ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

খামেনির জানাজায় মুখোশ পরা রহস্যময় ব্যক্তির পরিচয় প্রকাশ


খামেনির জানাজায় মুখোশ পরা রহস্যময় ব্যক্তির পরিচয় প্রকাশ

আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় প্রথম সারিতে বসা একজন কালো মুখোশ ও কালো টুপি পরা রহস্যময় ব্যক্তি সবার নজর কাড়েন। সবার মনে প্রশ্ন ছিল— কে এই ব্যক্তি? অবশেষে জানা গেল তার আসল পরিচয়!

অনেকেই ভেবেছিলেন, তিনি সম্ভবত খামেনির ছেলে ও সম্ভাব্য উত্তরসূরি মোজতাবা খামেনি। কিন্তু ইরানি সংবাদমাধ্যম জানাচ্ছে, এই ব্যক্তি আসলে খামেনির বড় নাতি মোহাম্মদ জাভাদ খামেনি। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে বিমান হামলার কারণেই আলি খামেনি নিহত হন, সেই হামলায় জাভাদের মুখমণ্ডল মারাত্মকভাবে পুড়ে যায়। এ কারণে তিনি জানাজায় কালো মুখোশ পরে এসেছিলেন।

হামলার পর থেকে তাঁর ছেলে মোজতাবা খামেনির অবস্থা বেশ রহস্যজনক। মার্কিন গোয়েন্দাদের মতে, ওই হামলায় মোজতাবাও মারাত্মকভাবে আহত ও বিকৃত হয়েছেন। তিনি সেই সময় বাবার বাসভবনের অন্য একটি কক্ষে ছিলেন।

আরও পড়ুন: ‘জমি দখল-চাঁদা তুলতে যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছি’ : ইশরাক হোসেন

সাইপ্রাসে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জানান যে, মোজতাবার হাত ও পায়ে চোট লেগেছে এবং তিনি হাসপাতালে ছিলেন। এখনও তিনি প্রকাশ্যে আসেননি; শুধু হাতে লেখা চিঠির মাধ্যমে সামরিক কর্মকর্তাদের নির্দেশ দিচ্ছেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের কারণে নিরাপত্তার কথা ভেবে খামেনির জানাজা চার মাসের বেশি সময় পিছিয়ে দেওয়া হয়। এ সময় তার মরদেহ হিমঘরে রাখা হয়েছিল। অবশেষে, টানা ছয় দিনের শোক অনুষ্ঠান শেষে বৃহস্পতিবার তার নিজ শহর মাশহাদের ইমাম রেজা মাজারে তাকে দাফন করা হয়। ইরানি কর্তৃপক্ষের দাবি, প্রায় চার কোটি ৩০ লাখ মানুষ এই শোক অনুষ্ঠানে অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ মাহবুব আলম শাওন নওগাঁ জেলা প্রতিনিধি

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১১:২৫ পি.এম


নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়

 

অদ্য ১২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

নওগাঁ জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে আয়োজিত উক্ত সভায় উপস্থিত ছিলেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়।

সভায় নওগাঁ জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, অপরাধ প্রতিরোধ এবং জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এছাড়াও জেলার বিভিন্ন দপ্তরের জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সকলকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেনবাগে অস্ত্র মামলার আসামি সহ ১৪টি মামলার গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১১:২৬ পি.এম


সেনবাগে অস্ত্র মামলার আসামি সহ ১৪টি মামলার গ্রেফতার

নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে ডাকাতি, মাদক, পুলিশের ওপর হামলা ও অস্ত্র সহ ১৪ মামলার আসামী নয়ন মিয়া, প্রকাশ নয়ন ডাকাতকে গ্রেফতার করেছে। শুক্রবার দিবাগত শনিবার গতরাতে সেনবাগ থানা ও নরসিংদী থানা পুলিশ যৌথ অভিয়ান চালিয়ে তার গ্রেফতারের মাধ্যমে এই সফলতা অর্জন করে। নয়নকে উপজেলার বীজবাগ ইউপির বালিয়াকান্দি এলাকার শশুড় বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে নরসিংদী সহ বিভিন্ন থানায় একাধিক মামলায় আদালতের সাজার ওয়ারেন্ট রয়েছে। গ্রেফতারকৃত নয়ন নরসিংদী জেলার মনোহদী উপজেলার ৩ নং লেবুতলা ইউপির আবদুল আজিজের ছেলে। সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম সরকার বিষয়টি নিশ্চিত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৫ বছর পূর্ণ হওয়ার আগে পদত্যাগ করলে মিলবে না পেনশন সুবিধা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১১:২৯ পি.এম


২৫ বছর পূর্ণ হওয়ার আগে পদত্যাগ করলে মিলবে না পেনশন সুবিধা

চাকরিতে ২৫ বছরের সময়কাল পূর্ণ করার আগে কোনো সরকারি কর্মচারী পদত্যাগ করলে তিনি পেনশন সুবিধা প্রাপ্য হবেন না, বলে এক রায়ে উল্লেখ করেছেন আপিল বিভাগ। রায়ে বলা হয়েছে, আইনসভা প্রজ্ঞা ও যৌক্তিক বিবেচনার ভিত্তিতে বিধান করা হয়েছে যে ২৫ বছরের চাকরির সময়সীমা পূর্ণ হওয়ার আগে পদত্যাগ করলে একজন সরকারি কর্মচারী কোনো সুবিধার অধিকারী হবেন না।

হাইকোর্টের এক রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল মঞ্জুর করে, গত ১১ মার্চ আপিল বিভাগ ওই রায় দেন বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি এস এম এমদাদুল হক এবং বিচারপতি ফারাহ মাহবুব। ২৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৯ জুলাই প্রকাশিত হয়েছে। রায়টি লিখেছেন বিচারপতি ফারাহ মাহবুব।

নথিপত্র থেকে জানা যায়, সহকারী বিচারক হিসেবে ১৯৯১ সালে জুডিশিয়াল সার্ভিসে যোগ দেন মাহবুব মোরশেদ। তিনি সার্ভিসের ১৯ বছর পূর্ণ করে ২০১১ সালের ৩১ জানুয়ারি স্বেচ্ছায় পদত্যাগপত্র দেন, তখন তিনি অতিরিক্ত জেলা জজ। সার্ভিসে ১৯ বছর হিসাবে ৬১ শতাংশ পেনশন ও আনুতোষিক পাওয়ার জন্য ২০১৫ সালে আইন মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন তিনি।

সুতরাং প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকে ২০১৫ সালের ২৫ মার্চ পাঠানো এক চিঠিতে জানানো হয় যে, সরকারি চাকরি থেকে পদত্যাগের পর আগের চাকরিকাল বাজেয়াপ্ত হবে। অর্থাৎ পেনশনের জন্য তা গণনাযোগ্য হবে না (বিএসআর প্রথম খণ্ডের বিধি-৩০০ সেকশন-৩)। পেনশনার মাহবুব মোরশেদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়নি। তাই তিনি সংশ্লিষ্ট বিধানের আলোকে পেনশনের জন্য কোনো আবেদন করেননি।

এ পরিস্থিতিতে বিধি-৩০০ এবং ওই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে মাহবুব মোরশেদ ২০১৬ সালে রিট করেন। চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট ২০২১ সালের ১৮ মার্চ রায় দেন। এতে ২০১৫ সালের ২৫ মার্চের চিঠিটি আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হয়। একই সঙ্গে, রায়ের অনুলিপি পাওয়ার ৯০ দিনের মধ্যে চাকরির মেয়াদ অনুসারে মাহবুব মোরশেদের পেনশনসহ অন্যান্য বকেয়া সুবিধা গণনা ও মঞ্জুর করতে নির্দেশ দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে। ২০২২ সালের ২৪ অক্টোবর লিভ টু আপিল মঞ্জুর করে আপিল বিভাগ। সেই সঙ্গে, হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ চলমান রাখেন। এর ধারাবাহিকতায় রাষ্ট্রপক্ষ আপিল করে।

রাষ্ট্রপক্ষের করা সেই আপিল মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে গত ১১ মার্চ আপিল বিভাগ ওই রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও অনীক আর হক শুনানিতে ছিলেন। রিট আবেদনকারী আইনজীবী মো. মাহবুব মোরশেদ নিজেই শুনানি করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি গাড়িতেই রোগীকে হাসপাতালে ছুটলেন পোরশার ইউএনও, প্রশংসায় ভাসছেন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১১:৩২ পি.এম


সরকারি গাড়িতেই রোগীকে হাসপাতালে ছুটলেন পোরশার ইউএনও, প্রশংসায় ভাসছেন

নওগাঁর পোরশায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তিকে নিজের গাড়িতে করে দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন পোরশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাকিবুল ইসলাম। একই সঙ্গে তিনি আহত ব্যক্তির উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে নিজস্ব উদ্যোগে অ্যাম্বুলেন্স ভাড়ারও ব্যবস্থা করে দিয়েছেন।

আজ রবিবার (১২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে পোরশা কলেজ এবং খাড়ীর মাঝামাঝি এলাকায় একটি চার্জার ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটো ভ্যানের আরোহী আব্দুল বাসির (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হন। তিনি উপজেলার নিতপুর যমুনা বাগান এলাকার মৃত আব্দুস শুকুরের ছেলে।

জানা গেছে, দুর্ঘটনার সময় ইউএনও রাকিবুল ইসলাম ওই পথ দিয়ে যাচ্ছিলেন। পরিস্থিতি দেখেই তিনি তাৎক্ষণিকভাবে নিজের গাড়ি থামান এবং স্থানীয়দের সহায়তায় রক্তাক্ত ও আহত ব্যক্তিকে উদ্ধার করে গাড়িতে তুলে নেন। এরপর দ্রুত তাকে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর তার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে এবং দ্রুত স্থানান্তরের জন্য নিজ দায়িত্বে অ্যাম্বুলেন্সের ভাড়ার ব্যবস্থা করেন তিনি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, দুর্ঘটনায় বাসিরের মাথায় গুরুতর আঘাত লেগেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।

একজন সরকারি কর্মকর্তার এমন তাৎক্ষণিক ও মানবিক পদক্ষেপে স্থানীয়রা তাঁর ভূয়সী প্রশংসা করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ইউএনও মহোদয় যদি ওভাবে এগিয়ে না আসতেন এবং দ্রুত চিকিৎসার উদ্যোগ না নিতেন, তবে আহত ব্যক্তির পরিস্থিতি আরও অনেক বেশি জটিল হতে পারত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%