আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
০৬:২২ পি.এম
টাঙ্গাইলের মধুপুরে মাদক সেবন এবং বিক্রির অপরাধের কারণে থানা পুলিশের সহযোগিতায় আটক করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সোমবার (২৯ জুন) বিকেলে ৫ জন মাদক ব্যবসায়ীকে ১ বছর করে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
মধুপুর থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন। কারাদণ্ড প্রাপ্তরা হলেন উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের রাধাপালবাড়ী গ্রামের মো, হাসমত আলীর ছেলে জাহিদ হাসান(৩০), পালবাড়ী গ্রামের হোসেন ফকিরের ছেলে মো. রুবেল (৩৪), মধুপুর পৌর শহরের আঙ্গিনা পাড়া এলাকার আক্তার সওদাগরের ছেলে জাহিদুল (৩০), মোহন সওদাগরের ছেলে বাবু সওদাগর (৩০), এবং মৃত মোহন সওদাগরের ছেলে নিজাম সওদাগর (২০)।
তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯ (১) খ লঙ্ঘন এর ৩৬(১)(৮) ধারায় প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের উদ্যোগে ঢাকা বাসস্ট্যান্ডে যানজট নিরসন এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে বাস-ট্রাক মালিক সমিতি, পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মহোদয় সভায় বলেন, জনগণকে নিরাপদ, স্বস্তিদায়ক ও মানসম্মত পরিবহনসেবা প্রদান করা সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব। তিনি পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি যাত্রীদের সঙ্গে ভদ্র, সম্মানজনক ও সহানুভূতিশীল আচরণ করার আহ্বান জানান। কোনো যাত্রীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, অতিরিক্ত ভাড়া আদায়, হয়রানি বা আইনবহির্ভূত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্যও তিনি নির্দেশনা প্রদান করেন।
তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনা ও যানজট কমাতে চালকদের ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ, ফিটনেসবিহীন যানবাহন পরিচালনা থেকে বিরত থাকা এবং সচেতনতার সঙ্গে দায়িত্ব পালন করা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে পরিবহন মালিক, শ্রমিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টাই একটি নিরাপদ ও শৃঙ্খলাবদ্ধ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে সহায়ক হবে।
সভায় উপস্থিত পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীসেবার মান উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশালে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার অতিরিক্ত ভাড়া নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের পর বরিশাল সিটি কপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন জানালেন, ভাড়া বাড়ছে না। সোমবার (২৯ জুন) দুপুরে বরিশাল সিটি কপোরেশনের সভাকক্ষে অনুষ্ঠিত একটি আলোচনাসভায় তিনি এ তথ্য তুলে ধরেন।
বরিশাল সিটি কপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার আরও জানান, বরিশাল সিটি কপোরেশন এলাকায় পূর্বের ভাড়া বহাল থাকবে। কোনো প্রকার ভাড়া বৃদ্ধি করার অনুমতি নেই। কেউ যদি বাড়তি ভাড়া দাবি করে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও জানিয়েছেন, সোমবার থেকে শহরের সকল অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, বিভাগের কমিশনার খলিল আহমেদ বলেন, যারা অবৈধভাবে অটোরিকশা তৈরি করছে, তাদের কারখানা বন্ধ করে দেওয়ার কথা রয়েছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে শৃঙ্খলা ফিরিয়ে আনা।
এর আগে হঠাৎ করে বরিশাল নগরীতে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা নানা অজুহাতে ভাড়া বৃদ্ধি করে। ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে গত ২৮ জুন বিএম কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন এবং অটোরিকশা আটক করে প্রতিবাদ জানান।
আলোচনাসভায় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, শিক্ষার্থীসহ অটোচালকরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রতিকূল আবহওয়ার কারণে শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে মার্কিন পপ তারকা কেটি পেরির বহুল প্রতীক্ষিত কনসার্ট। বেলজিয়ামের ঐতিহ্যবাহী ‘ভেরখটার বুটিক’ উৎসবে পারফর্ম করার কথা থাকলেও ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের আশঙ্কায় দর্শকদের নিরাপত্তার কথা বিবেচনা করে কর্তৃপক্ষ আয়োজনটি স্থগিত করে।
কনসার্ট বাতিলের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের উদ্দেশে কেটি পেরি এক আবেগঘন বার্তা দেন। তিনি লেখেন, ‘অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি বৈরী আবহাওয়া এবং দর্শকদের নিরাপত্তার কথা বিবেচনা করে সরকারি নির্দেশনায় আজ রাতে ‘ভেরখটার বুটিক’ শো-টি বাতিল করা হয়েছে। যখন খবরটি আমার কাছে আসে, তখন আমি মঞ্চের পেছনে মেকআপ নিচ্ছিলাম। দুর্ভাগ্যবশত তারা আমাকে আর কোনো কিছু বলেনি।’
হতাশা প্রকাশ করে তিনি আরো লেখেন, ‘আপনাদের মতো আমিও ভীষণ মনঃক্ষুণ্ণ হয়েছি। বিষয়টি সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণের বাইরে ছিল। তবে ৫৫ হাজার মানুষের নিরাপত্তা সবসময় আমার কাছে সবার আগে। আবহাওয়া পরিবর্তনের ক্ষমতা আমার নেই। তবে আজ রাতে আপনাদের সঙ্গে গান গাইতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সবাই নিরাপদে বাড়ি ফিরুন।’
দীর্ঘ ১৭ বছর পর ‘ভেরখতার বুটিক’ উৎসবে পারফর্ম করার কথা ছিল কেটি পেরির। এর আগে সর্বশেষ ২০০৯ সালে এই মঞ্চে গান গেয়েছিলেন তিনি। তাই এবারের আয়োজন ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ছিল।
উৎসব কর্তৃপক্ষের বরাত দিয়ে কেটি জানান, জনপ্রিয় র্যাপার ও গায়ক পিটবুলের পরিবেশনার পরপরই পুরো উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়। ওই দিনের লাইনআপে পিটবুল ছাড়াও মিকা, পমেলিন থাইস, জেমস আর্থার, রক্সি ডেকার এবং এমি ডি’আর্কের পারফর্ম করার কথা ছিল। দর্শকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে এবং তরুণ প্রজন্মকে মাঠমুখী করার জন্য আগামী ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের (২০২৬-২৭) অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া।
সোমবার (২৯ জুন) বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ডাচ বাংলা ব্যাংক অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এই ঘোষণা দেন।
আগামী ৩১ আগস্ট পর্যন্ত দুই মাসব্যাপী এই রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে। ১ সেপ্টেম্বর ২০১২ থেকে ৩১ আগস্ট ২০১৪ সালের মধ্যে জন্মগ্রহণকারী ১২ থেকে ১৪ বছরের শিশু-কিশোররা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাদের যুক্ত করতে স্কুল, ক্লাব ও জেলা ক্রীড়া অফিসের মাধ্যমে ব্যাপক প্রচারের উদ্যোগ নেয়া হয়েছে বলে প্রতিমন্ত্রী সবাইকে অবগত করেন। প্রতিযোগিতা আগামী বছরের মার্চ পর্যন্ত চলবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, দ্বিতীয় আসরের পরিধি তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করা হয়েছে। প্রথম আসরে কেবল উপজেলা দলগুলো জেলা পর্যায়ে অংশ নেয়ার সুযোগ পেলেও, এবারের আসরে দেশের প্রতিটি ইউনিয়ন এবং সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ড দল সরাসরি উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবে।
এছাড়া তরুণদের চাহিদার কথা বিবেচনা করে প্রথম আসরের ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, সাঁতার, দাবা, ব্যাডমিন্টন ও মার্শাল আর্টের সাথে এবার নতুন করে টেবিল টেনিস এবং ভলিবল যুক্ত করা হয়েছে। ফলে মোট ১০টি ইভেন্টে দেশের বিপুল সংখ্যক তরুণ ক্রীড়াবিদ তাদের মেধা বিকাশের প্ল্যাটফর্ম পাবে।
‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’ (প্রথম আসর)-এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার তারিখ চূড়ান্ত করা হয়েছে। আগামী ১৮ জুলাই ঢাকার মিরপুর জাতীয় স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার পর্দা উঠবে। ১০টি অঞ্চলের বাছাই করা দেশসেরা কিশোর ও তরুণ অ্যাথলেটদের নিয়ে আয়োজিত এই ক্রীড়া উৎসব চলবে ২৭ জুলাই পর্যন্ত। ২৭ জুলাই বিকেল ৩ টায় ঢাকার আর্মি স্টেডিয়ামে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রতিমন্ত্রী আরও জানান, শুধুমাত্র একটি টুর্নামেন্ট আয়োজন করাই সরকারের লক্ষ্য নয়। বরং এই নতুন কুঁড়িদের পরিচর্যা করে আগামী দিনের জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তোলা এই ধরনের আয়োজনের মূল লক্ষ্য।
প্রথম আসরে ১০টি অঞ্চল থেকে মোট অংশগ্রহণকারীর খেলোয়াড়ের সংখ্যা ছিল এক লাখ ৬৮ হাজার ৬৫৬ জন, এর মধ্যে বালক এক লাখ ২১ হাজার ৪৯৯ এবং বালিকা ৪৭ হাজার ১৫৭ জন। জাতীয় পর্যায়ে খেলোয়াড় ও কর্মকর্তার সংখ্যা হবে মোট এক হাজার ৭০০ জন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ