ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

এইচএসসি পরীক্ষাকেন্দ্র শতভাগ নকলমুক্ত থাকবে: শিক্ষামন্ত্রী


এইচএসসি পরীক্ষাকেন্দ্র শতভাগ নকলমুক্ত থাকবে: শিক্ষামন্ত্রী

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষার সব কেন্দ্রের পরিবেশ শতভাগ নকলমুক্ত ও প্রভাবমুক্ত রাখার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি কেন্দ্রপ্রধানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম বা প্রশ্নফাঁসের অপচেষ্টা সহ্য করা হবে না।

রোববার (২৮ জুন) আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট অঞ্চলের মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রপ্রধানদের (ভারপ্রাপ্ত কর্মকর্তা) সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মেধার সঠিক মূল্যায়ন নিশ্চিত করার জন্য পরীক্ষাকেন্দ্রের পরিবেশ শতভাগ নকলমুক্ত ও প্রভাবমুক্ত রাখতে হবে। যেকোনো ধরনের অনিয়ম বা প্রশ্নফাঁসের অপচেষ্টাও কঠোরভাবে বরদাশত করা হবে না।

আরও পড়ুন: গোমস্তাপুরে যুবদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

তিনি আরো বলেছেন, শিক্ষা খাতে আইনি জটিলতা এবং মামলাজটের কারণে অনেক সময় স্বাভাবিক শিক্ষা কার্যক্রম এবং শিক্ষক-শিক্ষার্থীদের প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হয়ে যায়। বর্তমান সরকার এই অচলাবস্থা দূর করে শিক্ষাঙ্গনে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও গতিশীল পরিবেশ গড়ে তুলতে বদ্ধপরিকর।

সভায় সিলেট শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং সিলেট অঞ্চলের বিভিন্ন মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের কেন্দ্রপ্রধানেরা উপস্থিত ছিলেন। সভায় আসন্ন পরীক্ষার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নির্যাতিত নেতাকর্মীদের পুনর্বাসনে বাজেটে বরাদ্দের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

১২:০৩ পি.এম


নির্যাতিত নেতাকর্মীদের পুনর্বাসনে বাজেটে বরাদ্দের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

সংসদ ভবন, ২৮ জুন, ২০২৬ : অতীতে রাজনৈতিক নির্যাতনের শিকার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের পুনর্বাসনের জন্য বাজেটে বিশেষ বরাদ্দ রাখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেন, 'বিগত ১৭ বছরে আমাদের তৃণমূলের হাজার হাজার নেতাকর্মী, গ্রামের গরিব নেতাকর্মী যারা নির্যাতিত হয়েছেন তাদের জন্য বাজেটে বরাদ্দ রাখা প্রয়োজন। এখনো তারা ছিন্নমূল অবস্থায় রয়েছে। তাদের কথা আমাদের ভেবে দেখতে হবে।'

আজ সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রস্তাবিত বাজেট কোনো 'দিবাস্বপ্ন' নয়। এটি একটি বাস্তবভিত্তিক, জনবান্ধব, অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল বাজেট, যা বর্তমান সরকার সফলভাবে বাস্তবায়ন করতে সক্ষম হবে।’

তিনি বলেন, ‘গত ১৭ বছরে নানা প্রতিকূলতা, রাজনৈতিক নির্যাতন ও অর্থনৈতিক সংকটের মধ্যেও প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী দেশের উন্নয়নের পরিকল্পনা প্রণয়ন করে গেছেন। প্রস্তাবিত বাজেট সেই দীর্ঘ প্রস্তুতি ও পরিকল্পনারই প্রতিফলন।’

তিনি বলেন, বিরোধী দল বাজেটকে 'চ্যালেঞ্জিং' ও 'দিবাস্বপ্ন' আখ্যা দিলেও এটি বাস্তবসম্মত বাজেট।

বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির ইতিহাসই চ্যালেঞ্জ মোকাবিলার ইতিহাস উল্লেখ করে তিনি বলেন, ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন এবং রাষ্ট্রীয় ব্যবস্থাকে পুনরুদ্ধারে বর্তমান সরকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ গ্রহণ করেছে।

শামা ওবায়েদ বলেন, একটি বাজেট শুধু আয়-ব্যয়ের হিসাব নয়, এটি সরকারের রাজনৈতিক অঙ্গীকারের প্রতিফলন। তার ভাষায়, এ বাজেট মানবিক, উদ্ভাবনী, অন্তর্ভুক্তিমূলক, প্রগতিশীল এবং নারীবান্ধব।

তিনি বলেন, বাজেটে বিনিয়োগকেন্দ্রিক প্রবৃদ্ধি, ওয়ান স্টপ সার্ভিস, ব্যাংকিং খাতের সংস্কার, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ এবং যুব ও নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বাজেটের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরে তিনি বলেন, কৃষি খাতে ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ, ২৫ লাখ ২২ হাজার প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ এবং কৃষক কার্ড কর্মসূচি রাখা হয়েছে।

তিনি আরও বলেন, স্বাস্থ্য খাতে ই-হেলথ কার্ড চালু, বিভিন্ন বিভাগে শিশু হাসপাতাল প্রতিষ্ঠা, শিক্ষা খাতে দুই লাখ প্রাথমিক শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম ও মিড-ডে মিল, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি খাতে পেপ্যাল ও আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে চালু, ফ্রিল্যান্সারদের জন্য সুযোগ বৃদ্ধি এবং দেড় হাজার শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ওয়াইফাই সংযোগের উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংস্কার, পরিবহন খাতে ইলেকট্রিক বাস ও নারী-শিশুদের জন্য পিংক বাস চালু এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে উল্লেখযোগ্য বরাদ্দকে তিনি জনকল্যাণমুখী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

বাজার থেকে সরকারি ঋণ গ্রহণের সমালোচনার জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এটি ভোগনির্ভর নয়, বরং কৌশলগত বিনিয়োগ। সরকারি ঋণের পরিমাণ জিডিপির তুলনায় এখনও টেকসই পর্যায়ে রয়েছে এবং এ অর্থ উৎপাদন, সরবরাহ বৃদ্ধি ও বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে ব্যবহৃত হবে।

তিনি জুলাই যোদ্ধাদের জন্য বাজেটে বরাদ্দ দেয়াকে স্বাগত জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিম্নআয়ের মানুষের আবাসন নিশ্চিতে সরকারের নতুন উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

১২:০৬ পি.এম


নিম্নআয়ের মানুষের আবাসন নিশ্চিতে সরকারের নতুন উদ্যোগ

সংসদ ভবন, ২৮ জুন, ২০২৬ : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, দেশের নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকার বিভিন্ন স্বল্প ও দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণ করেছে।

এসব উদ্যোগের মাধ্যমে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সাশ্রয়ী মূল্যের আবাসন এবং ভাড়াভিত্তিক আবাসিক সুবিধা নিশ্চিত করার জন্য একটি পরিকল্পনা নেওয়া হয়েছে।

আজ জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানার টেবিলে উপস্থাপিত এক প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) প্রণীত ঢাকা মহানগরীর ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) ২০২২-২০৩৫-এ নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে কড়াইল বস্তিসহ ৫৮টি স্থান চিহ্নিত করা হয়েছে।

এসব এলাকায় সরকারি ও বেসরকারি উদ্যোগে প্রায় এক লাখ ফ্ল্যাট নির্মাণের জন্য পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, গাজীপুর জেলার টঙ্গীর দত্তপাড়ায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মালিকানাধীন ৯৮ একর জমিতে পর্যায়ক্রমে সীমিত আয়ের মানুষের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও জানান, উন্নয়ন সহযোগী সংস্থার আর্থিক সহায়তায় রাজশাহী, দিনাজপুর, বরিশাল, খুলনা, কুষ্টিয়া, ময়মনসিংহ এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও পৌরসভা এলাকার প্রায় ৩৭টি বস্তিতে বসবাসরত স্বল্প আয়ের মানুষের উন্নত জীবনযাত্রা নিশ্চিত করতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ একটি প্রকল্প গ্রহণের উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে 'পদ্মা আবাসিক এলাকা'র ৫৭৮ নম্বর প্লটে ১৬টি ফ্ল্যাট নির্মাণের জন্য উদ্যোগ নিয়েছে।

একইভাবে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ খুলনা শহরের হরিণটানা মৌজায় প্রায় ৮ একর জমিতে স্বল্প আয়ের মানুষের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জানান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) আওতাধীন মহানগরীর সল্টগোলা এলাকায় চউকের মালিকানাধীন প্রায় ৮৩ কাঠা জমিতে স্বল্প আয়ের মানুষের জন্য মাসিক ভাড়াভিত্তিক আবাসিক সুবিধা প্রদানের লক্ষ্যে স্ব-অর্থায়ন বা সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) ভিত্তিতে একটি প্রকল্প গ্রহণের প্রস্তাব বিবেচনাধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোদি ও ট্রাম্পের নেতৃত্বে মিলের কথা উল্লেখ, আগামী বছর ভারত যাচ্ছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

১২:০৮ পি.এম


মোদি ও ট্রাম্পের নেতৃত্বে মিলের কথা উল্লেখ, আগামী বছর ভারত যাচ্ছেন ট্রাম্প

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক টানাপড়েন পেরিয়ে সম্পর্ক আবারও উষ্ণতার দিকে ফিরছে। এই পরিপ্রেক্ষিতে আগামী বছরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সফরে আসতে পারেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ তথ্য জানিয়েছেন।

রাশিয়া থেকে ভারতের তেল আমদানি, এর পর যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপ এবং যুক্তরাষ্ট্রের হামলায় ওমান উপকূলে তিন ভারতীয় নাবিকের মৃত্যুর মতো বিভিন্ন বিষয় দুই দেশের মধ্যকার কিছুটা অস্বস্তি তৈরি করেছিল। কিন্তু সম্প্রতি ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের ফাঁকে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠকের পর সম্পর্কের সেই দূরত্ব অনেকটাই কমেছে বলে অনুমান করছে কূটনৈতিক মহল।

ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর শনিবার (২৭ জুন) প্রকাশিত এক সাক্ষাৎকারে উল্লেখ করেন, মোদি ও ট্রাম্পের নেতৃত্বের ধরনে উল্লেখযোগ্য মিল রয়েছে। তাঁর ভাষায়, দুই নেতা শুধুমাত্র পরিকল্পনা করেন না, বরং কাজ করেও দৃশ্যমান ফলাফল অর্জনে বিশ্বাসী।

গোর বলেন, ‘আমার মনে হয় তাঁদের সম্পর্কের অন্যতম প্রধান ভিত্তি হলো—তারা একইভাবে চিন্তা করেন এবং ফলাফলমুখী নেতৃত্বে বিশ্বাস করেন।’ তিনি আরও বলেন, ট্রাম্প ও মোদির ব্যক্তিগত সম্পর্ক ভারত-যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করেছে। দুই নেতার নিয়মিত যোগাযোগ দ্বিপক্ষীয় সম্পর্ককে ইতিবাচক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন তিনি।

ভারতের প্রতি ট্রাম্পের মনোভাব সম্পর্কে মার্কিন রাষ্ট্রদূত জানান, প্রেসিডেন্ট ট্রাম্প ভারত এবং প্রধানমন্ত্রী মোদি—উভয়ের প্রতিই অত্যন্ত উচ্চ মর্যাদাবোধ পোষণ করেন। তিনি প্রায়ই মোদিকে তাঁর ব্যক্তিগত ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করেন।

গোর জানান, ট্রাম্প এখনও তাঁর প্রথম ভারত সফরের স্মৃতি স্মরণ করেন। বিশেষ করে সেখানে জনগণের উচ্ছ্বাস ও প্রাণচাঞ্চল্য তাঁকে গভীরভাবে মুগ্ধ করেছিল, যা তিনি কখনও ভুলতে পারেননি।

হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক বৈঠকের অভিজ্ঞতা তুলে ধরে গোর বলেন, “প্রেসিডেন্ট আমাকে প্রথমেই জিজ্ঞেস করেছেন, ‘তাহলে আমি কবে ভারত যাচ্ছি?’” তিনি ভারত সফর নিয়ে অত্যন্ত আগ্রহী। প্রধানমন্ত্রী মোদি ইতোমধ্যেই তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, আগামী বছরের শুরুতেই প্রেসিডেন্ট ট্রাম্পের ভারত সফরের পরিকল্পনা রয়েছে। সফরের প্রস্তুতি চূড়ান্ত করতে তিনি নিজেও চলতি বছরের শেষ দিকে ভারত সফর করবেন।

রুবিও বলেন, ‘ভারত যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ অংশীদার ও মিত্র। প্রধানমন্ত্রী মোদি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্কের ঘনিষ্ঠতা দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করেছে। আন্তর্জাতিক কূটনীতিতে এ ধরনের ব্যক্তিগত বোঝাপড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নকআউটে দক্ষিণ কোরিয়ার স্বপ্ন ভাঙল ভাগ্যের পরিহাসে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

১২:১০ পি.এম


নকআউটে দক্ষিণ কোরিয়ার স্বপ্ন ভাঙল ভাগ্যের পরিহাসে

বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে দক্ষিণ কোরিয়াকে। নতুন ৪৮ দলের বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, সেরা আট তৃতীয় হওয়া দল নকআউটে ওঠার সুযোগ পেলেও সেই তালিকায় জায়গা করে নিতে পারেনি এশিয়ার অন্যতম শক্তিশালী দলটি।

গ্রুপ ‘এ’-তে একটি জয় ও দুটি হারে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেষ করে দক্ষিণ কোরিয়া। তারা শুরুতে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে দারুণ সূচনা করলেও, দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর কাছে ১-০ এবং শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে একই ব্যবধানে হারায়। এ কারণে নকআউটে ওঠার সম্ভাবনা বলিষ্ঠভাবে জটিল হয়ে পড়ে তাদের।

শেষ দিনে অন্য গ্রুপের ফলাফলের ওপর নির্ভর করছিল কোরিয়ার ভাগ্য। প্রাথমিকভাবে সেরা তৃতীয় দলগুলোর তালিকায় অষ্টম স্থানে থাকলেও ক্রোয়েশিয়া ঘানাকে ২-১ গোলে হারিয়ে প্রথমে এগিয়ে যায়।

এরপর ডিআর কঙ্গো উজবেকিস্তানকে ৩-১ গোলে পরাজিত করে ৪ পয়েন্ট অর্জন করলে, দক্ষিণ কোরিয়া শীর্ষ আটের বাইরে চলে যায়। এইভাবেই তাদের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যায়।

এদিকে, ডিআর কঙ্গো প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে। অন্যদিকে, আলজেরিয়া নাটকীয়ভাবে অস্ট্রিয়ার সঙ্গে ৩-৩ গোলে ড্র করে সেরা তৃতীয় দল হিসেবে শেষ ৩২-এ স্থান করে নেয়।

এটি ছিল দক্ষিণ কোরিয়ারের জন্য ১২তম বিশ্বকাপ অংশগ্রহণ। এর আগেও তারা তিনবার নকআউট পর্বে খেলেছিল। ২০০২ সালে যৌথ আয়োজক হিসেবে ইতিহাস সৃষ্টি করে সেমিফাইনালে উঠেছিল তারা। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ এবং ২০২২ সালে কাতার বিশ্বকাপে শেষ ষোলোতে খেলেছিল কোরিয়ানরা। তবে ২০২৬ বিশ্বকাপে গ্রুপ পর্বের বাধা পেরোতে পারল না তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%