ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সমরকন্দে আধ্যাত্মিক যাত্রার অভিজ্ঞতা অর্জন করেছেন এমিনি এরদোয়ান


সমরকন্দে আধ্যাত্মিক যাত্রার অভিজ্ঞতা অর্জন করেছেন এমিনি এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের স্ত্রী এমিনি এরদোয়ান উজবেকিস্তানের সমরকন্দে অবস্থিত ইমাম বুখারির মাজার জিয়ারত করেছেন। তিনি বৃহস্পতিবার শিশুদের কল্যাণবিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের জন্য সমরকন্দে অবস্থানকালে ইমাম বুখারি স্মৃতিসৌধ কমপ্লেক্সে যান। সেখানে তিনি মাজার জিয়ারত করেন এবং দোয়া করেন।

এরপর এমিনি এরদোয়ান কমপ্লেক্সের জাদুঘর পরিদর্শন করেন। এ সময় তিনি ঐতিহাসিক নিদর্শনগুলো দেখার সুযোগ পান এবং ইমাম বুখারির জীবন সম্পর্কে বিস্তারিত তথ্য লাভ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে এমিনি এরদোয়ান উল্লেখ করেন যে, সমরকন্দের ইমাম বুখারি স্মৃতিসৌধ কমপ্লেক্সে তাঁদের একটি আধ্যাত্মিক যাত্রার অভিজ্ঞতা অর্জন হয়েছে। তিনি বলেন, "হাদিসশাস্ত্রে জীবন উৎসর্গ করা এই মহান মনীষীর স্মৃতি ধারণ করে রাখা স্থানটির ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে তাঁদের।"

আরও পড়ুন: ‘অপারেশন সিঁদুর’-এর পরে এই প্রথম, এসসিও’র বৈঠকে পাকিস্তানকে আমন্ত্রণ ভারত

ইমাম বুখারিকে স্মরণ করে এমিনি এরদোয়ান আরো বলেন, ইসলামী সভ্যতায় অনন্য অবদান রাখা এই মনীষী শতাব্দীর পর শতাব্দী ধরে মানবজাতিকে পথ দেখিয়ে আসছেন। তিনি ইমাম বুখারির প্রতি শ্রদ্ধা ও সম্মান জানান।

এ সময় উপস্থিত ছিলেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শওকত মির্জিয়োয়েভের স্ত্রী জিরোয়াত মির্জিয়োয়েভা, লেবাননের প্রেসিডেন্টের স্ত্রী নিমেত আউন, কিরগিজস্তানের প্রেসিডেন্টের স্ত্রী আইগুল জাপারোভা, পাকিস্তানের প্রধানমন্ত্রীর মেয়ে আয়েশা হারুন এবং নুন এডুকেশন অ্যান্ড কালচার ফাউন্ডেশনের বোর্ড চেয়ারওম্যান এসরা আলবায়রাক।

এমিনি এরদোয়ান সমরকন্দে ‘শিশুদের কল্যাণে বিনিয়োগ: ভবিষ্যৎ প্রজন্মের টেকসই ও ন্যায়সংগত উন্নয়নের পথ’ শীর্ষক বিশ্ব সম্মেলনে অংশ নিতে গিয়েছেন।

তথ্যসূত্র: টিআরটি ও আনাদোলু এজেন্সি

আরও পড়ুন: ইসরাইলের নির্বাচনে স্পষ্ট বার্তা দিল ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লংমার্চ প্রত্যাহার করে সংসদে ফিরতে বিরোধী দলকে আহ্বান মীর শাহে আলমের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০২:২১ পি.এম


লংমার্চ প্রত্যাহার করে সংসদে ফিরতে বিরোধী দলকে আহ্বান মীর শাহে আলমের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিরোধী দলকে লংমার্চসহ বিভিন্ন কর্মসূচি প্রত্যাহার করে সংসদে ফিরে এসে নিজেদের বক্তব্য তুলে ধরার জন্য আহ্বান জানিয়েছেন।

তিনি শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার কমিটিতে বিরোধী দলকে অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি উল্লেখ করেন, ‘বিরোধী দলের কম-বেশি যাই হোক সংসদে মূল্যায়ন রয়েছে। তাই লংমার্চসহ বিভিন্ন কর্মসূচি প্রত্যাহার করে সংসদে ফিরে এসে নিজেদের বক্তব্য তুলে ধরতে হবে।’

তিনি আরও বলেন, ‘সংসদে অবাধে কথা বলার সুযোগ রয়েছে। তবে বাকস্বাধীনতার পাশাপাশি বাকশালীনতাও বজায় রাখতে হবে।’

জামায়াতে ইসলামীর সমালোচনা করে মীর শাহে আলম বলেন, ‘নির্বাচনের আগে বেহেশতের টিকিটের কথা বলে জামায়াত ভোট নিয়েছে। নির্বাচনের আগে পূজামণ্ডপে গিয়ে ঢাকের তালে নেচেছে। কিন্তু নির্বাচনের পর তাদের আর পূজামণ্ডপে দেখা যায়নি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির ডেঙ্গু প্রতিরোধে জরুরি নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০২:২১ পি.এম


দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির ডেঙ্গু প্রতিরোধে জরুরি নির্দেশনা

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সার্বিক শৃঙ্খলা নিশ্চিত করার জন্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দেশনা প্রদান করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শ্রেণিকক্ষ, অফিসকক্ষ, বারান্দা, ছাদ, শৌচাগার এবং প্রতিষ্ঠানের আশপাশ নিয়মিত পরিষ্কার রাখার পাশাপাশি, কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১৮ অক্টোবর জারি করা এক নির্দেশনায় শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের এসব ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। নির্দেশনায় বিষয়টিকে অত্যন্ত জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকা পরিদর্শনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি রাজউক উত্তরা মডেল কলেজ, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং মিরপুর বাংলা কলেজসহ বিভিন্ন স্থাপনা আকস্মিকভাবে পরিদর্শন করেছেন।

এই পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরীসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে কোথাও পানি জমে আছে কি না, তা নিয়মিত পরীক্ষা করতে হবে। জমে থাকা পানি দ্রুত অপসারণের পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস করে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

এছাড়া শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সম্পৃক্ত করে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত পরিবেশ, সার্বিক শৃঙ্খলা ও প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি নিশ্চিত করতে বলা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. নাজমুল হক স্বাক্ষরিত নির্দেশনাটি অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক, সরকারি ও বেসরকারি কলেজের অধ্যক্ষ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। সূত্র: বাসস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহেশপুর সীমান্তে বিজিবির হাতে দালালসহ ৪ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০২:২২ পি.এম


মহেশপুর সীমান্তে বিজিবির হাতে দালালসহ ৪ জন আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করতে থাকা চারজনকে আটক করেছে, তাদের মধ্যে একজন দালালও রয়েছে। এ সময় ভারতীয় কীটনাশক ও ওষুধ জব্দ করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য প্রকাশ করেছে।

বিজিবি জানায়, বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ২টা ২০ মিনিটে নতুনপাড়া বিওপির একটি দল সীমান্ত পিলার ৬৬/৭-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি আমবাগানে পরিত্যক্ত অবস্থায় ২০০ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়।

এছাড়া, খোসালপুর বিওপির একটি টহল দল যোশপুর গ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করতে থাকা তিন বাংলাদেশি নাগরিক ও এক দালালকে আটক করেছে। আটক দালালের নাম বিল্লাল হোসেন (৩৫), যিনি মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের বাসিন্দা।

আটক তিন বাংলাদেশির মধ্যে রয়েছেন— কুমিল্লার সায়েদ আলম (২২), সাব্বির হোসাইন (২৩) এবং চাঁদপুরের মো. মাহমুদুল হাসান (২১)। তাদের কাছ থেকে একটি ইজিবাইকও জব্দ করা হয়েছে।

অন্যদিকে, শুক্রবার ভোরে যাদবপুর বিওপির আওতাধীন এলাকায় অভিযান চালিয়ে ৬৫৩ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করে বিজিবি। এই অভিযান বেতবাড়িয়া এলাকার একটি খেতের পাশে পরিচালিত হয়।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান জানিয়েছেন, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উদ্ধার করা মালামাল ও ইজিবাইকসহ আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফারুকী জানালেন সংসারে ভাঙনের সুর, বিচ্ছেদের গুঞ্জন চলছে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০২:২৩ পি.এম


ফারুকী জানালেন সংসারে ভাঙনের সুর, বিচ্ছেদের গুঞ্জন চলছে

অভিনয়ের মাধ্যমে পরিচয় ও বন্ধুত্ব গড়ে ওঠে। এক সময় কাজের সম্পর্ক প্রেমে রূপ নেয়। ২০১০ সালে সেই প্রেমের সম্পর্ক পূর্ণতা পায়। ক্যারিয়ারের বিভিন্ন বাঁক এবং ব্যক্তিগত জীবনের উত্থান-পতনে, শোবিজের দুই তারকা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী এবং অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা একে অপরের জন্য বড় শক্তি হিসেবে পাশে থেকেছেন। তবে, এখন তাদের সংসারে ভাঙনের গুঞ্জন শোনা যাচ্ছে।

১৬ বছরের দীর্ঘ দাম্পত্যের পর, ব্যক্তিগত দূরত্ব এবং বিচ্ছেদের সুর এখন তাদের সংসারে। হঠাৎ করে অন্তর্জালে তিশা-ফারুকীর বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়লে ভক্তদের মধ্যে নানা জল্পনা সৃষ্টি হয়।

শোনা যাচ্ছে, দেড় মাসেরও বেশি সময় ধরে আলাদা থাকছেন এই তারকা দম্পতি। তাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে নানা প্রশ্ন। যদিও এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি, তবে প্রশ্ন উঠছে- তাহলে কি সত্যিই বদলে যাচ্ছে এই দুই তারকার সম্পর্কের সমীকরণ?

গুঞ্জন রয়েছে, দীর্ঘদিনের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরির পেছনে মতের অমিল রয়েছে। বিভিন্ন সূত্রে ছড়ানো আলোচনায় উঠে এসেছে অস্ট্রেলিয়ায় কেনা একটি বাড়ি বিক্রি নিয়ে দুজনের মতবিরোধের কথা। ফারুকী বাড়িটি বিক্রি করতে চান, তবে তাতে তিশার সম্মতি নেই। আর এই বিষয়টি কেন্দ্র করেই তাদের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছে এবং বিচ্ছেদের প্রস্তুতি চলছে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে মোস্তফা সরয়ার ফারুকী কথা বলতে রাজি হননি। সামাজিক মাধ্যমে ক্ষুদে বার্তায় তিনি স্পষ্ট জানান, ‘অপ্রয়োজনীয় আলাপে’ তার আগ্রহ নেই। ফলে, তাদের দাম্পত্যের বর্তমান পরিস্থিতি নিয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

তিশা-ফারুকীর একসঙ্গে পথচলা, অসংখ্য স্মৃতি এবং ভালোবাসার গল্প- সবকিছুর পরিণতি কি সত্যিই বিচ্ছেদ? নাকি সময়ের সঙ্গে এই দূরত্ব কেটে যাবে এবং সম্পর্কের পুরনো সমীকরণ ফিরে আসবে? এর উত্তর জানতে ভক্তদের অপেক্ষা করতে হবে দুই তারকার ব্যক্তিগত জীবন নিয়ে অফিসিয়াল মন্তব্যের জন্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%