০৩:০২ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ/২০২৬-২৭ মৌসুমে উফশী রোপা আমন ধান, হাইব্রিড মরিচ, গ্রীষ্মকালীন উফশী সবজি এবং ফলদ, বনজ ও ভেষজ বৃক্ষের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মোট ১ হাজার ৯৪৪ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ, চারা, রাসায়নিক সার ও বালাইনাশক বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
এ কর্মসূচির উদ্বোধন বুধবার (১ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আখাউড়া উপজেলা কার্যালয়ের আয়োজনে করা হয়, যেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া উদ্বোধন করেন এবং সভাপতিত্বও করেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ১ হাজার ৯৪৪ জন কৃষকের মধ্যে পাঁচটি ক্যাটাগরিতে কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে। এর মধ্যে ১ হাজার ১০০ জন কৃষককে ৫ কেজি উফশী রোপা আমনের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে। ৫০ জন কৃষক পাচ্ছেন ১০ গ্রাম হাইব্রিড মরিচের বীজ, ৫ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার এবং ১ কেজি বালাইনাশক। এছাড়া ৫০০ জন কৃষককে ৩০০ গ্রাম গ্রীষ্মকালীন সবজির বীজ, ১৫ কেজি ডিএপি ও ১৫ কেজি এমওপি সার বিতরণ করা হচ্ছে।
আরও পড়ুন: ঈশ্বরদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
অন্যদিকে ২৬৪ জন কৃষককে পাঁচটি করে ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা, ৪০ কেজি জৈব সার এবং পাঁচটি বাঁশের খুঁটি দেওয়া হচ্ছে। এছাড়া ৩০ জন কৃষককে পাঁচটি করে লেবুর চারা ও ৮ কেজি জৈব সার প্রদান করা হচ্ছে।
অনুষ্ঠানে ইউএনও তাপসী রাবেয়া বলেন, কৃষি অফিসের কঠোর তত্ত্বাবধানে প্রকৃত ও যোগ্য ক্ষুদ্র কৃষকদের তালিকা প্রণয়ন করে এ প্রণোদনা প্রদান করা হচ্ছে। তিনি কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে সরকারি সহায়তার সর্বোচ্চ সুফল নিশ্চিত করার আহ্বান জানান।
এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং সুবিধাভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: জামিনে মুক্ত হয়ে শ্বশুরবাড়িতে পুলিশকন্যা তাসনিয়া রানা তামান্না
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন