১০:৩৪ পি.এম
লিবিয়া মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমানোর লক্ষ্য নিয়ে চীনের আন্তঃসীমান্ত অর্থ লেনদেন ব্যবস্থায় (সিআইপিএস) যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপের লক্ষ্য হলো লিবিয়ার বাণিজ্যিক ব্যাংকগুলোকে চীনের ক্রস-বর্ডার ইন্টারব্যাংক পেমেন্ট সিস্টেমের (সিআইপিএস) সঙ্গে সংযুক্ত করা। এই বিষয়ে দুই দেশের মধ্যে একটি সম্মতি পত্র স্বাক্ষরিত হয়েছে।
সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি জানিয়েছে, বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে নতুন একটি কৌশলগত অংশীদারির সূচনা হচ্ছে, যাতে লিবিয়ার বাণিজ্যিক ব্যাংকগুলোকে সিআইপিএসের সঙ্গে যুক্ত করা হচ্ছে। এই প্রক্রিয়ার ফলে দুই দেশের মধ্যে অর্থ স্থানান্তর আরো সহজ এবং দ্রুত হবে।
চীনের কেন্দ্রীয় ব্যাংক ২০১৫ সালে সিআইপিএস চালু করেছে। এই ব্যবস্থার মাধ্যমে চীনা মুদ্রা ইউয়ানের মাধ্যমে আন্তর্জাতিক লেনদেন সরাসরি সম্পন্ন করার সুযোগ সৃষ্টি হয়েছে। ফলে মার্কিন ডলারের ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমবে।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
এছাড়া, দুই দেশ বিদ্যমান বাণিজ্যিক বাধা দূর করার মাধ্যমে পারস্পরিক বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি করার বিষয়ে একমত হয়েছে। প্রাথমিকভাবে চীনে সরাসরি অর্থ পাঠানোর ব্যবস্থাটি চালু করা হবে, যা বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য লেনদেন সহজ করবে। এই ব্যবস্থার আওতায় চীনের ব্যাংকগুলোর মাধ্যমে সরাসরি লেটার অব ক্রেডিট (এলসি) খোলার সুযোগও তৈরি হবে।
দুই পক্ষ শিগগিরই লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের নেতৃত্বে একটি ব্যাংকিং প্রতিনিধিদল বেইজিং সফরের পরিকল্পনা করেছে। সফরের আওতায় লিবিয়ার বাণিজ্যিক ব্যাংকগুলোর কর্মকর্তারাও অংশগ্রহণ করবেন এবং তারা চীনা ব্যাংকগুলোর সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করতে ও ইলেকট্রনিক পেমেন্ট এবং সরাসরি আর্থিক লেনদেনের বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করার সুযোগ পাবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন