ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ভূগর্ভস্থ পানির স্তর নামছেই, তানোরে এক সপ্তাহে অকেজো ৩০ নলকূপ


ভূগর্ভস্থ পানির স্তর নামছেই, তানোরে এক সপ্তাহে অকেজো ৩০ নলকূপ


 বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে গেলেও রাজশাহীর তানোরে আবাসিক বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে অবৈধ মোটরের মাধ্যমে চলছে ভূগর্ভস্থ পানি উত্তোলন। স্থানীয়দের অভিযোগ, পল্লী বিদ্যুৎ সমিতির এক শ্রেণির কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে এসব মোটরে বিদ্যুৎ সংযোগ দেওয়ায় নির্বিচারে পানি উত্তোলন ও অপচয় হচ্ছে। এতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপভিত্তিক সেচ প্রকল্পও হুমকির মুখে পড়েছে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, তানোরে গত এক সপ্তাহে ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় প্রায় ৩০টি গভীর নলকূপ অকেজো হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে পানি সংকটে থাকা এ অঞ্চলে এ পরিস্থিতি কৃষি ও মানুষের ভবিষ্যৎ পানির নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
বিভিন্ন গবেষণার তথ্য অনুযায়ী, ১৯৮৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির গড় স্তর ছিল ভূপৃষ্ঠের প্রায় ২৬ ফুট নিচে। ২০১০ সালে তা নেমে দাঁড়ায় ৫০ ফুটে এবং ২০২১ সালে প্রায় ৬০ ফুটে। বর্তমানে কোনো কোনো এলাকায় পানির স্তর ১১৩ ফুটেরও নিচে নেমেছে। এমনকি রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি এলাকায় ১৭০ ফুট পর্যন্ত খনন করেও গভীর নলকূপে পানি না পাওয়ার তথ্য রয়েছে।
পানি সংকট মোকাবিলায় ২০২৫ সালের ৬ নভেম্বর প্রকাশিত গেজেটে বরেন্দ্র অঞ্চলের ৪ হাজার ৯১১টি মৌজাকে আগামী ১০ বছরের জন্য পানি সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪৬৯টি মৌজা অতি উচ্চ, ৮৮৪টি উচ্চ এবং ১ হাজার ২৪০টি মৌজা মধ্যম মাত্রার পানি সংকটাপন্ন হিসেবে চিহ্নিত।
তানোরে বিএমডিএর ৫৩৬টি এবং ব্যক্তিমালিকানাধীন ১৬টি—মোট ৫৫২টি গভীর নলকূপ রয়েছে। পাশাপাশি বিভিন্ন ধরনের অগভীর নলকূপ ও সেচ পাম্প রয়েছে আরও ৮০০টির বেশি। উপজেলার ২৩ হাজার ৯৯৩ হেক্টর আবাদযোগ্য জমির মধ্যে ২২ হাজার ৩৩২ হেক্টর জমি সেচের আওতায়।
সংশ্লিষ্টদের মতে, গভীর নলকূপে উত্তোলিত পানির প্রায় ৮০ শতাংশ সেচে ব্যবহার হলেও অবৈধ মোটরের ক্ষেত্রে ব্যবহার হয় মাত্র ৪০ শতাংশ। বাকি ৬০ শতাংশই অপচয় হয়। ফলে অনিয়ন্ত্রিত মোটর ব্যবহারে ভূগর্ভস্থ পানির ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, পাঁচন্দর, তালন্দ, বাধাইড় ও বৈদ্যপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় আবাসিক সংযোগ নিয়ে ২ থেকে ৪ হর্সপাওয়ারের মোটর বসিয়ে কৃষিজমিতে সেচ দেওয়া হচ্ছে। নীতিমালা অনুযায়ী আবাসিক সংযোগ দিয়ে সেচ দিলে সংযোগ বিচ্ছিন্ন করার কথা থাকলেও তা না করে জরিমানার নামে প্রতি মাসে ১ হাজার ৫০০ টাকা করে আদায়ের অভিযোগও রয়েছে।
বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী নাইমুল হাসান বলেন, গভীর নলকূপের কমান্ড এলাকায় সেচ মোটর স্থাপনের কোনো সুযোগ নেই। আবাসিক সংযোগ ব্যবহার করেও সেচ দেওয়া যাবে না।
তানোর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সহকারী ব্যবস্থাপক (ডিজিএম) রেজাউল করিম খান বলেন, বোরো চাষের আগে কৃষকদের সেচ না দিতে মাইকিংসহ প্রচারণা চালানো হয়েছে। এরপরও সেচ দেওয়ায় ৫ থেকে ৬ হাজার কৃষককে ১ হাজার ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে। লিখিতভাবে ভবিষ্যতে সেচ না দেওয়ার অঙ্গীকার করলে আর জরিমানা করা হবে না বলেও জানান তিনি।
স্থানীয়দের আশঙ্কা, অবৈধ মোটর বন্ধ করে ভূগর্ভস্থ পানির উত্তোলন নিয়ন্ত্রণ করা না গেলে ভবিষ্যতে তানোরে সেচের পাশাপাশি নিরাপদ খাবার পানির সংকটও ভয়াবহ আকার ধারণ করতে পারে। কৃষকদের প্রশ্ন—ভূগর্ভস্থ পানির স্তর রক্ষায় নেওয়া বিএমডিএর উদ্যোগ ব্যর্থ হলে এর দায় নেবে কে?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি শফিক রেহমান, সম্পাদক মাহমুদুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৯ পি.এম


ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি শফিক রেহমান, সম্পাদক মাহমুদুর রহমান

ঢাকা, ৩১ আগস্ট, ২০২৬ : ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি পদে দৈনিক যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান এবং সাধারণ সম্পাদক পদে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান নির্বাচিত হয়েছেন। 

আজ রাজধানীর একটি হোটেলে কাউন্সিলের প্রথম সাধারণ সভায় অন্তর্বর্তী সময়ের জন্য এ কমিটি গঠিত হয়। এছাড়া ডেইলি ওয়াদা’র সম্পাদক শফিকুল আলম কমিটির কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। 

সভায় উপস্থিত সম্পাদকরা ন্যাশনাল এডিটরস কাউন্সিলের বেশকিছু সংশোধনীসহ গঠনতন্ত্র অনুমোদন করেন। এর বাইরে সভায় যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদারের প্রস্তাবনায় এডিটরস কাউন্সিল প্রতিবছর সাংবাদিকতায় ‘নজরুল পদক’ প্রদানের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। 

যায়যায়দিন সম্পাদক শফিক রেহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় সম্পাদকরা সংবাদপত্রের স্বাধীনতা ও পেশাগত মানোন্নয়নে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। 

সভাপতির বক্তব্যে শফিক রেহমান বলেন, ‘দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গণতান্ত্রিকভাবে দেশকে এগিয়ে নিতে হলে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে একসঙ্গে কাজ করতে হবে।’ তিনি সারা দেশের সম্পাদকদের একটি প্ল্যাটফর্মে আনতে সবার সহযোগিতা কামনা করেন।

সভায় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, ‘ন্যাশনাল এডিটরস কাউন্সিলকে আমরা আরো বিস্তৃত করতে চাই। সাংবাদিকদের মধ্যে যোগাযোগ বাড়ানো উচিত। স্বাধীন সাংবাদিকতার জন্য সম্পাদকরা যাতে ঐক্যবদ্ধ থাকতে পারেন, সেজন্য এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংগঠনটি প্রথম সভাতেই গণতান্ত্রিকভাবে গঠনতন্ত্র অনুযায়ী যাত্রা শুরু করেছে।’

সভায় অংশ নিয়ে নয়া দিগন্ত সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান সোহেল, নিউ নেশন সম্পাদক মোকাররম হোসেন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক লোটন একরাম, ভোরের ডাক সম্পাদক কে এম বেলায়েত হোসেন, মানবকণ্ঠ সম্পাদক শহিদুল ইসলাম, খবর সংযোগ সম্পাদক শেখ নজরুল ইসলাম, বাংলাদেশের খবরের সৈয়দ মেজবাহ উদ্দিন, জনতা সম্পাদক ওবায়দুর রহমান শাহীন, দ্য বাংলাদেশ পোস্ট সম্পাদক সদরুল হাসান, বাণিজ্য প্রতিদিন সম্পাদক গিয়াস উদ্দিন, খোলা কাগজ সম্পাদক মনির হোসেন, রূপালী বাংলাদেশের সায়েম ফারুকী, ভোরের বাংলা সম্পাদক শেখ মুহাম্মদ আরিফ, দি গ্লোবাল পোস্টের ড. মাহবুবুর রহমান প্রমুখ মতামত দেন। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে

দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৮:০১ পি.এম


দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা

লক্ষ্মী দাশ স্বামীকে খুঁজতে সুনামগঞ্জ থেকে টাঙ্গাইলের মধুপুরে এসেছিলেন। তার সঙ্গে ছিল ছোট শিশুসন্তান। স্বামী জানিয়েছিলেন, প্রায় ছয় লাখ টাকা ঋণের কারণে মানুষের ভয়ে মধুপুরে আত্মগোপনে আছেন। কিন্তু মধুপুরে এসে লক্ষ্মী স্বামীর ফোন বন্ধ পেয়ে দিশেহারা হয়ে পড়েন। কোথায় যাবেন, কার কাছে যাবেন—এমন কোনো উত্তর তার কাছে ছিল না। শেষ পর্যন্ত শিশুসন্তানকে নিয়ে তিন দিন ধরে তাকে সড়কের পাশে কাটাতে হয়। খাবার নেই, বাড়ি ফেরারও কোনো ব্যবস্থা নেই। এমন পরিস্থিতিতে কান্নারত লক্ষ্মী ও তার শিশুর পাশে দাঁড়ায় সামাজিক সংগঠন ‘প্রয়াস টিম’।

ঘটনাটি মধুপুর উপজেলা সদরের কাছাকাছি সড়কের পাশে ঘটেছিল। সেখানে লক্ষ্মীকে শিশুসন্তানসহ কান্নারত অবস্থায় দেখতে পান প্রয়াস টিমের সদস্যরা। তাকে ঘিরে তখন কয়েকজন মানুষ নানা প্রশ্ন করছিলেন। কিন্তু আতঙ্ক ও অসহায়ত্বে ভেঙে পড়া লক্ষ্মী ঠিকমতো কারও প্রশ্নের উত্তর দিতে পারছিলেন না।

প্রয়াস টিমের সদস্যরা পরিস্থিতি বুঝতে পেরে তার কাছে এগিয়ে যান। প্রথমে তাকে শান্ত করেন এবং ধীরে ধীরে তার সমস্যার কথা জানতে চান। একপর্যায়ে বেরিয়ে আসে তার অসহায় হয়ে পড়ার পুরো ঘটনা।

লক্ষ্মী দাশ সুনামগঞ্জের শেরপুর এলাকার কাউরাত গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম স্বপন দাশ। লক্ষ্মীর দেওয়া তথ্য অনুযায়ী, স্বপন তাকে জানিয়েছিলেন, প্রায় ছয় লাখ টাকা ঋণ নেওয়ার পর পাওনাদারদের ভয়ে তিনি মধুপুরে আত্মগোপন করে আছেন। স্বামীর কথায় তাকে খুঁজতে শিশুসন্তানকে নিয়ে মধুপুরে আসেন লক্ষ্মী। কিন্তু এখানে এসে স্বামীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। ফোনে কল করলেও স্বামী তা ধরছিলেন না।

এভাবে এক দিন, দুই দিন করে কেটে যায় প্রায় তিন দিন। স্বামীর সন্ধান নেই, হাতে পর্যাপ্ত টাকা নেই, খাবারের ব্যবস্থাও নেই। শিশুসন্তানকে নিয়ে কোথায় থাকবেন বা কীভাবে বাড়ি ফিরবেন—তা নিয়েও চরম অনিশ্চয়তায় পড়েন তিনি।

প্রয়াস টিমের সদস্যরা তাৎক্ষণিকভাবে মা ও শিশুর জন্য খাবার ও পানির ব্যবস্থা করেন। তবে মানসিকভাবে বিপর্যস্ত লক্ষ্মী প্রথমে খাবার খেতে চাইছিলেন না। পরে সংগঠনের সদস্যরা তাকে সান্ত্বনা দেন এবং সাহস জোগান। একপর্যায়ে শিশুসন্তানকে নিয়ে খাবার গ্রহণ করেন তিনি। খাবার পেয়ে প্রয়াস টিমের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন লক্ষ্মী।

পরে রোববার (৩০ আগস্ট) প্রয়াস টিমের পক্ষ থেকে বিষয়টি মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ইউএনও তাদের খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার জন্য প্রয়াসকে আর্থিক সহায়তা দেন। একই সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ফিরে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

এর মধ্যে বাড়ি ফেরার জন্য লক্ষ্মী আরও অস্থির হয়ে ওঠেন। শিশুসন্তানকে নিয়ে দীর্ঘ সময় মধুপুরে থাকা তার জন্য কঠিন হয়ে পড়ছিল। পরে প্রয়াস টিম আবারও ইউএনওর সঙ্গে যোগাযোগ করে। তখন তিনি টাঙ্গাইলের জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান করছিলেন। তিনি লক্ষ্মী ও তার শিশুসন্তানকে নিরাপদে বাড়ি ফেরানোর ব্যবস্থা করতে প্রয়াস টিমকে নির্দেশ দেন এবং যাতায়াতের ব্যয় নিশ্চিত করার আশ্বাস দেন।

ইউএনওর নির্দেশনা পাওয়ার পর দ্রুত উদ্যোগ নেয় প্রয়াস টিম। সংগঠনের উপদেষ্টা নাজিবুল বাশারের সহযোগিতায় লক্ষ্মী দাশ ও তার শিশুসন্তানের জন্য বাসযাত্রার ব্যবস্থা করা হয়। দীর্ঘ পথের কথা বিবেচনা করে তাদের জন্য প্রয়োজনীয় খাবারও সঙ্গে দেওয়া হয়।

এ সময় প্রয়াস টিমের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক (প্রশাসনিক) আনাস মোহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক (কার্যনির্বাহী) শাহরিয়ার রাফি এবং সদস্য মোসাদ্দেক হোসেন।

স্বামীকে খুঁজতে দূর সুনামগঞ্জ থেকে মধুপুরে এসে বিপাকে পড়া এক মা ও শিশুর পাশে দাঁড়ানোর এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসা পেয়েছে। তাদের নিরাপদে বাড়ি ফেরানোর মধ্য দিয়ে অন্তত সাময়িকভাবে অনিশ্চয়তার সেই অধ্যায়ের অবসান হয়েছে লক্ষ্মী ও তার শিশুসন্তানের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৮:০২ পি.এম


রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড অ্যামুনিশন (গুলি) এবং একটি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করেছে।

রবিবার (৩০ আগস্ট) রাত সোয়া ১২টার দিকে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন আরএডি প্রান্তিক আবাসিক এলাকার গোয়ালপাড়া থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

সোমবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, অভিযানের সময় সংশ্লিষ্টরা অস্ত্র ও গুলি ফেলে পালিয়ে যেতে পারে। উদ্ধার করা বিদেশি পিস্তল, তিন রাউন্ড অ্যামুনিশন এবং ম্যাগাজিনের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধারকৃত অস্ত্র ও অ্যামুনিশন কাশিয়াডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিপিএল খেলতে ওয়েস্ট ইন্ডিজের পথে মিরাজ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৮:০৩ পি.এম


সিপিএল খেলতে ওয়েস্ট ইন্ডিজের পথে মিরাজ

মেহেদী হাসান মিরাজ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স সিপিএলের মাঝপথে বাংলাদেশি অলরাউন্ডারকে দলে অন্তর্ভুক্ত করেছে।

 

মিরাজ এর আগে সিপিএলে খেলার সুযোগ পেয়েছিলেন, কিন্তু ২০১৭ সালে ত্রিনবাগো নাইট রাইডার্স তাকে দলে নিলেও মাঠে নামানোর সুযোগ দেয়নি। এবার তিনি সেই অপেক্ষার অবসান ঘটাতে পারবেন কিনা, সেটাই এখন দেখার বিষয়।

চলতি মাসের শুরুতে লঙ্কান প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করেছেন মিরাজ।

 

গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে ৪ ম্যাচে ৪৪ রান সংগ্রহ করেছেন তিনি, তবে কোনো উইকেট নিতে পারেননি। যদিও তার ব্যক্তিগত পারফরম্যান্স তেমন ভালো না হলেও, ২৮ বছর বয়সী অলরাউন্ডার চ্যাম্পিয়ন দলের সদস্য হয়েছেন। জাফনা কিংসকে ৫ উইকেটে পরাজিত করে গল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

মিরাজ আরেকটি ফ্র্যাঞ্চাইজি লিগে চ্যাম্পিয়ন দলের অংশ ছিলেন, যা পাকিস্তান সুপার লিগের লাহোর কালার্ন্দাসের হয়ে। যদিও তিনি লাহোরের হয়ে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। এবার গায়ানার হয়ে তার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আসছে।

গায়ানা বর্তমানে সিপিএলের পয়েন্ট তালিকায় চারে অবস্থান করছে, যা ৮ আগস্ট থেকে শুরু হয়েছে।

 

তারা ৩ ম্যাচ খেলে প্রতিটিতে জয়লাভ করেছে এবং তাদের পয়েন্ট ৬। গায়ানার উপরে রয়েছে জ্যামাইকা কিংসম্যান (৮ ম্যাচে ৮ পয়েন্ট), সেইন্ট লুসিয়া কিংস (৭ ম্যাচে ৮ পয়েন্ট) এবং অ্যান্টিগা অ্যান্ড বারমুডা ফ্যালকনস (৮ ম্যাচে ৯ পয়েন্ট)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%