে তথ্য-উপাত্ত তুলে ধরা হবে।
উল্লেখ্য, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত হয় বিএনপি। এরপর ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার নতুন মেয়াদের কার্যক্রম শুরু করে। সেই ধারাবাহিকতায় সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আজ এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন: গণমাধ্যমই ফ্যাসিস্ট তৈরিতে সহায়তা করেছে: জামায়াত আমির
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন