০৫:৫০ এম
গরমের সময় অনেকেই গোলাপ গাছে কুঁড়ি না আসা বা ফুল ফোটা কমে যাওয়ার জন্য অভিযোগ করেন। সঠিক পরিচর্যা জানলে, গরমের সময়ে গোলাপ গাছ নতুন কুঁড়ি ও রঙিন ফুলে ভরে উঠতে পারে। কিছু সহজ নিয়ম পালন করলেই এই সমস্যার সমাধান করা সম্ভব।
শুকনো ফুল ও ডাল নিয়মিত ছেঁটে ফেলা খুবই প্রয়োজন। গোলাপ গাছে শুকিয়ে যাওয়া ফুলগুলো দ্রুত সরিয়ে ফেলা জরুরি। শুকনো ফুল গাছের শক্তি নষ্ট করে এবং নতুন কুঁড়ি গঠনে বাঁধা সৃষ্টি করে। প্রয়োজন অনুযায়ী হালকা ছাঁটাই করলে নতুন ডাল গজায় এবং ফুলও বেশি আসে।
গরমকালে গোলাপ গাছের অতিরিক্ত পুষ্টির প্রয়োজন হয়। তাই নিয়মিত সার দেওয়া দরকার। তবে অতিরিক্ত সার ব্যবহার করলে উল্টো ক্ষতি হতে পারে, তাই পরিমিত ব্যবহারই ভালো।
আরও পড়ুন: শীতের ছুটিতে ঘুরে আসুন বাংলাদেশের ৮ দর্শনীয় স্থান
কলার খোসায় থাকা পটাশিয়াম গোলাপ গাছের ফুল ফোটাতে সাহায্য করে। শুকনো করে গুঁড়ো করে মাটিতে মিশিয়ে দিলে ভালো ফল পাওয়া যায়। ব্যবহৃত চা-পাতা পরিষ্কার করে শুকিয়ে গাছের গোড়ায় দিলে মাটির উর্বরতা বৃদ্ধি পায় এবং গাছ সুস্থ থাকে।
মাসে অন্তত একবার পচা গোবর সার ব্যবহার করলে গাছের মাটিতে নাইট্রোজেন বেড়ে যায়। এতে গাছের পাতা সবুজ ও সতেজ থাকে এবং ফুল ফোটার ক্ষমতাও বৃদ্ধি পায়।
গোলাপ গাছে সকালে বা সন্ধ্যায় পানি দেওয়া সবচেয়ে ভালো। মাটির উপরের স্তর শুকিয়ে গেলে তবেই পানি দিতে হবে। অতিরিক্ত পানি দিলে শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকে।
গোলাপ গাছ রোদ পছন্দ করে, প্রতিদিন ৫ থেকে ৬ ঘণ্টা রোদ পেলে গাছ ভালোভাবে ফুল দেয়। তবে গ্রীষ্মের তীব্র রোদে সরাসরি রাখা ঠিক নয়। সঠিক যত্ন ও নিয়ম পালন করলে গরমকালে গোলাপ গাছ রঙিন ফুলে ভরে উঠতে পারে। সামান্য পরিচর্যা আপনার বাগানের সৌন্দর্য বদলে দিতে পারে।
আরও পড়ুন: মেঘমুক্ত আকাশে পঞ্চগড় থেকে দৃশ্যমান কাঞ্চনজঙ্ঘা, উচ্ছ্বসিত প্রকৃতিপ্রেমীরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন