০৪:০৬ পি.এম
অবশেষে আহত একটি রয়্যাল বেঙ্গল টাইগার (বাঘিনী) ফিরতে চলেছে নিজের প্রাকৃতিক আবাস সুন্দরবনে।
দীর্ঘ ছয় মাস চিকিৎসা ও নিবিড় পরিচর্যার পর আগামীকাল রবিবার (১২ জুলাই) সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক বনাঞ্চলে তাকে অবমুক্ত করার প্রস্তুতি নিচ্ছে বন বিভাগ।
বন বিভাগ জানাচ্ছে, চলতি বছরের ৩ জানুয়ারি হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়ে গুরুতর আহত হয়েছিল প্রায় ১০ বছর বয়সী বাঘিনীটি।
আরও পড়ুন: কটিয়াদী ও মনোহরদীতে আড়িয়লখাঁ নদে অবৈধ জালের বাঁধ, মৎস্য সম্পদ হুমকির মুখে
দীর্ঘ সময় ফাঁদে আটকে থাকার কারণে বাঘিনীটির সামনের বাঁ পায়ে মারাত্মক ক্ষত সৃষ্টি হয়েছিল। পরে বন বিভাগের সদস্যরা তাকে উদ্ধার করে খুলনার বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পুনর্বাসনকেন্দ্রে নিয়ে যান। সেখানে বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে টানা ছয় মাস চিকিৎসা ও পরিচর্যার মাধ্যমে বাঘিনীকে সম্পূর্ণ সুস্থ করে তোলা হয়।
বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এখন বাঘিনীটি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে এবং শিকারের উপযোগী সক্ষমতাও ফিরে পেয়েছে। তাই তাকে তার নিজস্ব আবাসস্থলে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অবমুক্তির পর বাঘিনীটির নিরাপত্তা ও গতিবিধি পর্যবেক্ষণের জন্য আন্ধারমানিক এলাকার প্রায় আট কিলোমিটারজুড়ে ২০টি ট্র্যাপ ক্যামেরা বসানো হচ্ছে। যেহেতু স্যাটেলাইট কলার সংগ্রহ করা সম্ভব হয়নি, তাই আপাতত এই ক্যামেরার মাধ্যমেই তার চলাচল পর্যবেক্ষণ করতে হবে বন বিভাগকে।
তবে বন্য প্রাণী বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় বনের বাইরে থাকার কারণে বাঘিনীটি তার আগের বিচরণক্ষেত্র ফিরে পাবে কি না, সেটিই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রয়োজন হলে তাকে নতুন এলাকা খুঁজে নিতে হতে পারে। যদিও বন বিভাগ আশাবাদী যে, সুস্থ হয়ে ওঠা বাঘিনীটি সুন্দরবনের স্বাভাবিক পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারবে।
আরও পড়ুন: গোপালগঞ্জে মদপানে অসুস্থ হয়ে ২ যুবকের মৃত্যু, চিকিৎসাধীন ১
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন