শিবচর (মাদারীপুর)প্রতিনিধি :মোঃআসাদুজ্জামান
০৬:২০ পি.এম
প্রচণ্ড গরমে যখন জনজীবন নাভিশ্বাস, তখন অতিরিক্ত লোডশেডিং সমস্যাটি মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়ে রয়েছে।
মাদারীপুরের শিবচর উপজেলায় বিদ্যুতের চাহিদা অনুযায়ী প্রায় অর্ধেক বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় সাধারণ জনগণের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গ্রাম থেকে শহর, সবখানেই মানুষ চরম দুর্ভোগে পড়ছে। কোথাও এক থেকে দুই ঘণ্টা, আবার কোথাও ঘণ্টার পর ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না।
এ অবস্থায় লেখাপড়া, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসাসেবা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। জানা যায়, শিবচর পৌর অঞ্চলে এক থেকে দেড় ঘণ্টা পর লোডশেডিং করা হলেও গ্রামের অঞ্চলের পরিস্থিতি খুবই ভয়াবহ।
বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকে না। কোথাও এক থেকে দেড় ঘণ্টা পর পর বিদ্যুৎ ফিরে আসে, আবার কখনো টানা ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না। এর ফলে সাধারণ মানুষ চরম দুর্ভোগে রয়েছে। আবাসিক এলাকার বাসিন্দারা এবং বিদ্যুতের ওপর নির্ভরশীল ক্ষুদ্র-মাঝারি ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
বিদ্যুতের ওপর নির্ভরশীল গৃহস্থালি কাজে ব্যাঘাত ঘটে যাচ্ছে। ব্যবসা প্রতিষ্ঠান, বাসা-বাড়ি ও বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসে কর্ম ঘণ্টа নষ্ট হচ্ছে। শিবচর উপজেলায় পল্লী বিদ্যুৎ অফিসের তথ্য অনুযায়ী, এখানে ১ লাখ ৬ হাজার বিদ্যুতের গ্রাহক রয়েছে।
এদের বিদ্যুৎ চাহিদা ৩৫ মেগাওয়াট। কিন্তু সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ১৬ থেকে ১৭ মেগাওয়াট, যেটি অর্ধেকেরও কম। তাই এলাকাভিত্তিক সমন্বয়ের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এক এলাকায় এক ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকলে পরবর্তী ঘণ্টায় সেই এলাকার বিদ্যুৎ দিয়ে অন্য এলাকায় লোডশেডিং দেওয়া হচ্ছে।
পৌর এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, "এভাবে আর কতদিন চলবে?" প্রচণ্ড গরমের মধ্যে বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। রফিকুল ইসলাম আরও জানান, "আমরা নিয়মিত বিদ্যুতের বিল দিই, কিন্তু প্রয়োজনের সময় বিদ্যুৎ পাই না। দিনের পর দিন ঘন ঘন লোডশেডিংয়ে স্বাভাবিক জীবনযাপন অসম্ভব হয়ে পড়েছে।" তিনি কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের দাবি করেছেন।
লোডশেডিংয়ের কারণে বিপাকে পড়েছেন ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যানচালকরাও। স্থানীয় ভ্যানচালক রফিক বলেন, "রাতে ঠিকমতো ব্যাটারি চার্জ দিতে পারি না। তাই সকালে বের হলেও দুপুরের আগেই ভ্যান বন্ধ করে বাড়ি ফিরতে হয়।" তিনি আরও জানান, "আগে আয় হতো ৬০০ থেকে ১ হাজার টাকা, এখন ৩০০ টাকাও হয় না। সংসারে বউ-বাচ্চার সাথে খুব কষ্টে আছি।"
এদিন দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, লোডশেডিংয়ে শিশু, বৃদ্ধ-বৃদ্ধা ও নানা বয়সের রোগীরা খুব কষ্টে আছেন। হাসপাতালে ভর্তি রোগী খবির মিয়া বলেন, "হাসপাতালে আসছি সুস্থ হতে, কিন্তু কারেন্ট না থাকায় গরমে মনে হয় দমই বন্ধ হয়ে যাচ্ছে। সারাক্ষণ ঘেমে থাকি, চোখে ঘুম আসে না। এই কষ্টে রোগ ভালো হওয়ার বদলে আরো বাড়ছে।"
এ বিষয়ে শিবচর পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার অভিলাষ চন্দ্র পাল জানিয়েছেন, "শিবচরে ৩৫ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। তার মধ্যে আমরা পাচ্ছি ১৬ থেকে ১৭ মেগাওয়াট বিদ্যুৎ। আমরা চাহিদার অর্ধেকেরও কম বিদ্যুৎ পাচ্ছি। তাই নির্দিষ্ট সময় পর পর লোডশেডিং দিয়ে সরবরাহ বজায় রাখার চেষ্টা করছি। তবে পরিস্থিতি সহনীয় পর্যায়ে রাখতে বিদ্যুৎ বিভাগ কাজ করে যাচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
টাঙ্গাইলের মধুপুরে মাদক সেবন এবং বিক্রির অপরাধের কারণে থানা পুলিশের সহযোগিতায় আটক করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সোমবার (২৯ জুন) বিকেলে ৫ জন মাদক ব্যবসায়ীকে ১ বছর করে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
মধুপুর থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন। কারাদণ্ড প্রাপ্তরা হলেন উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের রাধাপালবাড়ী গ্রামের মো, হাসমত আলীর ছেলে জাহিদ হাসান(৩০), পালবাড়ী গ্রামের হোসেন ফকিরের ছেলে মো. রুবেল (৩৪), মধুপুর পৌর শহরের আঙ্গিনা পাড়া এলাকার আক্তার সওদাগরের ছেলে জাহিদুল (৩০), মোহন সওদাগরের ছেলে বাবু সওদাগর (৩০), এবং মৃত মোহন সওদাগরের ছেলে নিজাম সওদাগর (২০)।
তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯ (১) খ লঙ্ঘন এর ৩৬(১)(৮) ধারায় প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের উদ্যোগে ঢাকা বাসস্ট্যান্ডে যানজট নিরসন এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে বাস-ট্রাক মালিক সমিতি, পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মহোদয় সভায় বলেন, জনগণকে নিরাপদ, স্বস্তিদায়ক ও মানসম্মত পরিবহনসেবা প্রদান করা সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব। তিনি পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি যাত্রীদের সঙ্গে ভদ্র, সম্মানজনক ও সহানুভূতিশীল আচরণ করার আহ্বান জানান। কোনো যাত্রীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, অতিরিক্ত ভাড়া আদায়, হয়রানি বা আইনবহির্ভূত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্যও তিনি নির্দেশনা প্রদান করেন।
তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনা ও যানজট কমাতে চালকদের ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ, ফিটনেসবিহীন যানবাহন পরিচালনা থেকে বিরত থাকা এবং সচেতনতার সঙ্গে দায়িত্ব পালন করা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে পরিবহন মালিক, শ্রমিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টাই একটি নিরাপদ ও শৃঙ্খলাবদ্ধ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে সহায়ক হবে।
সভায় উপস্থিত পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীসেবার মান উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশালে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার অতিরিক্ত ভাড়া নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের পর বরিশাল সিটি কপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন জানালেন, ভাড়া বাড়ছে না। সোমবার (২৯ জুন) দুপুরে বরিশাল সিটি কপোরেশনের সভাকক্ষে অনুষ্ঠিত একটি আলোচনাসভায় তিনি এ তথ্য তুলে ধরেন।
বরিশাল সিটি কপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার আরও জানান, বরিশাল সিটি কপোরেশন এলাকায় পূর্বের ভাড়া বহাল থাকবে। কোনো প্রকার ভাড়া বৃদ্ধি করার অনুমতি নেই। কেউ যদি বাড়তি ভাড়া দাবি করে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও জানিয়েছেন, সোমবার থেকে শহরের সকল অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, বিভাগের কমিশনার খলিল আহমেদ বলেন, যারা অবৈধভাবে অটোরিকশা তৈরি করছে, তাদের কারখানা বন্ধ করে দেওয়ার কথা রয়েছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে শৃঙ্খলা ফিরিয়ে আনা।
এর আগে হঠাৎ করে বরিশাল নগরীতে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা নানা অজুহাতে ভাড়া বৃদ্ধি করে। ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে গত ২৮ জুন বিএম কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন এবং অটোরিকশা আটক করে প্রতিবাদ জানান।
আলোচনাসভায় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, শিক্ষার্থীসহ অটোচালকরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রতিকূল আবহওয়ার কারণে শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে মার্কিন পপ তারকা কেটি পেরির বহুল প্রতীক্ষিত কনসার্ট। বেলজিয়ামের ঐতিহ্যবাহী ‘ভেরখটার বুটিক’ উৎসবে পারফর্ম করার কথা থাকলেও ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের আশঙ্কায় দর্শকদের নিরাপত্তার কথা বিবেচনা করে কর্তৃপক্ষ আয়োজনটি স্থগিত করে।
কনসার্ট বাতিলের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের উদ্দেশে কেটি পেরি এক আবেগঘন বার্তা দেন। তিনি লেখেন, ‘অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি বৈরী আবহাওয়া এবং দর্শকদের নিরাপত্তার কথা বিবেচনা করে সরকারি নির্দেশনায় আজ রাতে ‘ভেরখটার বুটিক’ শো-টি বাতিল করা হয়েছে। যখন খবরটি আমার কাছে আসে, তখন আমি মঞ্চের পেছনে মেকআপ নিচ্ছিলাম। দুর্ভাগ্যবশত তারা আমাকে আর কোনো কিছু বলেনি।’
হতাশা প্রকাশ করে তিনি আরো লেখেন, ‘আপনাদের মতো আমিও ভীষণ মনঃক্ষুণ্ণ হয়েছি। বিষয়টি সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণের বাইরে ছিল। তবে ৫৫ হাজার মানুষের নিরাপত্তা সবসময় আমার কাছে সবার আগে। আবহাওয়া পরিবর্তনের ক্ষমতা আমার নেই। তবে আজ রাতে আপনাদের সঙ্গে গান গাইতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সবাই নিরাপদে বাড়ি ফিরুন।’
দীর্ঘ ১৭ বছর পর ‘ভেরখতার বুটিক’ উৎসবে পারফর্ম করার কথা ছিল কেটি পেরির। এর আগে সর্বশেষ ২০০৯ সালে এই মঞ্চে গান গেয়েছিলেন তিনি। তাই এবারের আয়োজন ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ছিল।
উৎসব কর্তৃপক্ষের বরাত দিয়ে কেটি জানান, জনপ্রিয় র্যাপার ও গায়ক পিটবুলের পরিবেশনার পরপরই পুরো উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়। ওই দিনের লাইনআপে পিটবুল ছাড়াও মিকা, পমেলিন থাইস, জেমস আর্থার, রক্সি ডেকার এবং এমি ডি’আর্কের পারফর্ম করার কথা ছিল। দর্শকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ