ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গুলশানের বাসায় তারানা হালিমের সন্ধানে পুলিশের অভিযান


গুলশানের বাসায় তারানা হালিমের সন্ধানে পুলিশের অভিযান

রাজধানীর গুলশান-২ নম্বরে সাবেক সংসদ সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশ সদস্যদের উপস্থিতি নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে পুলিশ সেখানে উপস্থিত থাকলেও তারানা হালিমকে বাসায় পাওয়া যায়নি।

শনিবার (২১ নভেম্বর) বিকেল ৩টার পর গুলশান-২ এলাকার ওই ভবনে পুলিশ সদস্যরা প্রবেশ করেন। সন্ধ্যা ৭টা ৪০ মিনিট পর্যন্ত সেখানে পুলিশের কার্যক্রম অব্যাহত ছিল।

এ সময় ঘটনাস্থলে ১০ থেকে ১২ জন পুলিশ সদস্যের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদেরও দেখা যায়। বাসার সামনে একটি মালবাহী পিকআপ অবস্থান করছিল।

আরও পড়ুন: শাহজালালে সাড়ে ৭ কেজি স্বর্ণসহ ৩ জন আটক

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর জানান, "আমরা ওই বাসায় একটা ইনফরমেশন পেয়ে গিয়েছিলাম। তবে সেটা হয়নি। এটার সঙ্গে তারানা হালিমের কোনো বিষয় নেই।"

ভবনের নিরাপত্তাকর্মী শরিফ মিয়া জানান, বিকেল ৩টার পর পুলিশ সেখানে যায়। এ সময় বাসা থেকে কিছু মালপত্র নামানো হয়। তবে তারানা হালিম বাসায় ছিলেন না।

শরিফ মিয়া আরও বলেন, "স্যার তো নাই। স্যারের বাবা চারতলায় থাকেন। দুইজন নারী পুলিশ উপরে গিয়েছিলেন। কিছু বের করেননি। ভেতরে কেউ নাই। ড্রাইভার কিছু মালপত্র নামাইছিল।"

সন্ধ্যা পর্যন্ত ওই বাসায় পুলিশের উপস্থিতি নিয়ে এলাকায় কৌতূহল তৈরি হয়। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের সেখানে যাওয়ার সঙ্গে তারানা হালিমের কোনো সংশ্লিষ্টতা নেই।

আরও পড়ুন: ভারতের জন্য বোঝা হাসিনা: সারজিস আলম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লাকসামে আওয়ামী লীগ ও যুবলীগের ৩ নেতাসহ ৮ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২১ পি.এম


লাকসামে আওয়ামী লীগ ও যুবলীগের ৩ নেতাসহ ৮ জন গ্রেপ্তার

কুমিল্লার লাকসামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং যুবলীগের তিন নেতাসহ ৮ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। শুক্রবার (২০ নভেম্বর) রাতে লাকসাম পৌর শহর ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার বিকেলে থানার আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) রাত সোয়া ৯টায় লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন, যেখানে আওয়ামী লীগ এবং যুবলীগের তিন নেতাসহ ৮ জনকে আটক করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন- লাকসাম পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহসভাপতি লুৎফুর হাসান (৫৪), ৪ নম্বর ওয়ার্ডের যুবলীগের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন মানিক (৪৭) এবং কান্দিরপাড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা (২৯)।

লাকসাম থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত এই তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী ২০১৩) অনুযায়ী পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কুমিল্লার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এছাড়া, গ্রেপ্তার হওয়া অপর পাঁচজনকে বিভিন্ন মামলায় কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে। তাদের মধ্যে রয়েছেন- গোবিন্দপুরের হারুনুর রশিদের ছেলে আরমান (১৯), একই গ্রামের খোকন মিয়ার ছেলে খলিলুর (১৯), পৌর শহরের রাজঘাটের হাজী ওমর আলীর ছেলে আবদুল কাদের (২৮), এবং একই এলাকার আবদুল মালেকের ছেলে বিল্লাল হোসেন (৩১)।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী গ্রেপ্তারকৃতদের বিষয়ে আবারও নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ এবং যুবলীগের তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এছাড়াও, গ্রেপ্তারকৃত অপর পাঁচজনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে একইদিন কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে আদমশুমারির আড়ালে মুসলিমদের রাষ্ট্রহীন করার পরিকল্পনা!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২২ পি.এম


ভারতে আদমশুমারির আড়ালে মুসলিমদের রাষ্ট্রহীন করার পরিকল্পনা!

ভারতের ২০২৭ সালের আসন্ন আদমশুমারি এবং জনসংখ্যাগত পরিবর্তন সংক্রান্ত নবগঠিত একটি সরকারি কমিটি জাতিসংঘকে সতর্ক করেছে যে, এটি দেশব্যাপী জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) বাস্তবায়নের ভিত্তি তৈরি করতে পারে। 'সাউথ এশিয়া জাস্টিস ক্যাম্পেইন' (এসএজেসি) মানবাধিকার সংস্থাটি উদ্বেগ প্রকাশ করেছে যে, এর ফলে মুসলিম এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

গত ১৪ নভেম্বর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ে (ওএইচসিএইচআর) জমা দেওয়া এক প্রতিবেদনে নাগরিক সমাজের এই সংগঠনটি ওই সরকারি কমিটি এবং আদমশুমারির প্রস্তুতির প্রভাব খতিয়ে দেখার জন্য জাতিসংঘের 'স্পেশাল প্রসিডিউরস'-এর প্রতি আহ্বান জানিয়েছে।

সংস্থাটি সতর্ক করেছে যে, এই প্রক্রিয়াগুলোর সঙ্গে দেশব্যাপী ভোটার তালিকার 'বিশেষ নিবিড় সংশোধন' (এসআইআর) কার্যক্রমের যোগসূত্র রয়েছে, যা সম্মিলিতভাবে নাগরিকদের গোপনীয়তা, সমতা ও নাগরিকত্বের অধিকারকে ক্ষুণ্ণ করতে পারে। এটি সাম্প্রদায়িক মেরুকরণকে আরও গভীর করবে এবং মুসলিম ও সংখ্যালঘুদের বৈষম্য ও রাষ্ট্রহীনতার ঝুঁকিতে ফেলবে।

উদাহরণ হিসেবে আসামের কথা উল্লেখ করে সংস্থাটি জানায়, ২০১৯ সালের ৩১ আগস্ট প্রকাশিত আসামের চূড়ান্ত এনআরসি তালিকা থেকে প্রায় ১৯ লাখ মানুষ বাদ পড়েছিলেন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ভারতের মোট জনসংখ্যার ১৪ দশমিক ২ শতাংশ বা প্রায় ১৭ কোটি ২০ লাখ মানুষ মুসলিম।

বিভিন্ন প্রতিবেদনে দেখা যাচ্ছে, আসন্ন আদমশুমারির প্রশ্নপত্রে উত্তরদাতাদের বাবা-মায়ের নাম, জন্মস্থান ও ধর্মের পাশাপাশি মোবাইল নম্বর, ভোটার আইডি এবং আধার নম্বরের মতো ব্যক্তিগত তথ্য চাওয়া হচ্ছে।

সিপিআই(এম)-সহ সমালোচকদের মতে, এ ধরনের প্রশ্নাবলি আদমশুমারিকে এনআরসির পূর্বসূরিতে পরিণত করতে পারে। তবে এসএজেসির এই প্রতিবেদনের বিষয়ে ভারত সরকার এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি এবং জাতিসংঘও এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেবে কি না, তা স্পষ্ট করেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের ইরানের সঙ্গে স্থায়ী চুক্তির পরিকল্পনা, পারমাণবিক অস্ত্র ঠেকানোর ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২৩ পি.এম


ট্রাম্পের ইরানের সঙ্গে স্থায়ী চুক্তির পরিকল্পনা, পারমাণবিক অস্ত্র ঠেকানোর ঘোষণা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে একটি ‘স্থায়ী চুক্তি’ করার পরিকল্পনার কথা জানিয়েছেন, যা দেশটিকে যেকোনো মূল্যে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখবে।

শনিবার (২১ নভেম্বর) মার্কিন সম্প্রচারমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ বিষয়ে মন্তব্য করেন। তিনি উল্লেখ করেন যে, ভবিষ্যতে হোয়াইট হাউসে যে-ই আসুক, কোনো মার্কিন প্রেসিডেন্ট যেন তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ না দেয়—এমন একটি শক্ত ভিত্তির ওপর চুক্তিটি গড়ে তুলতে চান।

সাক্ষাৎকারের সময় ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনের প্রসঙ্গে ট্রাম্প বলেন, তেহরানে শাসকগোষ্ঠী পরিবর্তনে তার কখনোই খুব বেশি আগ্রহ ছিল না। তবে তিনি দাবি করেন, ইরানের শীর্ষ নেতৃত্বের ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলাগুলো দেশটির শাসনব্যবস্থায় একটি আমূল পরিবর্তন এনেছে।

মার্কিন প্রেসিডেন্ট ইরানের বর্তমান নেতৃত্ব সম্পর্কে মন্তব্য করে বলেন, আগের তুলনায় দেশটির নতুন নেতৃত্ব ‘অধিকতর যৌক্তিক’। তবে তিনি অভিযোগ করেন যে, তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া বেশ কঠিন, কারণ ইরান কোনো চুক্তি করার ‘পরদিনই’ তা ভঙ্গ করে ফেলে। সূত্র: ফক্স নিউজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় ইসরায়েলের নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানালো জিসিসি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২৩ পি.এম


গাজায় ইসরায়েলের নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানালো জিসিসি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)। সংস্থার মহাসচিব জাসেম মোহাম্মদ আলবুদাইউই এই হামলাকে ‘আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন’ হিসেবে চিহ্নিত করে অবিলম্বে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপের আহ্বান করেছেন।

শনিবার (২১ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে জিসিসি মহাসচিব উল্লেখ করেন, যুদ্ধবিরতি চুক্তি এবং আন্তর্জাতিক প্রচেষ্টার সত্ত্বেও গাজায় নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদার বাহিনীর নির্বিচার বোমাবর্ষণ ও হামলা অত্যন্ত বিপজ্জনক। তিনি বলেন, ইসরায়েলের এই একগুঁয়েমি অঞ্চলে উত্তেজনা প্রশমন ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টাকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে।

বিবৃতিতে আলবুদাইউই আরও সতর্ক করে দেন যে, ইসরায়েলের এই ধারাবাহিক আগ্রাসন মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা অর্জনের সম্ভাবনাকে গভীর হুমকির মুখে ঠেলে দিচ্ছে।

এছাড়া, তিনি ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের প্রতি জিসিসির দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। আন্তর্জাতিক বৈধতা সংক্রান্ত প্রস্তাব এবং আরব শান্তি উদ্যোগের আলোকে ১৯৬৭ সালের ৪ জুনের সীমানা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারের কথাও তুলে ধরেন জিসিসি মহাসচিব। সূত্র: কাতার নিউজ এজেন্সি (কিউএনএ)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%