মোঃ জিয়াউর রহমান ঠাকুরগাঁও প্রতিনিধি বালিয়াডাঙ্গী
০১:৩৩ পি.এম
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ২ নম্বর চাড়োল ইউনিয়নের শাহবাজপুর গ্রামের মজিবর রহমানের একমাত্র পুত্র মোস্তাকিম (৩) নামে একটি শিশু খেলা করতে গিয়ে বাড়ির পাশে অবস্থিত পুকুরে ডুবে যায়।
এরপর উদ্ধার করা হলে শিশুটিকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনাটি ঘটে আনুমানিক ১২টা ৪৫ মিনিটের সময়।
শিশুটির মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
এটি ভরা বর্ষা মৌসুমে ঘটে যাওয়ায় আমাদের পক্ষে অপরিহার্য হবে, যেন ছোট শিশুদের দিকে কড়া নজর রাখা যায়।
এভাবে যেন আর কোনো সন্তানের জীবন এইভাবে হারানো না হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে স্বাধীন ও নিরপেক্ষভাবে পরিচালনার পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
একই সঙ্গে জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য পৌঁছানো সংস্কার প্রস্তাবগুলো দ্রুত আইনে পরিণত করার দাবি তিনি জানান।
শনিবার (১৮ জুলাই) সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন সাইফুল হক।
তিনি বলেন, বিচার বিভাগে রাজনীতিকীকরণ বন্ধ করে একটি স্বাধীন, কার্যকর ও নিরপেক্ষ বিচারব্যবস্থা গড়ে তুলতে হবে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বিএনপিসহ সব রাজনৈতিক শক্তির উচিত বিচার বিভাগকে এমনভাবে ঢেলে সাজানো, যেন ক্ষমতার পালাবদলের পর কোনো দলই বিচার বিভাগের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে না পারে।
সাইফুল হক বলেন, বিগত সময়ে বিরোধী দলগুলো নানা ধরনের বিচারিক বৈষম্য ও অবিচারের শিকার হয়েছে। তাই বর্তমান সরকারের উচিত বিচার বিভাগের ওপর আরোপিত সব ধরনের প্রভাব ও নিয়ন্ত্রণের অবসান ঘটিয়ে বিচারকদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করা।
জুলাই সনদের প্রসঙ্গ তুলে সাইফুল হক বলেন, বর্তমান সরকার যে অঙ্গীকার করেছে, তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে পৌঁছানো সংস্কার প্রস্তাবগুলো দ্রুত আইনে রূপ দিয়ে বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে জনগণের যেকোনো বিপদ-আপদে পাশে থাকা সরকারের দায়িত্ব ও অঙ্গীকার। ‘সবার আগে বাংলাদেশ, ক্ষমতার আগে জনগণ’-এই নীতিকে সামনে রেখেই সরকার কাজ করছে। শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় কক্সবাজার জেলার পেকুয়া উপজেলা মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ১০০ ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধনকালে এ কথা বলেন। তিনি বলেন, শুধু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত পরিবার নয়, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষি ও গবাদিপশুপালকদের জন্যও সরকার সহায়তা কর্মসূচি গ্রহণ করেছে। যারা বীজতলা, চারা বা কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সার, বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ দেওয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ক্ষয়ক্ষতির জরিপ করে সহায়তা প্রদান করা হবে। তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, সড়কসহ সব ধরনের অবকাঠামো দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে। সরকার সবসময় দেশের মানুষের পাশে থাকবে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আগামী কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভা নির্বাচনে জামায়াতে ইসলামীর মেয়র পদে প্রার্থী হিসেবে অধ্যাপক নূরুল হককে ঘোষণা করা হয়েছে।
শুক্রবার ( ১৭ জুলাই) বিকালে জুলাই দিবস উপলক্ষে পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় আনুষ্ঠানিকভাবে জামায়াতের মেয়র প্রার্থী অধ্যাপক নূরুল হকের নাম ঘোষণা করা হয়।
হোসেনপুর পৌর জামায়াতের সভাপতি মাওলানা আজহারুল ইসলামের সভাপতিত্বে জুলাই বিপ্লব দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা জামায়াতের আমীর ও মেয়র প্রার্থী অধ্যাপক নূরুল হক, উপজেলা জামায়াতের আমীর মো: আমিনুল হক, অধ্যাপক জৈন উদ্দিন, এডিএম মুহিবুল্লাহ প্রমুখ।
জুলাই বিপ্লব দিবসের তাৎপর্য তুলে ধরে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আজহারুল ইসলাম, উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি ওমর ফারুক, উপজেলা যুব জামায়াতের সভাপতি প্রভাষক ফারহান হোসেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুদ্ধের মধ্যেই একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো উপসাগরীয় দেশ ওমান। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর সালালার প্রায় ১৯৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আরব সাগরে ৫ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এ তথ্য শুক্রবার সৌদি ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি নির্দিষ্ট করে জানায়, স্থানীয় সময় শুক্রবার বিকাল ৩টা ১ মিনিটে সৌদি আরবের জাতীয় ভূকম্পন নেটওয়ার্কের স্টেশনগুলোতে এই কম্পন রেকর্ড করা হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ওমানের ধোফার গভর্নরেটের রাজধানী সালালার দক্ষিণ-পশ্চিমে আরব সাগরের তলদেশে।
এই ঘটনাটি সম্পর্কে রিপোর্ট লেখা পর্যন্ত কোনো হতাহত অথবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ওমানে অবস্থিত সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়ের আর্থকোয়েক মনিটরিং সেন্টারের তথ্যমতে, আরব সাগরে সৃষ্ট এই ভূকম্পন ‘ওয়েন ফ্র্যাকচার জোন’-এর সঙ্গে সম্পর্কিত। এটি একটি ট্রান্সফর্ম ফল্ট বা বিচ্যুতি অঞ্চল, যা আরব ও ভারতীয় টেকটোনিক প্লেটকে পৃথক করেছে। এই অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প হওয়া স্বাভাবিক ঘটনা।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সঙ্গে ওমানেও যুদ্ধের আঁচ লেগেছে। দেশটিতে অবস্থিত মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। পাশাপাশি, দেশটির উপকূলে বেশ কিছু জাহাজও হামলার শিকার হয়েছে।
একই দিনে মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য চিয়াপাসের উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। শুক্রবারের এই ভূকম্পনের ফলে পার্শ্ববর্তী গুয়াতেমালা ও এল সালভাদরের বিভিন্ন স্থানে ভবন কেঁপে ওঠে। ভূমিকম্পের জেরে উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ