০১:৩৬ পি.এম
বরিশালের হিজলায় মেঘনা নদী থেকে ট্রলার থেকে পড়ে নিখোঁজ থাকা অপু সিকদারের (৩৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (৭ জুন) সকাল ৭টা নাগাদ মেঘনার দুর্গাপুর এলাকা থেকে স্থানীয় জেলে ও তার স্বজনরা মিলে তার মরদেহ উদ্ধার করেন।
নিহত অপু সিকদার উপজেলার হরিনাথপুর ইউনিয়নের টুমচর গ্রামের বাবুল সিকদারের ছেলে। শনিবার (৬ জুন) সন্ধ্যা ৬টার সময় তিনি ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হন। প্রায় ১৩ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: রংপুরে সনাতন ধর্মাবলম্বীদের দ্বন্দ্বে প্রতিমা বিসর্জন হয়নি, মন্দিরে ফেরানো
জানা গেছে, ট্রলারে ঢাকা থেকে সিমেন্ট নিয়ে হিজলা বন্দরে ফিরছিলেন তাঁরা। সন্ধ্যায় যখন ট্রলারটি মেঘনা নদীর হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের দুর্গাপুর এলাকায় পৌঁছায়, তখন ঝড় ও বজ্রসহ বৃষ্টি শুরু হয়। ওই সময় হঠাৎ এক বিকট শব্দের মধ্যে ট্রলারে থাকা চারজনের মধ্যে অপু সিকদার নদীতে পড়ে যান। একই ঘটনায় আলমগীর সিকদার (৩০) নামে একজন শ্রমিকও জ্ঞান হারান। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় জ্ঞানহীন আলমগীরকে উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর থেকেই নিখোঁজ অপু সিকদারের সন্ধানের জন্য উদ্ধার অভিযান চালানো হয়।
হিজলা নৌপুলিশের পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল গণমাধ্যমের কাছে বলেন, নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকার কারণে প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন