১০:৩৯ পি.এম
বিদেশে আত্মগোপনে থাকা সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানান, যারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন এবং নাশকতার ইন্ধন দিচ্ছেন, তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে সিলেটের ওসমানীনগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, পলাতক ও আত্মগোপনে থাকা ব্যক্তিরা মানুষ হত্যা করে দেশ ছেড়ে পালিয়েছে। তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে এবং বিদেশে লুকিয়ে থাকলেও তাদের স্বস্তিতে থাকতে দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।
আরও পড়ুন: মুগদায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অফিসার্স কোয়ার্টারের সামনে ককটেল বিস্ফোরণ
ক্ষমতাসীন সরকারের বৈধতা ও সাফল্যের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দুই-তৃতীয়াংশ মানুষের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের ওপর জনগণের আস্থা রয়েছে। তিনি বলেন, এই সরকার কোনো দুর্বল বা অবৈধ সরকার নয়, বরং এটি একটি সাহসী সরকার। তারেক রহমানের নেতৃত্বে দেশের ভবিষ্যৎ উজ্জ্বল এবং দেশ এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের কূটনৈতিক ও অর্থনৈতিক অর্জনের কথা তুলে ধরে হুমায়ুন কবির জানান, দায়িত্ব নেওয়ার মাত্র আট মাসের মধ্যে জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির নির্বাচনে বাংলাদেশ জয়লাভ করেছে। তিনি আরও জানান, দেশে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, বিদেশি বিনিয়োগ আসছে এবং বিভিন্ন অঞ্চলের উন্নয়নে নিয়মিত বরাদ্দ দেওয়া হচ্ছে।
বিরোধীদের সমালোচনা করে তিনি বলেন, দেশের এই উন্নয়ন ও অগ্রগতি একটি ক্ষুদ্র গোষ্ঠীর সহ্য হচ্ছে না। তাই তারা পেট্রোল বোমা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। তিনি উল্লেখ করেন, "জয় বাংলা" স্লোগান এখন দেশব্যাপী পালিয়ে যাওয়ার স্লোগানে পরিণত হয়েছে; যারা এই স্লোগান দিচ্ছে, তারা নিজেরাই আতঙ্কিত হয়ে পালাচ্ছে।
বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আর পার পাওয়ার কোনো সুযোগ নেই জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে নিজ নিজ অঞ্চল নিরাপদ রাখার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
আরও পড়ুন: শাহজালালে ৬৪৩ ভরি সোনা উদ্ধার, গ্রেপ্তার ৩ চোরাকারী
সভায় উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় চার শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন