ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

শত্রু শিবিরে খেলা, দেশের মানুষের মুখে হাসি ফোটাতে একাট্টা ইরানি ফুটবলাররা


শত্রু শিবিরে খেলা, দেশের মানুষের মুখে হাসি ফোটাতে একাট্টা ইরানি ফুটবলাররা

চলতি জুন মাসের মধ্যে পর্দা উঠতে যাচ্ছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ ফিফা বিশ্বকাপ-২০২৬ আসরের। তবে এবারের বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে ইরান, যারা সম্পূর্ণ নজিরবিহীন এক পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। তাদের আয়োজক দেশগুলোর অন্যতম একটি দেশের (যুক্তরাষ্ট্র) সঙ্গে সরাসরি যুদ্ধাবস্থা বিদ্যমান।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক আগ্রাসনের পরে ৮ এপ্রিল থেকে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হলেও বর্তমানে অঞ্চলে চূড়ান্ত শান্তির দেখা মেলেনি। এই চরম রাজনৈতিক অস্থিরতা এবং অনিশ্চয়তা ইরানের বিশ্বকাপ প্রস্তুতিকে সম্পূর্ণভাবে বিপর্যস্ত করে তুলেছে, কারণ তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে যুক্তরাষ্ট্রের মাটিতেই।

ভিসা জটিলতা এবং উদ্ভূত পরিস্থিতির কারণে ফুটবলারদের মানসিক এবং কৌশলগত প্রস্তুতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন দূতাবাসে ভিসার আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে ইরান দলকে তাদের পূর্বনির্ধারিত ক্যাম্প পরিবর্তন করে তুরস্কের আন্টালিয়া ও রাজধানী আঙ্কারায় দুই সপ্তাহেরও বেশি সময় কাটাতে হয়েছে। শেষ পর্যন্ত আঙ্কারায় মেক্সিকান দূতাবাসের সহায়তায় মেক্সিকোর ভিসা নিশ্চিত হয়েছে এবং স্কোয়াডের সকল সদস্যের প্রবেশানুমতি নিশ্চিত করা হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতার কারণে ইরান কর্তৃপক্ষকে অ্যারিজোনার টুসন শহরের পূর্বনির্ধারিত মূল অনুশীলন ক্যাম্প সরিয়ে ক্যালিফোর্নিয়া সীমান্তবর্তী মেক্সিকোর টিজুয়ানা শহরে নিতে বাধ্য হতে হয়েছে। যদি সবকিছু ঠিক থাকে, তবে আগামী ১৪ জুন, অর্থাৎ প্রথম ম্যাচের আগের দিন যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখবে দলটি। ১৫ জুন লস অ্যাঞ্জেলেসের ইঙ্গলউডে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। এরপর ২১ জুন বেলজিয়াম এবং ২৬ জুন সিয়াটলে মিসরের মুখোমুখি হবে তারা।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

এই চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যে নিজেকে প্রমাণ করতে মরিয়া ইরানি ফুটবলাররা। দলের অভিজ্ঞ ২৯ বছর বয়সী মিডফিল্ডার সাইদ এজাতোলাহি, যিনি ২০১৮ ও ২০২২ বিশ্বকাপেও দেশের প্রতিনিধিত্ব করেছেন, তিনি আন্তর্জাতিক গণমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, "পরিস্থিতি মোটেও সহজ নয়। দেশের ভেতরের খবর এবং রাজনৈতিক ঘটনাপ্রবাহ স্বাভাবিকভাবেই খেলোয়াড় ও সাধারণ মানুষের মনে গভীর প্রভাব ফেলে।" তবে তাদের প্রথম দুটি ম্যাচ লস অ্যাঞ্জেলেসের কাছাকাছি হওয়ার কারণে সেখানে বাসিন্দা বিশাল ইরানি প্রবাসী জনগণের সমর্থন গ্যালারিতে পাওয়ার আশা করছেন। এই সমর্থন প্রেরণা জোগাবে, কিন্তু প্রত্যাশার বিশাল চাপও তৈরি করবে। তবে ইরানিরা যেকোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত এবং তা তারা মাঠের পারফরম্যান্সের মাধ্যমে বিশ্বকে দেখাতে চান।

বয়সে ২৪ বছরের তরুণ ফুটবলার মোহাম্মদ ঘোরবানি, যিনি ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন, তিনি জানান যে তারা বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে গেলেও মাঠের খেলোয়াড় হিসেবে তাদের মূল কাজ হচ্ছে অনুশীলন ও খেলায় মনোযোগ দেয়া। যুদ্ধের কারণে দেশের মানুষ যে অবর্ণনীয় কষ্টের মধ্য দিয়ে গেছেন, ফুটবলাররা সেই ক্ষতে কিছুটা প্রলেপ দিতে চান। তাদের একমাত্র লক্ষ্য হলো ভালো ফলাফল এনে দেশের মানুষের মুখে একটুখানি হাসির জোগান দেওয়া।

বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধের ডামাডোল, শীর্ষ নেতাদের হারানো শোক এবং মার্কিন ভূখণ্ডে খেলার মানসিক চাপ সামলে এক পতাকার নিচে নিজেদের ঐক্য ও শক্তি প্রমাণ করাই এখন ইরানি ফুটবলারদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সূত্র: আল জাজিরা

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিমি চক্রবর্তীর বিরুদ্ধে আদালতে চার্জশিট

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৭:১৫ পি.এম


মিমি চক্রবর্তীর বিরুদ্ধে আদালতে চার্জশিট

পশ্চিমবঙ্গের বনগাঁর একটি অনুষ্ঠানের প্রেক্ষাপটে অভিনেত্রী মিমি চক্রবর্তী ও আয়োজক তনয় শাস্ত্রীর মধ্যে আইনি বিরোধ একটি নতুন মোড় নিয়েছে।

তনয় শাস্ত্রীর আবেদনের ভিত্তিতে মিমি চক্রবর্তীর বিরুদ্ধে বনগাঁ আদালতে চার্জশিট গঠিত হওয়ার দাবি করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২ জুন বনগাঁ আদালতে চার্জশিট গঠনের প্রক্রিয়া সমাপন করা হয়। অভিযোগ করা হয়েছে যে, এ সময়ে আদালতে উপস্থিত ছিলেন না মিমি চক্রবর্তী। তার পরিবর্তে আদালতে হাজির ছিলেন তার আইনজীবী।

এই বিষয় নিয়ে তনয় শাস্ত্রী মন্তব্য করেন, 'একদিনও মিমি চক্রবর্তী আদালতে আসেননি। গত ২ জুন মিমির পরিবর্তে আদালতে এসেছিলেন তাঁর আইনজীবী। তিনি একের পর এক তারিখ নিয়ে যাচ্ছেন আদালতের কাছ থেকে। এইভাবে তিনি গোটা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। অবশেষে আমার আইনজীবী এবং বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি চার্জশিট গঠনের আবেদন করেন আদালতে।'

তনয়ের অভিযোগ অনুযায়ী, তার বিরুদ্ধে আনা অভিযোগের ফলে তাকে জেলেও যেতে হয়েছে। তাই তিনি আইনি লড়াই চালিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করেছেন।

তিনি বলেন, 'মিমি অন্যায় করেছেন তার শাস্তি ওকে পেতেই হবে। আদালতে হাজিরা দিতেই হবে ওকে। আমিও এর শেষ দেখে ছাড়বো। উনি অপরাধ করেছেন। বিনা অপরাধে আমাকে জেলে পাঠিয়েছেন। এর জন্য ওকে শাস্তি ভোগ করতেই হবে।'

ঘটনার সূত্রপাত হয় বনগাঁর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে। আয়োজকদের বক্তব্য, নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে অনুষ্ঠানে উপস্থিত হন মিমি চক্রবর্তী। তনয় শাস্ত্রীর দাবি অনুযায়ী, অনুষ্ঠান পরিচালনার অনুমতি ছিল রাত ১২টা পর্যন্ত। সময় শেষ হয়ে আসায় তিনি অভিনেত্রীকে মঞ্চ থেকে নামতে অনুরোধ করেছিলেন।

তনয়ের ভাষ্য, তিনি কোনো অসম্মানজনক আচরণ করেননি। কিন্তু অনুষ্ঠান শেষে মিমি স্থানীয় থানায় অভিযোগ দায়ের করলে, সেই অভিযোগের ভিত্তিতে তনয়কে গ্রেপ্তার করা হয়।

পরে জামিনে মুক্ত হয়ে মিমির বিরুদ্ধে বনগাঁ আদালতে দুটি মামলা দায়ের করেন তনয় শাস্ত্রী। মামলাগুলোর মধ্যে একটি মানহানি এবং অন্যটি মিথ্যা অভিযোগের ভিত্তিতে করা হয়েছে বলে জানা গেছে। এছাড়া চুক্তিভঙ্গের অভিযোগও তোলা হয়েছে। অনুষ্ঠানের জন্য অগ্রিম দেওয়া ২ লাখ ৬৫ হাজার টাকা ফেরত পেতে চান তনয়।

আইনি এই জটিলতার প্রেক্ষাপটে নতুন কাজ নিয়ে দর্শকদের সামনে পুনরায় আসছেন মিমি চক্রবর্তী। শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পাবে তার অভিনীত সিরিজ 'কুইনস'। নির্ঝর মিত্র পরিচালিত এই সিরিজের কাহিনী চার বিধবার প্রতিশোধের গল্প নিয়ে আবর্তিত হবে। ইতিমধ্যে সিরিজটির ট্রেলার ও টিজার প্রকাশ পেয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লিচু সংরক্ষণে হিমাগার স্থাপনের আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৭:১৯ পি.এম


লিচু সংরক্ষণে হিমাগার স্থাপনের আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

পাবনার ঈশ্বরদীতে লিচু চাষিদের পাশে দাঁড়াতে এবং লিচু সংরক্ষণে হিমাগার স্থাপনসহ উন্নত প্রযুক্তি ও বীজ উদ্ভাবনে কৃষি ও শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির।

শুক্রবার (৫ জুন) দুপুরে ঈশ্বরদীতে আয়োজিত একটি লিচু উৎসব ও কৃষি বাণিজ্য মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী স্থানীয় লিচু চাষিদের ভূয়সী প্রশংসা করে বলেন, তারা একেবারেই মাটির মানুষ। মাটির গন্ধ তাদের গায়ে লেগে আছে। এদের জীবন থেকেই এই অভিজ্ঞতা অর্জন হয়েছে। তিনি জানান, ফসলের উৎপাদন বৃদ্ধি ও উন্নত জাত উদ্ভাবনের পিছনে চাষিদের নিজেরা মেধা, বুদ্ধি ও অভিজ্ঞতা প্রয়োগ করেছেন।

তিনি বলেন, জার্মিনেশন বিষয়ে তাদের যে বাস্তব জ্ঞান ও গভীরতা রয়েছে, তা মাঝে মাঝে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যেও দেখা যায় না।

সাম্প্রতিক সময়ে চাষিদের নানা সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, হঠাৎ তীব্র তাপপ্রবাহ এবং কীটনাশকের কার্যকারিতা বা বিশুদ্ধতায় ঘাটতির কারণে এবার অনেক লিচু নষ্ট হয়ে গেছে। এ ক্ষতি কাটিয়ে উঠতে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে গবেষণার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে লিচুর সুরক্ষায় উন্নত জাত বা উপযোগী বীজ উদ্ভাবনের বিষয়েও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

লিচু চাষিদের দীর্ঘদিনের দাবি কোল্ড স্টোরেজ স্থাপনের বিষয়ে খন্দকার আব্দুল মোক্তাদির বলেন, চাষিদের অন্যতম বড় দাবি হলো কোল্ড স্টোরেজ স্থাপন করা, যাতে লিচু সংরক্ষণ করে বছরের পরবর্তী সময়েও ব্যবহার করা যায়। এ বিষয়ে আমরা কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করব এবং সমন্বয়ের মাধ্যমে কাজ করব। পাশাপাশি লিচু সংরক্ষণে কোল্ড স্টোরেজ বা অন্য কোনো কার্যকর পদ্ধতি গ্রহণ করা যায় কি না, সে বিষয়ে শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করা হবে।

এ সময় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, ঈশ্বরদী কৃষক সোসাইটির সভাপতি ময়েজ উদ্দিন, সাধারণ সম্পাদক কিতাব মণ্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক লিচু চাষি উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পে স্কেল শতভাগ বাস্তবায়নের দাবি কল্যাণ সমিতির

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৭:২৪ পি.এম


পে স্কেল শতভাগ বাস্তবায়নের দাবি কল্যাণ সমিতির

বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আবদুল মালেক পে স্কেল শতভাগ বাস্তবায়নসহ সরকারের আনুষ্ঠানিক ঘোষণা দাবি করেছেন। তিনি উল্লেখ করেছেন, কর্মচারীদের মধ্যে একটি চরম হতাশা কাজ করছে যে, আসলে আমরা ৫০ শতাংশ পাব নাকি ১০০ শতাংশ পাব? তবে, সরকার থেকে আমরা এখনো কোনো আপডেট জানি না।

সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আবদুল মালেক এসব মন্তব্য করেন।

আবদুল মালেক বলেন, ‘সরকার ক্ষমতায় আসার পর আমাদের শুধু শোনা যাচ্ছে যে পে স্কেল হচ্ছে। কিন্তু আদৌ পে স্কেল হবে কি না, সেটা জানতে আমরা সরকারের পক্ষ থেকে এখনো কোনো নির্ভরযোগ্য ব্যক্তি, যেমন নীতিনির্ধারক মন্ত্রী বা অর্থসচিবের কাছে তথ্য পাইনি। আমরা বারবার দাবি করে আসছিলাম যে, অন্তত বাজেট শুরু হওয়ার আগে সরকারের পক্ষ থেকে একটা আনুষ্ঠানিক বিবৃতি আমাদের জানানো হোক যে পে স্কেলটা হচ্ছে। তাহলে কর্মচারীদের মধ্যে যে হতাশা বিরাজ করছে, সেটি না থাকত।

তিনি আরও বলেন, আমরা আশা করি, সরকার বিষয়গুলো চিন্তাভাবনা করেই পে স্কেল বাস্তবায়নের দিকে এগুবে।

আবদুল মালেক জানিয়েছেন, তিনি দীর্ঘ ১১ বছর পর পে স্কেল কোনো ধাপে চান না, একবারেই সব দেয়ার পক্ষে। এতে হয়তো কিছু সমস্যা সৃষ্টি হবে, তবে তার ফলস্বরূপ অসাধু ব্যবসায়ীরাও দাম বৃদ্ধির সুযোগ পাবে না। এমনকি কর্মচারীরাও উপকৃত হবে।

তিনি বক্তব্যে বলেন, হয়তো আমরা এটা বলতে পারি যে দেশের উন্নয়ন প্রতিবছর হচ্ছে। বাজেটও প্রতিবছর হবে কিন্তু পে স্কেল তো প্রতিবছর হবে না। পে স্কেল একবারেই কার্যকর হবে। এটি বাস্তবায়নের জন্য প্রয়োজন হলে অন্যান্য দিক থেকে বরাদ্দ বাড়াতে হবে, তাহলে কর্মচারী অঙ্গন সরকারের প্রতি আরও বিশ্বস্ত ও নির্ভরশীল হবে, এটাই আমাদের ধারণা।

জানা গেছে, পুরো নতুন বেতন কাঠামো একসঙ্গে কার্যকর না করে, তিনটি অর্থবছরে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। আগামী জুলাই মাস থেকেই সরকারি চাকরিজীবীরা নতুন বেসিক বেতনের অর্ধেক অংশ পেতে শুরু করবেন। পরবর্তী অর্থবছরে বাকি অর্ধেক বেসিক কার্যকর করা হবে। এরপর ২০২৮-২০২৯ অর্থবছরে নতুন পে স্কেলের আওতায় নির্ধারিত বিভিন্ন ভাতা ও সুবিধা ধাপে ধাপে চালু করা হবে।

আসন্ন বাজেটে ৩০ থেকে ৩৭ হাজার কোটি টাকার একটি বিশেষ ‘থোক বরাদ্দ’ রাখার সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী ৭ জুন ত্রয়োদশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের বাজেট অধিবেশন শুরু হবে। তবে, এদিন পে স্কেলের বরাদ্দ হিসেবে কিছু ঘোষণা হবেনা। এদিন বেলা ৩টায় রাষ্ট্রপতির আহ্বানে জাতীয় সংসদ ভবনে এ অধিবেশন শুরু হবে।

এরপর আগামী ১১ জুন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট সংসদে পেশ করবেন। সে দিনই পে স্কেলে বরাদ্দের বিষয়ে চূড়ান্ত তথ্য জানা যাবে।

নবম জাতীয় পে কমিশনের সুপারিশ অনুযায়ী, সরকারি চাকরিজীবীদের মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাব বাস্তবায়িত হলে ১ম গ্রেড থেকে শুরু করে ২০তম গ্রেড পর্যন্ত বিদ্যমান পুরো বেতন কাঠামোতে একটি যুগান্তকারী পরিবর্তন আসবে।

এদিকে, কমিটির সুপারিশ অনুযায়ী, মাসে ২০ হাজার টাকার কম পেনশনপ্রাপ্তদের পেনশন প্রায় ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে। যাদের মাসিক পেনশন ২০ থেকে ৪০ হাজার টাকার মধ্যে, তাদের ক্ষেত্রে প্রায় ৭৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব রয়েছে। আর ৪০ হাজার টাকার বেশি পেনশনপ্রাপ্তদের ক্ষেত্রে প্রায় ৫৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া প্রবীণ পেনশনভোগীদের জন্য চিকিৎসাভাতা বাড়ানোর প্রস্তাবও রাখা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, ৭৫ বছরের বেশি বয়সী পেনশনভোগীদের চিকিৎসাভাতা ১০ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে, যা বর্তমান ৮ হাজার টাকা। অপরদিকে, ৫৫ বছরের কম বয়সী পেনশনভোগীদের জন্য চিকিৎসাভাতা ৫ হাজার টাকা নির্ধারণের পরামর্শ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনার তদন্তে ৭ সদস্যের কমিটি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৭:২৬ পি.এম


দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনার তদন্তে ৭ সদস্যের কমিটি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে এসবি সুপার ডিলাক্স পরিবহনের একটি বাস দুর্ঘটনার ঘটনার তদন্তে জেলা প্রশাসন সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে।

শুক্রবার (৫ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিশিয়াল মুন্সিখানা শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন স্বাক্ষরিত আদেশের মাধ্যমে দুর্ঘটনার কারণ উদঘাটন, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের লক্ষ্যে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির আহ্বায়ক হিসেবে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে মনোনীত করা হয়েছে। সদস্যদের মধ্যে রয়েছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরিঘাটের সহকারী মহাব্যবস্থাপক, বিআরটিএর সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক এবং দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক। কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

অফিস আদেশে জানানো হয়েছে, কমিটি প্রয়োজনে অতিরিক্ত সদস্যকে কো-অপ্ট করতে সক্ষম। কমিটিকে ঘটনাস্থল পরিদর্শনসহ প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম সম্পন্ন করে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এছাড়া, জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় সংঘটিত মর্মান্তিক এই দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে দ্রুত তদন্ত কার্যক্রম পরিচালনা করা হবে।

এদিকে, অফিস আদেশের অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং সংশ্লিষ্ট প্রশাসনিক ও পরিবহন বিভাগের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%