প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমানোর লক্ষ্য নিয়ে চীনের আন্তঃসীমান্ত অর্থ লেনদেন ব্যবস্থায় (সিআইপিএস) যুক্ত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে লিবিয়া। এই উদ্দেশ্যে, লিবিয়ার বাণিজ্যিক ব্যাংকগুলোকে চীনের ক্রস-বর্ডার ইন্টারব্যাংক পেমেন্ট সিস্টেমের (সিআইপিএস) সঙ্গে সংযুক্ত করতে দুই দেশ সম্মত হয়েছে।
রোববার (১৯ জুলাই) আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে যে, শনিবার (১৮ জুলাই) লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গভর্নর নাজি মোহাম্মদ ইসা বেইজিং সফরের সময় গত শুক্রবার চীনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর প্যান গংশেংয়ের সঙ্গে একটি বৈঠক করেন। বৈঠকে দুই দেশের মধ্যকার বাণিজ্য সম্প্রসারণ এবং আর্থিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
বিবৃতিতে আরও বলা হয়, দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে একটি নতুন কৌশলগত অংশীদারিত্বের সূচনা এবং লিবিয়ার বাণিজ্যিক ব্যাংকগুলোকে সিআইপিএসের সঙ্গে যুক্ত করার বিষয়ে একটি সমঝোতা হয়েছে। এর ফলে, দুই দেশের মধ্যে অর্থ স্থানান্তরের প্রক্রিয়া সহজ এবং দ্রুত হয়ে উঠবে।
চীনের কেন্দ্রীয় ব্যাংক ২০১৫ সালে সিআইপিএস কার্যক্রম শুরু করে। এই ব্যবস্থার মাধ্যমে চীনা মুদ্রা ইউয়ানে আন্তর্জাতিক লেনদেন সরাসরি সম্পন্ন করার সুযোগ থাকে, ফলে মার্কিন ডলার বা মধ্যবর্তী ব্যাংকের উপর নির্ভরতা কমে যায়।
এছাড়া, দুই দেশ বিদ্যমান বাণিজ্যিক বাধাগুলো দূর করে পারস্পরিক বাণিজ্যের পরিমাণ বাড়ানোর উপরও একমত হয়েছে। প্রাথমিকভাবে চীনে সরাসরি অর্থ পাঠানোর ব্যবস্থা চালু করা হবে, যা বিশেষত ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য লেনদেনকে সহজতর করবে। এছাড়া, চীনের ব্যাংকগুলো দিয়ে সরাসরি লেটার অব ক্রেডিট (এলসি) খোলার সুযোগও উন্মুক্ত হবে, এই বিষয়ে লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংক জানায়।
দুই পক্ষ শিগগিরই লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের নেতৃত্বে একটি ব্যাংকিং প্রতিনিধি দল বেইজিং সফরের বিষয়ে সম্মত হয়েছে। সফরের সময়, লিবিয়ার বাণিজ্যিক ব্যাংকগুলোর কর্মকর্তারা অংশ নেবেন এবং চীনা ব্যাংকগুলোর সঙ্গে সহযোগিতার পাশাপাশি ইলেকট্রনিক পেমেন্ট এবং সরাসরি আর্থিক লেনদেনের বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন