০৭:০৯ পি.এম
সংসদ ভবন, ১৬ জুন, ২০২৬ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এ বিষয়ে জানিয়েছেন যে, বর্তমানে দেশে বেকার যুবকদের আত্মকর্মসংস্থান ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় সমস্ত জেলা ও উপজেলা যুব উন্নয়ন কার্যালয় এবং যুব প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক ট্রেডে প্রশিক্ষণ প্রদান কর্মসূচি কার্যক্রম চালু রয়েছে।
তিনি আজ সংসদে সংরক্ষিত নারী আসনের সরকারি দলের সদস্য আরিফা সুলতানার একটি প্রশ্নের জবাবে এ কথা জানান।
প্রতিমন্ত্রী আরো তুলে ধরেন যে, প্রাতিষ্ঠানিক ট্রেডে বর্তমানে ৪১টি ট্রেড রয়েছে, যার প্রশিক্ষণের মেয়াদ ১ থেকে ৬ মাস। এসব ট্রেডের মধ্যে উল্লেখযোগ্য হলো : পোশাক তৈরি, ব্লক বাটিক, মৎস্য চাষ, মডার্ন অফিস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটার বেসিক ট্রেনিং, ইলেকট্রিক্যাল এন্ড হাউজওয়্যারিং, ইলেকট্রনিক্স রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং, মোবাইল সার্ভিসিং এন্ড রিপিয়ারিং প্রভৃতি। এসব ট্রেডে অনাবাসিক প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
আরও পড়ুন: সারের বস্তা থেকে বিএনপির বিরুদ্ধে সতর্কবার্তা দিলেন প্রধানমন্ত্রী
এছাড়া আবাসিক যুব প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে গবাদিপশু, হাঁস-মুরগি পালন, গরু মোটাতাজাকরণ, মৎস্য চাষের পাশাপাশি কৃষি বিষয়ক অন্যান্য প্রশিক্ষণ প্রদান করা হয়। তিনি উল্লেখ করেন যে, এসব ট্রেড জেলা পর্যায়ে পরিচালিত হয়ে থাকে।
প্রতিমন্ত্রী আরও জানান, অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণে রয়েছে ৪২টি ট্রেড, যা উপজেলা পর্যায়ে স্থানীয় চাহিদার ভিত্তিতে প্রদান করা হয়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: পারিবারিক হাঁস-মুরগি পালন, ব্রয়লার ও ককরেল পালন, বাড়ন্ত মুরগি পালন, ছাগল পালন, গরু মোটাতাজাকরণ, পারিবারিক গাভী পালন, কবুতর পালন, মৌমাছি চাষ করে মধু আহরণ, বসতবাড়িতে সবজি পালন, নার্সারি, সোলার প্যানেল স্থাপন, নকশি কাথা তৈরি ও বাঁশ ও বেতের সামগ্রী তৈরি ইত্যাদি।
এছাড়া, জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে ১৮-৩৫ বছর বয়সি সকল জেলার বেকার যুব ও যুব নারীদের জন্য আইসিটি, ফ্রিল্যান্সিং, কৃষি, ট্যুরিজম, আরএমজি, ফুড এন্ড বেভারেজ ও ভাষা বিষয়ক বিভিন্ন মেয়াদি প্রশিক্ষণ কোর্স চলমান রয়েছে বলে মন্ত্রী জানান।
আরও পড়ুন: আওয়ামী লীগকে ঘিরে রাজনৈতিক অস্থিরতা ও ঠেলাঠেলি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন