ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গাজায় ইসরায়েলের নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানালো জিসিসি


গাজায় ইসরায়েলের নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানালো জিসিসি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)। সংস্থার মহাসচিব জাসেম মোহাম্মদ আলবুদাইউই এই হামলাকে ‘আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন’ হিসেবে চিহ্নিত করে অবিলম্বে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপের আহ্বান করেছেন।

শনিবার (২১ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে জিসিসি মহাসচিব উল্লেখ করেন, যুদ্ধবিরতি চুক্তি এবং আন্তর্জাতিক প্রচেষ্টার সত্ত্বেও গাজায় নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদার বাহিনীর নির্বিচার বোমাবর্ষণ ও হামলা অত্যন্ত বিপজ্জনক। তিনি বলেন, ইসরায়েলের এই একগুঁয়েমি অঞ্চলে উত্তেজনা প্রশমন ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টাকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে।

বিবৃতিতে আলবুদাইউই আরও সতর্ক করে দেন যে, ইসরায়েলের এই ধারাবাহিক আগ্রাসন মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা অর্জনের সম্ভাবনাকে গভীর হুমকির মুখে ঠেলে দিচ্ছে।

আরও পড়ুন: মার্কিন কমিশন: ভারতের উত্থান ঠেকাতে পাকিস্তানকে সহায়তা করেছিল চীন

এছাড়া, তিনি ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের প্রতি জিসিসির দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। আন্তর্জাতিক বৈধতা সংক্রান্ত প্রস্তাব এবং আরব শান্তি উদ্যোগের আলোকে ১৯৬৭ সালের ৪ জুনের সীমানা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারের কথাও তুলে ধরেন জিসিসি মহাসচিব। সূত্র: কাতার নিউজ এজেন্সি (কিউএনএ)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিউবায় এক দশক আটক মার্কিন নাগরিক গোপনে মুক্তি পেলেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২৪ পি.এম


কিউবায় এক দশক আটক মার্কিন নাগরিক গোপনে মুক্তি পেলেন

এক মার্কিন নাগরিক, যিনি প্রায় এক দশক ধরে কিউবায় আটক ছিলেন, গোপনে মুক্তি পেয়েছেন। এই বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র সিএনএনকে এ তথ্য জানিয়েছেন। গত সেপ্টেম্বরে তাঁকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হয়েছে।

গুপ্তচরবৃত্তির অভিযোগে কিউবার কারাগারে আটক থাকা শিক্ষিকা আলিনা লোপেজ মিয়ারেসের মুক্তির খবরটি আগে কখনো প্রকাশিত হয়নি। ওয়াশিংটন ও হাভানার মধ্যে তীব্র উত্তেজনার মধ্যেই তাঁর মুক্তি ঘটেছে। মূলত ট্রাম্প প্রশাসন কিউবার সরকার পরিবর্তনে বাধ্য করতে দেশটির ওপর চাপ প্রয়োগের অভিযান আরো জোরদার করার প্রেক্ষাপটে এই ঘটনা ঘটেছে।

সূত্রগুলোর মতে, মার্কিন সরকারের একটি দল গোপনে হাভানায় উড়ে গিয়ে লোপেজকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনেন। একটি সূত্র এবং পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের তথ্যমতে, ৬৮ বছর বয়সী এই কিউবান-আমেরিকান শিক্ষিকার মুক্তি নিশ্চিত করতে মার্কিন সরকার কিউবাকে কোনো অর্থ বা বিনিময় দেয়নি। ২০১৭ সালে গুপ্তচরবৃত্তির অভিযোগে তাঁকে আটক করা হয়েছিল।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সিএনএনকে বলেন, ‘আমরা সেপ্টেম্বরে আলিনা লোপেজের যুক্তরাষ্ট্রে ফিরে আসাকে স্বাগত জানিয়েছি। তাঁর মুক্তির জন্য কোনো কিছুর বিনিময় করা হয়নি। তাঁর ব্যক্তিগত গোপনীয়তার প্রতি শ্রদ্ধা রেখে এই মুহূর্তে আমাদের আর কিছু বলার নেই।’

লোপেজের আইনি দলও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি এবং তাঁদের মক্কেলের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছেন।

লোপেজের জন্ম কিউবায় হলেও শৈশবেই তিনি দেশ ছেড়ে চলে আসেন। পরবর্তীতে তিনি মার্কিন নাগরিকত্ব লাভ করেন এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষিকা হিসেবে কাজ করতেন। মানবাধিকার কর্মীদের মতে, ২০১৭ সালে তাঁর সাবেক স্বামী; যাকে তাঁরা কিউবার গুপ্তচর বলে দাবি করেন; লোপেজকে প্রলুব্ধ করে কিউবায় নিয়ে যান এবং সেখানেই তাঁকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয় এবং একটি সামরিক আদালত তাঁকে ১৩ বছরের কারাদণ্ড দেন।

২০২২ সালে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের নির্বিচার আটক বিষয়ক ওয়ার্কিং গ্রুপ রায় দেয় যে, লোপেজকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে এবং তারা তাঁর অবিলম্বে মুক্তির আহ্বান জানায়।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা গত মার্চ মাসে সিএনএনকে জানিয়েছিলেন যে, ট্রাম্প প্রশাসন কিউবান কর্মকর্তাদের কাছে তাঁর বিষয়টি তুলে ধরেছে এবং মানবিক কারণে তাঁর মুক্তির পক্ষে ওকালতি করেছে। তবে কিউবান সরকারের কোন পর্যায়ে বিষয়টি তোলা হয়েছিল, তা স্পষ্ট নয়।

লোপেজের ছেলে মাইকেল পেরাল্টা গত মার্চে বলেছিলেন যে, তাঁর মা গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছেন এবং সম্ভবত তাঁর অস্ত্রোপচারের প্রয়োজন। তাঁর এই আটকাবস্থা পরিবারের ওপর ’প্রচণ্ড মানসিক ও আবেগিক চাপ’ সৃষ্টি করছিল। পেরাল্টা সে সময় সিএনএনকে আরো জানান, বন্দী থাকার কারণে লোপেজ তাঁর বাবা-মায়ের শেষকৃত্যেও অংশ নিতে পারেননি।

পেরাল্টা বলেন, ‘আমার নানি যখন বেঁচে ছিলেন, তখন কয়েক বছর ধরে একাই মাসে একবার আমার মায়ের সঙ্গে দেখা করতে যেতেন, তাঁর জন্য খাবার ও ওষুধ নিয়ে যেতেন। আমি নিশ্চিত যে প্রচণ্ড মানসিক চাপ ও যন্ত্রণার কারণে তাঁর স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটেছিল। আমার নানার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। মনে হচ্ছিল স্বাভাবিকের চেয়ে অনেক দ্রুতই তিনি বার্ধক্যে পৌঁছে গেছেন।’

তিনি আরো বলেছিলেন, ‘তিনি বাড়ি ফেরার জন্য মরিয়া হয়ে আছেন। তিনি প্রতিদিন শুধু প্রার্থনা করেন যেন খুব শিগগিরই ফ্লোরিডায় আমাদের কাছে, যুক্তরাষ্ট্রে ফিরে আসতে পারেন।’

সূত্রগুলো জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও লোপেজকে মুক্ত করার এই প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়েছিলেন। শীর্ষ মার্কিন কূটনীতিক হিসেবে রুবিও হাভানার কাস্ত্রো সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করার প্রশাসনিক অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। দ্বীপরাষ্ট্রটির ওপর মার্কিন নিষেধাজ্ঞা এবং তেল সরবরাহে অবরোধ কিউবার অর্থনীতিকে আরো পঙ্গু করে দিয়েছে এবং দেশটির আগে থেকেই নাজুক বিদ্যুৎ পরিস্থিতিকে আরো শোচনীয় করে তুলেছে, যার ফলে সেখানে কয়েক মাস ধরে টানা লোডশেডিং চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে যাচ্ছিল শিশু, মোটরসাইকেলের ধাক্কায় গেল প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২৪ পি.এম


শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে যাচ্ছিল শিশু, মোটরসাইকেলের ধাক্কায় গেল প্রাণ

নারায়ণগঞ্জের বন্দরে হাসপাতালে যাওয়ার সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় ৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে বন্দর উপজেলার ফরাজীকান্দা এলাকায় দেলোয়ার প্রধানের পেট্রল পাম্পের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিশুর নাম সাইফান। সে বন্দরের সোনাকান্দা এনায়েতনগর এলাকার ভাড়াটিয়া মোজাম্মেল হকের ছেলে। দুর্ঘটনার পরপরই উত্তেজিত জনতা মোটরসাইকেলসহ চালক ইয়াছিন আরাফাতকে আটক করে বন্দর থানা পুলিশের কাছে সোপর্দ করে।

শিশুর বাবা মোজাম্মেল হক জানান, সাইফান গত ১৫ দিন ধরে ঢাকার মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন ছিল। চিকিৎসা শেষে শুক্রবার হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। শনিবার দুপুরে হঠাৎ শিশুটির শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত রিকশাযোগে তাকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল।

ফরাজীকান্দার ওই পেট্রল পাম্প থেকে তেল নিয়ে বেপরোয়া গতিতে বের হওয়ার সময় মোটরসাইকেলটি তাদের রিকশায় সজোরে ধাক্কা দেয়। রিকশা থেকে ছিটকে পড়ে শিশু সাইফান গুরুতর আহত হয় এবং পরবর্তীতে বিকেলে তার মৃত্যু হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন জানান, এ ঘটনায় কোনো মামলা করতে আগ্রহী নয় শিশুটির পরিবার। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে শিশুটির মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০১১ থেকে আসাদ বাহিনীর হাতে ২৩ হাজারের বেশি সিরীয় শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২৫ পি.এম


২০১১ থেকে আসাদ বাহিনীর হাতে ২৩ হাজারের বেশি সিরীয় শিশুর মৃত্যু

বিপ্লবের সময়কালীন আসাদ সরকারের বাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলোর হাতে সিরীয় শিশুরা যে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছে, তার মধ্যে বিচারবহির্ভূত হত্যা, নির্বিচার গ্রেপ্তার, গুম এবং স্কুল ও চিকিৎসাকেন্দ্রে হামলার ঘটনা অন্তর্ভুক্ত রয়েছে। মানবাধিকার ও আইন বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন, এসব ঘটনার ফলে যে গভীর মানবিক ও আইনি সংকট তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে সত্য উদ্ঘাটন, জবাবদিহি নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্তদের পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ দেওয়া অপরিহার্য।

বিশ্ব শিশু দিবস উপলক্ষে ২০ নভেম্বর বিশেষজ্ঞরা সংঘাতপূর্ণ অঞ্চলে শিশুদের অধিকার সুরক্ষার ওপর গুরুত্বারোপ করেছেন। তারা সিরীয় শিশুদের ওপর চালানো পরিকল্পিত নির্যাতনের দায়মোচন এবং আন্তর্জাতিক সনদ অনুযায়ী তাদের জীবন, নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও আইনি পরিচয়ের অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটসের (এসএনএইচআর) নির্বাহী পরিচালক ফাদেল আব্দুল গনি সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ২০১১ সালের মার্চ থেকে ক্ষমতাচ্যুত সরকারের পরিকল্পিত দমন-পীড়নের সবচেয়ে বড় শিকার হয়েছে সিরিয়ার শিশুরা। তিনি নথিপত্র সংরক্ষণের গণ্ডি পেরিয়ে স্বাধীন ফৌজদারি তদন্ত শুরু এবং ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

আব্দুল গনি জানান, এসএনএইচআরের নথিপত্র অনুযায়ী ক্ষমতাচ্যুত সরকারের বাহিনীর হাতে ২৩ হাজার ১৪৬ জন শিশু বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছে। বন্দিশালায় নির্যাতনে মারা গেছে আরও ২২২ জন শিশু। তিনি উল্লেখ করেন, এগুলো কেবল যাচাইকৃত ঘটনার সর্বনিম্ন হিসাব।

শুক্রবার এসএনএইচআরের প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, সাবেক সরকারের নিরাপত্তা সংস্থাগুলো ৩ হাজার ৭৩৬ জন শিশুকে গ্রেপ্তার ও গুম করেছিল, যাদের কোনো খোঁজ এখনো মেলেনি। আব্দুল গনি বলেন, ভুক্তভোগীদের ভাগ্য বা অবস্থান অজানা থাকা পর্যন্ত গুম একটি চলমান অপরাধ হিসেবেই গণ্য হয়, যা তাদের পরিবারের দীর্ঘস্থায়ী যন্ত্রণাকে আরও বাড়িয়ে দিচ্ছে।

সংস্থাটি ২০১১ সালের মার্চ থেকে এখন পর্যন্ত স্কুল ও কিন্ডারগার্টেনে প্রায় ১ হাজার ২৮৭টি এবং চিকিৎসাকেন্দ্রে অন্তত ৫৬৬টি হামলার তথ্য নথিভুক্ত করেছে। আব্দুল গনি বলেন, ‘এসব হামলায় শত শত শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যকেন্দ্র ধ্বংস হয়েছে এবং একটি পুরো প্রজন্ম নিরাপদ শিক্ষা ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়েছে।’

আইনি পরিচয় নিয়ে সংকট

আব্দুল গনি আরও জানান, সাবেক সরকারের প্রতিষ্ঠানগুলো অনেক শিশুকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে থাকা আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করেছিল, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই। এসব শিশুর প্রকৃত পরিচয় শনাক্ত করে স্বজনদের কাছে ফিরিয়ে দিতে স্বাধীন তদন্তের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

তিনি বলেন, মা-বাবার নিখোঁজ হয়ে যাওয়া এবং নাগরিক নথিপত্র হারিয়ে যাওয়ায় শিশুদের বংশপরিচয় প্রমাণ ও জন্মনিবন্ধন করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নথিপত্র হারিয়ে গেলে সরাসরি রাষ্ট্রহীনতা তৈরি না হলেও মৌলিক অধিকারগুলো পাওয়ার ক্ষেত্রে তা মারাত্মক বাধা সৃষ্টি করে।

সাক্ষ্য, নথিপত্র ও দৃশ্যমান প্রমাণের ভিত্তিতে গড়ে তোলা মানবাধিকার ডেটাবেজগুলো কেবল নির্যাতনের দলিল হিসেবেই নয়, বরং অপরাধীদের শনাক্ত করতে এবং অপরাধের পূর্ণ চিত্র পুনর্গঠন করতে অত্যন্ত জরুরি বলে মনে করেন তিনি। সাবেক সরকারের জব্দ করা নিরাপত্তা, সামরিক, বিচারিক ও বেসামরিক নথিপত্র হাতে আসায় এসব ডেটাবেজের গুরুত্ব আরও বেড়েছে। এর মাধ্যমে নিখোঁজ শিশুদের ভাগ্যে কী ঘটেছে তা জানা এবং তাদের আটকের জন্য দায়ীদের চিহ্নিত করা সম্ভব হতে পারে।

আব্দুল গনি বলেন, এসব নথিপত্র সংরক্ষণ, বন্দিশালার রেকর্ডে প্রবেশাধিকার সহজ করা এবং সিরীয় বিচার বিভাগ, জাতিসংঘের স্বাধীন তদন্ত সংস্থা (আইআইআইএম) ও মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করাকে অগ্রাধিকার দিতে হবে। এর মাধ্যমে ভুক্তভোগীদের শারীরিক ও মানসিক পুনর্বাসন, নাগরিক নথিপত্র পুনরুদ্ধার, শিক্ষায় ফিরিয়ে আনা এবং আর্থিক ক্ষতিপূরণসহ একটি পূর্ণাঙ্গ পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।

যুদ্ধাপরাধ ও জবাবদিহি

অন্যদিকে, সেন্ট্রাল বার অ্যাসোসিয়েশনের স্বাধীনতা ও মানবাধিকার কমিটির সদস্য রিহাদা আব্দুশ বলেন, সিরীয় শিশুদের ওপর চালানো পরিকল্পিত নির্যাতন আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইনের চরম লঙ্ঘন। এটি যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য হতে পারে।

তিনি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক আইনে এ ধরনের অপরাধের বিচারের ক্ষেত্রে কোনো সময়সীমা (স্ট্যাটিউট অব লিমিটেশনস) প্রযোজ্য নয়। তাই সিরিয়ার নিজস্ব আদালত এবং আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমান্তরালভাবে জবাবদিহি নিশ্চিত করতে হবে।

আব্দুশ বলেন, ‘এসব কর্মকাণ্ড ১৯৮৯ সালের শিশু অধিকার সনদ ও এর ঐচ্ছিক প্রটোকল এবং ১৯৪৯ সালের চারটি জেনেভা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন, যেখানে শিশুদের বিশেষ সুরক্ষা দেওয়া হয়েছে এবং বেসামরিক স্থাপনা—বিশেষ করে স্কুলে হামলা নিষিদ্ধ করা হয়েছে।’

তিনি আরও জানান, আইনি দৃষ্টিতে গুম একটি চলমান অপরাধ, ফলে ভুক্তভোগীর পরিণতি সম্পর্কে নিশ্চিত না হওয়া পর্যন্ত এর বিচারের সময়সীমা শুরু হয় না।

আব্দুশ উল্লেখ করেন, সিরিয়ার নিজস্ব আইনেও এ ধরনের অপরাধ দণ্ডনীয়। এর মধ্যে ২০২১ সালের ২১ নম্বর শিশু অধিকার আইন অন্যতম, যেখানে সশস্ত্র সংঘাতে শিশুদের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে এবং শিশু পাচার রোধ ও পাচার হওয়া শিশুদের ভুক্তভোগী হিসেবে বিবেচনা করে পুনর্বাসনের বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। এ ছাড়া সিরিয়ার দণ্ডবিধি, মানব পাচারবিরোধী ২০১০ সালের ৩ নম্বর ডিক্রি এবং অঙ্গ প্রতিস্থাপন সংক্রান্ত ২০০৩ সালের ৩০ নম্বর আইনে শিশু বা মানব অঙ্গ পাচারের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির বিধান রয়েছে।

আব্দুশের মতে, এই আইনি দায়বদ্ধতা কেবল ব্যক্তিবিশেষের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং যেসব সংস্থা, সংগঠন, এতিমখানা ও সেবামূলক প্রতিষ্ঠান তাদের আইনি ও নৈতিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, তাদের ওপরও বর্তায়। তিনি বলেন, সরকারি নথিপত্রকে মূল প্রমাণ হিসেবে ব্যবহার করে সিরিয়ার আদালতে বিচারের পাশাপাশি সর্বজনীন এখতিয়ারের (ইউনিভার্সাল জুরিসডিকশন) আওতায় বিদেশের আদালতে মামলা পরিচালনার মাধ্যমে ব্যক্তিগত ও শীর্ষ নেতৃত্বের (কমান্ড রেসপনসিবিলিটি) দায় নিশ্চিত করা সম্ভব।

জাতীয় আইনকে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার আহ্বান জানিয়ে আব্দুশ বলেন, যেসব ভুয়া নথির মাধ্যমে শিশুদের পরিচয় মুছে ফেলা হয়েছে কিংবা তাদের বংশপরিচয় ও সরকারি নথিপত্র থেকে বঞ্চিত করা হয়েছে, তা বাতিলের জন্য জরুরি আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নিতে হবে। এর মাধ্যমে ভুক্তভোগীদের সত্য জানা, ন্যায়বিচার পাওয়া এবং ক্ষতিপূরণের অধিকার সুরক্ষিত হবে।

উল্লেখ্য, ১৯৫৪ সালে প্রতিষ্ঠার পর থেকে ইউনিসেফের সহযোগিতায় প্রতি বছর ২০ নভেম্বর বিশ্ব শিশু দিবস পালিত হয়ে আসছে। বিশ্বব্যাপী শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, আন্তর্জাতিক সংহতি জোরদার এবং শিশু কল্যাণ এগিয়ে নেওয়াই এ দিবসের মূল লক্ষ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবনায় বিএনপি-আ. লীগের সংঘর্ষ, দিনভর থমথমে পরিস্থিতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২৬ পি.এম


পাবনায় বিএনপি-আ. লীগের সংঘর্ষ, দিনভর থমথমে পরিস্থিতি

পাবনার বেড়া উপজেলায় বিএনপি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যা দিনভর চলতে থাকে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সংঘর্ষের তীব্রতা কিছুটা কমলেও, এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন যে, যেকোনো সময় আবারও সংঘর্ষ ছড়িয়ে পড়তে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শনিবার দুপুর থেকে উপজেলার বৃশালিখা, স্যানালপাড়া ও সওদাগরপাড়া এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে, তবে আহতদের নাম-পরিচয় ও সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি।

সংঘর্ষ চলাকালে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া, ট্যাটা, বল্লম ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় পুলিশের দিকেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার জানান, বর্তমানে সংঘর্ষের তীব্রতা কিছুটা কমেছে। সংঘর্ষের খবর পেলেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা থামানোর চেষ্টা করছে। আহতদের সংখ্যা এখনো জানা যায়নি।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বেড়া মডেল থানার সামনে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়ায় তারা ছত্রভঙ্গ হয়ে যান। এর কিছুক্ষণ পর বৃশালিখা এলাকায় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়ির সামনে থাকা খড়ের পালায় আগুন দেওয়া হয়। এরপর দুই পক্ষের সমর্থকদের অন্তত পাঁচ থেকে সাতটি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এসব ঘটনার প্রেক্ষিতে এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত দুই দিন ধরে বেড়া পৌর এলাকার পায়না, বৃশালিখা, সওদাগরপাড়া ও হাতিগাড়াসহ কয়েকটি মহল্লায় উত্তেজনা চলছিল। এ সময় উভয় পক্ষের বিক্ষোভ মিছিল ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

সভা শেষে বেড়া মডেল থানার ওসি নয়ন কুমার সরকার হাতিগাড়া এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণে গেলে বিএনপি সমর্থিত উত্তেজিত জনতা পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় সংঘর্ষের ভিডিও ধারণ ও সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সংবাদকর্মী লাঞ্ছিত হন এবং তার ক্যামেরাও ভাঙচুর করা হয়।

পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ কাজ করছে এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%